সড়কে তিন চাকার যান ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশালের চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা, সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে।
এই টার্মিনাল থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই মোটরসাইকেল ও রিকশায় অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতে তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। কয়েক দিন পরপর বাস ধর্মঘটের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জে যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে যেতে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে।
আমেনা খাতুন নামের আরেক যাত্রী বলেন, গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তাকে বাড়তি ভাড়া গুনতে হবে।
এর আগে রবিবার চরকাউয়া বাস টার্মিনালের বাস, তিন চাকার যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানান বাসমালিক ও শ্রমিকরা।
তাদের অভিযোগ, তিন চাকার যানের কারণে বাস দুর্ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অটোরিকশা। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। দ্রুত সড়ক থেকে তিন চাকার যান সরিয়ে নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে বিক্ষুব্ধ তিন চাকার যান ও অটোরিকশার চালকরা জানান, তারা নিয়ম মেনেই ছোট যান চালাচ্ছেন। কিন্তু বাসচালকরা ইচ্ছা করে কয়েক দিন পরপর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছেন।
চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানান, সোমবার সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও তিন চাকার যান ও অটোরিকশার চালকরা চলাচলে বাধা সৃষ্টি করছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।