আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি এসব প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সরকারি ক্রয় কার্যক্রমে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।
একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে।
বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে বলেও অভিযোগ করেন হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জনগণ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
এ ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আসা প্রকাশ করেন স্পিকার।
সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিজম যেভাবে বিতাড়িত করতে পেরেছি, এসডিজিও তেমনিভাবে অর্জন করতে পারব।’
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শুধু বাজেট বরাদ্দ এবং সরকারি ব্যয়ের পরিমাণ পর্যবেক্ষণ করলেই হবে না; বরং বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।
এ ক্ষেত্রে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত দেন তিনি।
চিফ হুইপ বলেন, সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক ঋণের সুদ মওকুফ, কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজির অভীষ্ট অর্জনে কার্যকর ভূমিকা রাখাই এসব উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ।
জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।