দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
দুদিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী। তবে বিমানবন্দরে নামার পরপরই তিনি অসুস্থ বোধ করেন।
আজ (শনিবার) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।
তিনি বলেন, আজ সকালে দুদিনের সফরে লালমনিরহাটে আসার জন্য সৈয়দপুর বিমানবন্দরে নামেন মন্ত্রী। সেখানেই তিনি অসুস্থবোধ করায় তাকে দ্রুত পুনরায় ঢাকায় পাঠানো হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নির্ধারিত সফরে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নামার পর মুহূর্তেই তিনি শারীরিক অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন। সেখানে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও চিকিৎসকদের পরামর্শে কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আবারও ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা পৌঁছানোর পর তাকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সম্পন্ন হবে।
মন্ত্রীর আকস্মিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নিজ নির্বাচনি এলাকা লালমনিরহাটসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়। তার দ্রুত আরোগ্য কামনায় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।