ফুলবাড়ী
সীমান্তে মাদকের বিষাক্ত নিশ্বাস: ফুলবাড়ীতে বাড়ছে অপরাধ ও আত্মহত্যার প্রবণতা
উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি। মরণনেশার এই করাল গ্রাসে বিপথগামী হচ্ছে তরুণ ও যুবসমাজ, বাদ যাচ্ছে না স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও। মাদকাসক্তির জেরে চুরি, ছিনতাইসহ পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক অপরাধ। ফলে চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের।
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক সহজলভ্য হয়ে পড়ায় তরুণদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হচ্ছে না। এই অবস্থায় মাদকবিরোধী কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা।
নেশার বলি চন্দন: একটি পরিবারের স্বপ্নভঙ্গ
সম্প্রতি ফুলবাড়ীর কুরুষাফেরুষা গ্রামের বাসিন্দা চন্দন কুমার রবিদাসের (৩৫) আত্মহত্যার ঘটনা পুরো উপজেলাকে নাড়িয়ে দিয়েছে। পেশায় স্বর্ণকার চন্দন এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। বালারহাট বাজারে তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজের জুয়েলারি দোকান। কিন্তু মাদকাসক্তি তার সাজানো সংসার তছনছ করে দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপার্জনের সিংহভাগই তিনি ব্যয় করতেন নেশার পেছনে। পরিবারের শত চেষ্টাতেও তাকে ফেরানো সম্ভব হয়নি। নেশার ঘোরে প্রায়ই স্ত্রী-সন্তান ও বাবা-মায়ের সঙ্গে অশান্তি লেগে থাকত। গত ৮ মে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
চন্দনের বাবা দ্বীনেশ কুমার রবিদাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মাদক আমার ছেলেকে শেষ করে দিল। কয়েকবার চিকিৎসা করিয়েও তাকে ফেরাতে পারিনি। এখন তার ছোট ছোট সন্তানদের আহাজারি সইতে পারছি না। আর কোনো বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়!’
বালারহাট বাজারের ব্যবসায়ী কিশোর কুমার ভট্টাচার্য বলেন, ‘চন্দন অত্যন্ত ভদ্র ও হাসিখুশি মানুষ ছিল। তার আত্মহত্যা আমরা কেউ মেনে নিতে পারছি না। মাদক তাকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে।’
আড়ালে থাকা অন্য ট্র্যাজেডি
চন্দনের মৃত্যুর দিনই উপজেলার নাওডাঙ্গা এলাকায় এক বিধবা নারী আত্মহত্যা করেন। স্থানীয়দের দাবি, একমাত্র ছেলের মাদকাসক্তি ও তাকে সুপথে ফেরাতে ব্যর্থ হয়ে চরম হতাশায় তিনি আত্মহননের পথ বেছে নেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নাওডাঙ্গা ইউনিয়নসহ পুরো উপজেলার বহু তরুণ বর্তমানে বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন। দরিদ্র কৃষিনির্ভর পরিবারগুলো ভিটেমাটি বিক্রি করেও সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।
গোরকমন্ডল এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ‘মাদক এখন পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার ছোট ভাইও মাদকাসক্ত হয়ে পড়েছে। তাকে রংপুরের একটি নিরাময় কেন্দ্রে চিকিৎসা দিতে প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। একজন কৃষকের পক্ষে এটা বহন করা খুব কঠিন।’
নাওডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা আব্দুল মজিদ মানিক বলেন, ‘আমার নিজের ছেলেও একসময় মাদকে জড়িয়ে পড়েছিল। তাকে বাঁচাতে দুই দফায় নিরাময় কেন্দ্রে রাখতে হয়েছে। এমনকি, একপর্যায়ে পুলিশের হাতেও তুলে দিতে বাধ্য হয়েছি।’ সমাজের সবাই একসঙ্গে কাজ না করলে মাদক ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেন এই পিতা।
কর্তৃপক্ষের বক্তব্য ও সামাজিক উদ্বেগ
নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকের বিস্তার এখন ভয়াবহ। অনেক শিক্ষার্থীও এর সঙ্গে জড়িয়ে পড়ছে। আমরা সচেতনতামূলক কাজ করছি, তবে সামাজিক প্রতিরোধ ছাড়া এটি নির্মূল করা কঠিন।’
তিনি আরও বলেন, ‘মাদকাসক্তির কারণে অনেক তরুণ চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এটি শুধু ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. হাছেন আলী মনে করেন, পরিবারের উদাসীনতাও এর জন্য দায়ী। তিনি বলেন, ‘বাড়ির ছেলে হঠাৎ দামী খাবার বা জিনিস নিয়ে এলে পরিবার আনন্দিত হয়, কিন্তু সেই টাকা কোথা থেকে আসছে তা খোঁজ নেয় না। এই অসচেতনতাই বিপদ ডেকে আনছে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় মাদকের প্রভাব বেশি। বিশেষ করে বালারহাট এলাকায় একটি স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবারকে আরও সচেতন হতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে।’
