ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছেলের মারধরের শিকার হয়ে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত মিনারা বেগম (৬৫) ঈশ্বরগঞ্জ পৌরশহরের কাকনহাটি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে আহত মিনারা বেগমকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত কামরুল ইসলাম (৪০) ও তার স্ত্রী নিলুফা বেগম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মেয়ে শাহানারা বেগম জানান, জমি নিয়ে তাদের পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই মাকে মারধর করতেন।
তিনি আরও বলেন, সোমবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে কামরুল মাকে মারধর করে ঘরের দরজা বন্ধ করে তাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি মামাকে জানান।
পরে মামা এসে তাদের উদ্ধার করেন এবং মিনারাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভোর ৫টার দিকে মিনারার অবস্থার অবনতি হয়। তাকে আবারও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, নিহতের দেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।