বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আজ (বুধবার) রাজধানীর আসাদগেট-সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা।
আজ বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবু হেনা রাসেল সর্বশেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।