স্থানীয় সচেতন মহলের আশঙ্কা, এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে ফুলবাড়ীর ভবিষ্যৎ প্রজন্ম এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।
২৪ দিন আগে
ফুলবাড়ীতে মরা গরু জবাই, কসাইকে পুলিশে দিল স্থানীয়রা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাম্পি রোগে আক্রান্ত মরা গরু অজ্ঞাত স্থানে জবাই করে পঁচা মাংস বস্তায় ভরে দোকানে নিয়ে আসার সময় এক কসাইকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
শুক্রবার(১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এঘটনা ঘটে। জনতার হাতে আটক কসাইয়ের নাম শাহানুর রহমান (৪২)। তিনি শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের জোবেদ আলীর ছেলে।
এদিকে শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা ভেটেরেনারী সার্জন ডা. মওদুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ওই কসাইয়ের দোকান থেকে পঁচা ও দুর্গন্ধ যুক্ত মাংসগুলো উদ্ধার করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
ওই এলাকার মানিক, মর্তুজা, দেলোয়ার হোসেন, মহব্বত আলী জানান, কসাই শাহানুর অনেকদিন থেকে রোগাক্রান্ত, মরা, বাশিপঁচা মাংস বিক্রি করে আসছে। কিন্তু তাকে কোনোদিনও হাতেনাতে ধরতে পারিনি। গত শুক্রবার রাত ১১টার দিকে শাহানুর কসাইয়ের সহযোগী বাজারের মধ্যদিয়ে অটোরিকশা যোগে বস্তায় ভরে মাংস নিয়ে যাওয়ার সময় আমাদের সন্দেহ হয়। আমরা অটোরিকশাকে থামতে বললে কসাইয়ের সহযোগী দৌড়ে পালিয়ে যায়। আমরা বস্তা খুলে পঁচা দুর্গন্ধযুক্ত মাংস দেখতে পাই। পরে শাহানুর কসাই নিজে এসে এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায় এবং মাংস গুলো পুঁতে রাখার প্রস্তাব দেয়। কিন্তু উত্তেজিত জনতা তাতে রাজি না হয়ে তাকে আটক করে উপযুক্ত শাস্তির দাবিতে রাত আড়াইটার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসলে আটক কসাইকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় জনতা।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম জানান, জনতার হাতে আটক কসাই শাহানুর থানায় আটক থাকার কথা স্বীকার করেন। বলেন, আটক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে তিনিই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, উপজেলায় প্রায় চল্লিশ জন কসাই লাইসেন্স ছাড়াই মাংস বিক্রি করে আসছে। ভবিষ্যতে মাংস বিক্রির জন্য পশু জবাই করতে হলে লাইসেন্স নিতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যাতে যত্রতত্র পশু জবাই করে মাংস বিক্রি করতে না পারে সেজন্য তদারকি বৃদ্ধি করা হবে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, ঘটনাটি গভীররাতে ঘটেছে। ওই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব ছিল না। ওই মাংস বিক্রেতাকে লাইসেন্স ছাড়া আর মাংস বিক্রি করতে দেওয়া হবে না। আর ভবিষ্যতে কখনও যেন অসুস্থ, রোগাক্রান্ত বা মরা পশুর মাংস বিক্রি না করে সে রকম মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।
৩২৫ দিন আগে
ফুলবাড়ীতে সংস্কার হচ্ছে না সড়ক, ভোগান্তিতে মানুষ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালারহাটের আদর্শ মোড় থেকে তিনকোণা পর্যন্ত সাড়ে ৩০০ মিটারের সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। ওই সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়কটি এখন মানুষের চলাচলের অযোগ্য।
সরেজমিনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। সড়কের পিচ ও ইটের খোয়া উঠে গিয়ে ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে কাদাযুক্ত বৃষ্টির পানি মাড়িয়ে লোকজন ব্যবসা প্রতিষ্ঠানে চলাচল করছেন। ওই সড়কে যানবাহন চলাচলের সময় পানির ছিটা পথচারীর শরীরে যাচ্ছে।
সড়কের দুই পাশে স্থাপনা থাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই পানি জমে থাকে। এ পানি শুকাতে বেশ কয়েকদিন সময় লাগে।
