চাঁপাইনবাবগঞ্জে ভটভটি খাদে পড়ে বাবা, ছেলেসহ তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে জেলার চৌডালা-কানসাট সড়কের পুসকুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল ঝাবুবাজার এলাকার শরিফুল ইসলাম ও তার বাবা আইসুদ্দিন এবং শিবনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল হামিদ।
পুলিশ জানায়, তারা নাচোলের সোনাইচণ্ডী গরুর হাট থেকে গরু বিক্রি করে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুসকুনি এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান আইসুদ্দিন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শরিফুল ইসলাম ও আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত। অন্যদিকে আহত আটজনের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ নিহতদের দেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।