ময়মনসিংহের গৌরীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের পাশে থাকা এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে একটি ইউনিট দ্রুত আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুনে ঝলমল সিনেমা হল ও সংলগ্ন একটি এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেটরের দোকান, পুরাতন কাপড়ের দোকানসহ ১৫ থেকে ২০টি প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।
উল্লেখ্য, ঝলমল সিনেমা হলটি মূলত গৌরীপুরের একটি জমিদার বাড়ি। শতবর্ষী এই ঐতিহাসিক স্থাপনায় সিনেমা হলটি পরিচালিত হয়ে আসছিল।