রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারী ও এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মিঠাপুকুর থেকে আমিনুল ইসলাম আকাশ (১৬) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুর জামান মন্নুর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার ৪ নম্বর ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে আকাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রাস্তার পাশ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
অন্যদিকে কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে।
নিহত তাহমিনা খাতুন হারাগাছের ফাতাংটারী এলাকার সর্দারপাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহমিনা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার খোঁজে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়েছিল।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, ওই নারীর পরিবারের সন্ধান পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ায় মরদেহ হস্তান্তর করা হবে।