সিলেটে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৫৪টি শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুই শিশুর একজন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপর শিশু হবিগঞ্জের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৪টি শিশু। একই সময়ে বর্তমানে সবচেয়ে বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। সেখানে ১৬৪ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা আক্রান্ত রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত হামের উপসর্গে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে।