রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মঈন খানের ব্যক্তিগত সহকারী বাহাউদ্দিন মিল্টন শনিবার (৩১ অক্টোবর) ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
মিল্টন বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে ড. মঈনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
তিনি আরও জানান, মন্ত্রীকে দেখতে হাসপাতালে ভিড় না করার জন্য চিকিৎসকরা অনুরোধ জানিয়েছেন।
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান।
বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল দলের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।