খুলনা নগরীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর ফুলবাড়ি রেল স্টেশনে দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছেন খুলনার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রায়হান।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) ও খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়াম ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের ধাক্কায় তার বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে সকাল ৯টার দিকে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছালে তিনি রূপসা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। এতে তার পা ও মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলেই মারা যান।
এসআই রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত দুজনের দেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।