স্থানীয় বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, বালারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাফল্য কিন্ডারগার্টেন, আশা ও গ্রামীণ ব্যাংক ও গজেরকুটি ও বালাতাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালারহাট বিজিবি ক্যাম্প এই সড়ক দিয়েই যেতে হয় এবং ওই সড়কের পাশেই নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
আরও পড়ুন: পরিবেশ মন্ত্রণালয়ের মোবাইল কোর্ট, ৪৫০০০ টাকা জরিমানা আদায়
প্রতিদিন চার থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে চলাচল করেন সড়কটি দিয়ে। স্কুল-কলেজ যাতায়াতের সময় সড়কের কাদাপানি ছিটকে পোশাক-পরিচ্ছদে পড়ে নষ্ট হওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। সব সময় অভিভাবকরা থাকছেন চরম দুশ্চিন্তায়। মোটরসাইকেল, অটোভ্যান, অটোরিক্সা, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন প্রায়শই ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে।
অন্য দিকে বালারহাট বাজারের পশ্চিম দিকে নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, নাওডাঙ্গা ভূমি অফিস ও বালারহাট কেন্দ্রীয় জামে মসজিদ, গরু ও সুপারি পট্টী, বালারহাট ডিএস দাখিল মাদরাসা যাওয়ার মূল সড়কটির অবস্থা খুবই করুণ। দীর্ঘদিন থেকে সংস্কার না করা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানিতে পরিণত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারও পথচারী।
বালারহাট বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা, পিটন পাল, আবু তারেক ও রফিকুল ইসলামের সাথে কথা হলে তারা জানান, ‘বালারহাটর সপ্তাহে শনিবার ও মঙ্গরবার হাট বসে। বালারহাটে পশ্চিমে অযোগ্য সড়কের পাশেই বসে গরু, ছাগল ও সুপারির হাট৷ কাপড়-চোপড়।’
‘অন্য দিকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাঠে ধান, আসবাবপত্র, হাঁস-মুরগি ও সাইকেলসহ সব ধরনের জিনিস এই বাজারে বেচাকেনা হয়। দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই বাজারে। এই বাজার থেকে সরকার প্রতিবছর লাখ লাখ টাকা রাজস্ব পায়। অথচ সামান্য ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই পাকা সড়কে পানি জমে থাকছে। চেয়ারম্যান, মেম্বররা এই সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করেন। কিন্তু তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না,’ বলেন তারা।
আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শুভশ্রী রায়, তানজিলা আক্তার ও নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হিয়ামনি জানান, ‘প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজে যেতে হয়। বিকল্প সড়ক না হওয়ায় বাধ্য হয়ে কাদাযুক্ত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছি। বৃষ্টির সময়তো একদমই চলাচলের অনুপযোগী থাকে। এমনকি বর্ষা ছাড়াও শুষ্ক মৌসুমেও ঝুঁকিপূর্ণ থাকে।’
৪০৪ দিন আগে
ফুলবাড়ীতে দুবাই প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুবাই প্রবাসী মাসুদ রানা নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
সোমবার (৪ মার্চ) নিজ বাড়ির উঠানের আমগাছে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ঝুলানো অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মাসুদের বাড়িতে বিয়ের আমেজ চলছিল। রবিবার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়িতে রেখে ফেরেন মাসুদ।
সোমবার সকালে বাড়ির কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে তার মা, স্ত্রী ও শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজন বাড়িতে চলে আসে। এদিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে সোমবার বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। নিহতের স্বজনের পরামর্শ অনুযায়ী পুলিশ লাশ নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) নাজমুস সাকিব সজিব জানান, ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: পল্লবীতে নারীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
নিখোঁজের ২ দিন পর নবম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার
৮২০ দিন আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষে নিহত ২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৯ ডিসেম্বর) ঘটনা দুইটি উপজেলার মধ্য কাশিপুর ও চর-মেখলি এলাকায় ঘটে।
