গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চৌমাথায় জামায়াত-বিএনপির সমাবেশ আহ্বান করায় উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলাশবাড়ীতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
মঙ্গলবার (৩০ জুন) পলাশবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, উপজেলার বরিশাল ইউনিয়নকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী দুই রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থান নিয়ে চৌমাথা মোড়ে সমাবেশ আহ্বান করে। এ কারণে পলাশবাড়ী চৌমাথা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কায় জননিরাপত্তা নিশ্চিত করতে আজ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা থেকে চারদিকে ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।
এ সময় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, স্লোগান, শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং লাঠি, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার জুনদাহ বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম রেজা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিলনের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় উভয়পক্ষের মোট চারজন আহত হন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সম্ভাব্য সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।