সিরাজগঞ্জের কাজিপুরে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।
শনিবার বিকালে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে থানায় ডিউটি করার সময় এএসআই আব্দুর রাজ্জাক বুকে ব্যথা অনুভব করেন। তিনি অসুস্থতার কথা জানালে সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
আব্দুর রাজ্জাক কাজিপুর থানায় সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন বলে জানান ওসি মো. শহিদুল ইসলাম।