চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলার অ্যাকাডেমি মোড়ে সোনারতরী এক্সপ্রেস বাসে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় জালাল মালিথার হাতে থাকা ব্যাগ থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন। জব্দ করা মাদকদ্রব্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন আদালত।