কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান।
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সোনাপুর এলাকায় এ অভিযান চালায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
অধিনায়ক এজাজ জানান, আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল এদিন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশের ভেতরে সোনাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৮ লাখ ৮৭ হাজার টাকা।
জব্দ করা শাড়িগুলো বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।