জাতীয় চিড়িয়াখানা
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় চিড়িয়াখানায় প্রবেশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণিচিকিৎসা কেন্দ্র ও ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন। প্রথমে প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের খাবারের মান ও পরিমাণ যাচাই করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাদ্য, স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিচর্যার বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল চিড়িয়াখানার পরিবেশ, ব্যবস্থাপনা ও কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না তা সরেজমিনে দেখা। এ সময় তিনি দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার বিষয়ে জানতে চান।
সরেজমিনে দেখা যায়, রাজধানী ও আশপাশের জেলা থেকে আসা হাজারো দর্শনার্থীর ভিড়ে চিড়িয়াখানা ছিল মুখর। প্রবেশদ্বার থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী এলাকায় ছিল উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন ও শিশুদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বেদখল হওয়া চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশনা দেন। একইসঙ্গে পাবলিক টয়লেট বৃদ্ধি, দর্শনার্থীদের বসার স্থান সম্প্রসারণ, রাস্তাঘাট মেরামত, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং পশুপাখির সংখ্যা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি বলেন, বর্তমান বাজেটের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করতে হবে।
আকস্মিক পরিদর্শন সম্পর্কে সালাউদ্দিন টুকু বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের অব্যবস্থাপনা রয়েছে কি না তা দেখতেই তিনি হঠাৎ করে এসেছেন। তিনি বলেন, কাউকে না জানিয়ে এখানে এসেছি, যাতে প্রকৃত অবস্থা বোঝা যায়। পরিচ্ছন্নতা, বসার ব্যবস্থা ও দর্শনার্থীদের সুবিধা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন কিছু প্রাণী আনার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, প্রাণীদের খাদ্য সরবরাহ সন্তোষজনক হলেও দর্শনার্থীরা আরও উন্নত পরিবেশ প্রত্যাশা করেন। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চিড়িয়াখানাকে আরও সংগঠিতভাবে পরিচালনা করতে হবে, এটি একটি সম্ভাবনাময় প্রকল্প। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এটিকে লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
এ সময় প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার, চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১০ দিন আগে
জাতীয় চিড়িয়াখানা আরও আধুনিকায়ন হবে: উপদেষ্টা
অগ্রাধিকার ভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে; তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
বুধবার (২৯ জানুয়ারি) মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: চট্টগ্রাম চিড়িয়াখানায় এলো ‘জলপরি’
চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানার নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ. বি. এম. সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।
৪৩২ দিন আগে
করোনাভাইরাস: জাতীয় চিড়িয়াখানা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ
পুরো বিশ্বে তাণ্ডব চালিয়ে যাওয়া করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ঢাকার জাতীয় চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে।
২২০৮ দিন আগে