নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নাজিরপুর আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীরা জানান, সকাল ৯টার দিকে আঞ্চলিক সড়কের জোলারকান্দি এলাকায় ইটবাহী ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই আফছার আলী (৭০) নামে একজন নিহত হন। আহত অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে হায়দার আলী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়। উভয়ের বাড়ি গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।