এর মধ্যে একজন শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার মধ্যকাশিপুর বাজারে দোকানের ভাড়ার টাকা চাইতে গিয়ে এবং অন্যজন আবাদি জমির উপর দিয়ে ট্রলি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে মারা যান।
আরও পড়ুন: মাগুরায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২
নিহত দুইজন হলেন- উপজেলার মধ্য কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি এলাকার সাদ্দামের মা সমস্ত ভান।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্য কাশিপুর এলাকার রফিক তার ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের কাছে টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে সুলতানের লোকজন তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে রফিক মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অপর দিকে বেলা ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি এলাকার সাদ্দাম হোসেন নিজের জমিতে ভূট্টা চাষ করেন। একই এলাকার হাসান জমির উপর দিয়ে ট্রলি নিয়ে যান।
এতে সাদ্দাম বাধা দিলে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সাদ্দামের মা সমস্ত ভান ঘটনাস্থলে এলে তাকেও কিল-ঘুষি মারতে থাকেন হাসান।
এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে সমস্ত ভান মারা যান।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-সহকারী নিহত
নড়াইলে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন আহত
৯০৬ দিন আগে
দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় কাভার্ডভ্যানের চালকসহ ২ জন এবং চিরিরবন্দরের ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) পৃথক স্থানে নিহত হয়েছেন তারা।
দুর্ঘটনায় নিহত কাভার্ডভ্যানের চালক নায়েব আলী (৪৫) ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর বাঙালি পাড়ার ফয়েজ উল্লাহ'র ছেলে। একই সঙ্গে নিহত আরোহী শফিউল জামান (২৮) একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলায় বিজিবির ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন ডাঙ্গাপাড়ায় ঢাকামুখী একটি দ্রুত গতির পিকআপ কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
আরও পড়ুন: দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর নিহত
তিনি আরও বলেন, এতে কাভার্ডভ্যানের চালক এবং আরোহী দুর্ঘটনাস্হলে নিহত হয়েছেন। দ্রুত গতির পিকআপটি একই দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।
এদিকে আজ সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরের চিরিরবন্দরের রেলস্টেশনের কাছে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন বৃদ্ধ নিহত হয়েছেন।
রেলওয়ে থানার উপপরিদর্শক জহির রায়হান বলেন, ১০৩ বছর বয়সী নিহত জেহার উদ্দিন রেললাইন সংলগ্ন বাজারপাড়ার মৃত নেজাম আলীর ছেলে। তিনি কানে শুনতে পান না। রেললাইন পার সময় দুর্ঘটনার শিকার হয়েছেন ওই বৃদ্ধ।
আরও পড়ুন: দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
৯৩৬ দিন আগে
ফুলবাড়ীতে আম পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ উঠে আম পাড়ার সময় তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্র নিহত হয়েছে।
বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে।
নিহত শাহী তানভির (১৫) ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদিঘী ইউনিয়নের ছিটকড়াই তিলবাড়ী গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে। সে ফুলবাড়ী গ্রীনল্যান্ড মডেল স্কুলের দশম শ্রেণির আবাসিক ছাত্র ছিল।
স্থানীয় জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিল তানভির। নিজেদের আম গাছ থেকে আম পাড়ার সময় বৈদ্যুতিক তারে তার মাথা স্পর্শ করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
এ সময় ছিটকে পড়ে যায় সে। মুমূর্ষু অবস্থায় তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফুলবাড়ী থানার ইনচার্জ আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে অপমৃত্যুর মামলা রেকর্ডসহ লাশের সুরতহাল করেছেন তারা।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আহত ১
কিশোরগঞ্জে ‘অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে’ গ্যারেজ মালিকের মৃত্যু
১০৬৩ দিন আগে
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫
