কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলমান অস্থিরতার মধ্যে আগামী রবিবার (২১ জুলাই) অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি, সোমবারের (২২ জুলাই) নন-ক্যাডার পদের ব্যাবহারিক ও লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (২১ জুলাই) অনুষ্ঠিতব্য ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, জাতীয় সংসদ সচিবালয়ের ‘কম্পিউটার প্রোগ্রামার (ওয়েব ডেভেলপমেন্ট/কনটেন্ট/সিকিউরিটি ম্যানেজমেন্ট/ডেটাবেজ প্রোগ্রামিং/ডেটাবেজ এডমিন)’ (৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যাবহারিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।
সেইসঙ্গে সোমবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) ‘প্রশিক্ষক’ (৯ম গ্রেড), ‘গবেষণা সহযোগী’ (৯ম গ্রেড) ও ‘হোম ইকোনমিস্ট’ (৯ম গ্রেড) পদের পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসব পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে পিএসসি।
আরও পড়ুন: আরও ৩ দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত