তৈরি পোশাক খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থগিত হওয়ার বিষয়টি ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী সোমবার সকালে বিজয় নগরে শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, শিগগিরই সভার একটি নতুন তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে শ্রমিকদের পক্ষ থেকে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়। সেদিন মালিকপক্ষ থেকে কোনো প্রস্তাব না করায় ৪ দিন সময় দেওয়া হয়েছিল।