মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হলে তার ভিসা ও পাসপোর্ট নম্বর যাচাই-বাছাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০০৭৮৭৭৬৫ এবং ভিসা নম্বর ভিএন৩৫৯২৪০৬। ভিসাটি ‘মেডিকেল ভিসা’ হিসেবে উল্লেখ রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা একটি মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় গত ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন তিনি। আজ হঠাৎ করে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাকে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।