দিনাজপুরের ফুলবাড়ীতে দুইটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নারী আরোহী নিহত হয়েছেন।
এক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় একটি দূর পাল্লার কোচ, ট্রাকসহ আরও পাঁচটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্ট যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
শনিবার ভোরে ফুলবাড়ী উপজেলায় পৃথক দুর্ঘটনা ঘটে।
পৃথক দুর্ঘটনায় দুইজন গুরুতরসহ পাঁচজন আহত হয়েছে।
রাস্তা নির্মাণে ত্রুটিসহ অতিরিক্ত বিটুমিনাস ব্যবহারে কারণে বৃষ্টির পানিতে ভিজে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ ফুলবাড়ী থানা পুলিশের।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, ফুলবাড়ীর রাঙ্গামাটিতে বিজিবির ২৯ ব্যাটালিয়নের সদর দপ্তরের রাস্তার পূর্বপাশে ভোর সাড়ে ৫টার দিকে প্রথমে দুইটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষে রহিমা বেগম (৩৬) নামে একজন নারী আরোহী নিহত হয়।
খবর পেয়ে ফুলবাড়ীর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করে। ওই দুর্ঘটনার ঘন্টা খানেকের মধ্যে একই এলাকায় একটি দূর পাল্লার কোচ এবং ট্রাকসহ পাঁচটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
সম্প্রতি রাস্তাটি নির্মাণের সময় কিছু স্থানে অতিমাত্রায় বিটুমিনাস দেওয়ায় বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও রাস্তার ওই অংশে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।
এদিকে ত্রুটিপূর্ণ রাস্তার কারণে একের পর এক দুর্ঘটনার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয়রা।
পুনরায় মেরামতের আশ্বাসের পর অবরোধ তুলে নেন তারা।
আরও পড়ুন: কুর্মিটোলায় সড়ক দুর্ঘটনায় ভাই ও বোনের মৃত্যু
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
১০৬৮ দিন আগে
ফুলবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরচাপায় চালক নিহত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুভর্তি ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একরামুল হক (৩৬) উপজেলা সদর ইউনিয়নের কবির মামুদ গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,সকাল ১১ টার দিকে মোহনা পরিবহন নামের একটি বালুভর্তি ট্রাক্টর চালিয়ে একরামুল হক আছিয়ার বাজার এলাকায় গেলে ট্রাক্টরের চাকা ফেটে যায়। এ সময় কি হয়েছে তা দেখার জন্য তিনি ট্রাক্টরের নিচে ঢুকলে বালুভর্তি গাড়িটি ভেঙ্গে তার মাথার উপর পড়ে। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুন: নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
১০৯২ দিন আগে
কুড়িগ্রামে গঙ্গাপূজা ও দশহরা মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেড়শো’ বছরের পুরনো ঐতিহ্যবাহী গঙ্গাপূজা ও দশহরা মেলা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে শতশত পূণ্যার্থীর ঢল নেমেছিল। প্রখর রোদকে উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা মেলায় আসেন।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনীরাম ও শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ তীরে এ মেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দেড়শো বছর আগে মেলার নামে মৃত শরৎ চন্দ্র রায় এক একর জমি দান করেন। শুরুতে নিজস্ব জমিতে পূজা ও মেলা অনুষ্ঠিত হতো। পরে ধরলা নদীর ভাঙ্গন ও গতিপথ বারবার পরিবর্তন হওয়ায় বিক্ষিপ্তভাবে উপজেলার দুই স্থানে প্রতিবছরই গঙ্গাপূজা ও দশহরা মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় এসে ধরলা নদীতে স্নান অনুষ্ঠানের পাশাপাশি ছিল- দা, বটি, কাঠারি ও সব ধরনের হাতিয়ারসহ গৃহকর্মে ব্যবহৃত জিনিসপত্র। এছাড়াও উড়ুন, গাইন, লাঙ্গল, জোয়াল, ঝাপি, ডালি, কুলা, ডুলি, ঝাড়ু, হাতপাখাসহ সস্তায় কৃষি কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও মৃৎপাত্রের বিভিন্ন বাহারি তৈজষপত্র, বর্ষার বিভিন্ন ফল, বড়মাছের শুঁটকিসহ বিভিন্ন জাতের বড় মাছ, বাতাসা, মুড়ি, মিষ্টি-জিলাপি, বেলুনসহ শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী।
মেলায় আগত পুরোহিত বিপ্লব চক্রবর্তী বলেন, প্রতি বছর মহা দশমীতে এখানে গঙ্গা স্নান সেরে পূণ্যার্থীরা পাপ মুক্ত হন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ৩ দিনব্যাপী শিবচতুর্দশী মেলা শুরু আজ
১০৯৯ দিন আগে