ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ ফারুক হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের মূল্য অন্তত ১ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৫ আগস্ট) ভোরে দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন খবরের পাচারকারীর অবস্থান জানতে পেরে বিজিবির একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে ফারুক হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ করা স্বর্ণের ওজন ৫২৯ দশমিক ৬৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকা।
স্বর্ণের চালানটি ফারুক ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের জন্য বেনাপোল সীমান্তে নিয়ে যাচ্ছিলেন বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দরগাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।