ময়মনসিংহের সদর উপজেলায় অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) রাত ১২টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রাজিব ইসলামকে (২৫)। তিনি নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া ছাইতান কান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে একটি ছিনতাইকারী চক্র শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিবের অটোরিকশা ভাড়া করে। পথিমধ্যে তারা চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়-সংলগ্ন নির্জন স্থানে পৌঁছালে চালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে।
এ সময় তাদের পেছনে আসা অন্য একটি অটোরিকশার চালক ও যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা রাজিবকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে রাতেই সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি শিবিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাই করতেই চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অটোরিকশাটি ছিনতাইকারীরা নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।