সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরের ছুরিরকাঘাতে আরেক কিশোর খুন হয়েছে। তারা দুজন একে অপরের বন্ধু ছিল।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক কিশোর পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদকে (১৫) ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। নিহতের পিতার নাম কয়েছ আহমদ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটি জোরালো এবং একদম হৃদযন্ত্রের কাছাকাছি গিয়ে লাগে। ফলে ঘটনাস্থলেই ছেলেটির মৃত্যু হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে।