পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু তালেব মণ্ডলসহ দুই পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডল দেড় শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সাহাপুর ইউনিয়নের রহিমপুর বটতলা থেকে চরগড়গড়ি আলহাজ মোড়ের দিকে যাচ্ছিলেন। যগির মোড় এলাকায় জামায়াতের মিছিল পৌঁছালে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা আমাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, আমাদের ওপর গুলিবর্ষণ করেছে। আমার গাড়িসহ আমাদের শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে। অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর পাবনা জেনারেল হাসপাতাল ও চারজনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ১৫ টি মটর সাইকেল পুড়িয়ে দিয়ে। ৩০ টা নিয়ে গেছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা-৪ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জামাতের লোকজন আমার নেতা কর্মীর উপর হামলা করেছে। আমাদের লোকজন প্রতিহত করার সময় আমাদের ১৫/২০ জন আহত হয়েছে। জামায়াত আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। মন্ডল নিজেই হামলার লিড দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুর বলেন, উপায় গ্রুপের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের ৪-৫ জন আহত হয়েছে, এর বেশি কিছু না। এর বাইরে আর কোন কথা বলতে অস্বীকৃতি জানান ওসি।