সাবেক এমপি
ময়মনসিংহের পাঁচবারের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের আওয়ামী লীগ নেতা ও দলটি থেকে পাঁচবার সংসদ সদস্য হওয়া অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মোসলেম উদ্দিনকে জাপান- বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, ঢাকার ধানমণ্ডির তাকওয়া মসজিদে বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আগামীকাল (রবিবার) সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, বিকেল ৫টায় আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইলের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এই নেতা।
২ দিন আগে
ভারত থেকে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে আনা হয়েছে।
রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বেনাপোল চেকপোস্টে পৌঁছায়। সেখান থেকে তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের বাড়ির পথে রওনা হন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদম বিমানবন্দরের কাছে ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জোয়াহেরুল ইসলাম। মারা যাওয়ার এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্ট রাখা হয় তাকে।
২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক ক্ষমতার বদল হওয়ার পর থেকে জোয়াহেরুলকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এরই মধ্যে দেশে নিষিদ্ধ হয় আওয়ামী লীগের কার্যক্রম। হত্যা, গুমসহ সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়, যাদের অনেকে ভারতে পালিয়ে আছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান তিনি। তিনি কলকাতার নিউটাউনে বসবাস করছিলেন। তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে রয়েছেন। সম্প্রতি তার এক মেয়েও নিউটাউনের বাসায় যান।
গেল শুক্রবার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ এবং হৃদপিণ্ডের ক্রিয়া নিষ্ক্রিয় হয়ে জোয়াহেরুলের মৃত্যু হয় বলে ফিনিক্স মেডিকেলের চিকিৎসকরা জানান।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জোয়াহেরুল ইসলামের মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
৬৪ দিন আগে
আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৭
রাজধানীতে সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ মে) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন, সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান মতি, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআর আই) পরিচালক ও শেখ হাসিনার সহকারী প্রেসসচিব আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম (৪০), নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার (৫৫) ও দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার, আশরাফ সিদ্দিকী ওরফে বিটু, দারুসসালাম এলাকা থেকে দুপুর ৩টা ৫০ মিনিটে ইমরান মতিকে গ্রেফতার করা হয়েছে। সাভারের কুমকুমারি বাজার এলাকা থেকে ৫টা ৫ মিনিটে রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রাত পৌনে ১২টায় মোশারফ হোসেন সরকারকে, বাড্ডা থানার ১৮ নং সেক্টর থেকে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
৩৫৮ দিন আগে
বিএনপি ছেড়ে চরমোনাই পীরের দলে যোগ দিলেন সাবেক এমপি
বিএনপি ছেড়ে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।মঙ্গলবার (৬ মে) বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবারে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের হাত ধরে এ দলে যোগ দেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে. এম. শরীয়াতুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। যোগদানকালে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে চরমোনাই দরবারে হাজির হয়েছিলেন বলে জানা যায়।
আরো পড়ুন: ইসলামি দলগুলোর ঐক্য চান জামায়াত আমির ও চরমোনাই পীর
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে অল্পদিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন মোস্তাফিজুর রহমান। তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।
তবে, বর্তমান কমিটিতে তাকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়েছে। স্থানীয় বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ায় মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
৩৬৩ দিন আগে
সাবেক এমপি কাজী কেরামতের ২ দিনের রিমান্ড মঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একইসঙ্গে একই ধরনের অভিযোগে আরেকটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর আমলী আদালতের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. তামজিদ আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক (সদর কোর্ট) মো. জসীম উদ্দিন বলেন, ‘২০২৪ সালের ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র রাজিব মোল্লা বাদী হয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীসহ ১৭০ জনকে আসামি করা হয়। একইসঙ্গে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: শাজাহান-পলক-আতিকসহ ৬ জনের রিমান্ড মঞ্জুর
এই মামলার দুই নম্বর আসামি হিসেবে কাজী কেরামত আলীকে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করে। পরদিন ৭ এপ্রিল দুপুরে তাকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন জানান। আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি জেলা কারাগারে রয়েছেন।
রাজবাড়ী সদর থানায় দায়ের করা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল হোসেন।
মিকাইল বলেন, ‘ওই মামলায় রিমান্ড শুনানির জন্য পূর্ব নির্ধারিত তারিখ আজ ২৮ এপ্রিল নির্ধারণ করা ছিল। দুপুর পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলী আদালতে তোলার পর সাতদিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে দুপুর সোয়া ১২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য রাজবাড়ী পুলিশ সুপারের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় রাজবাড়ী সদর থানায় শিক্ষার্থী জিসান খানের মামলায় কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার। শুনানি শেষে আদালত কাজী কেরামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
৩৭১ দিন আগে
ধানমণ্ডি থেকে গ্রেপ্তার সাবেক এমপি জাফর আলম
কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগে উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার সময় ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
২০১৮ সালে আওয়ামী লীগের টিকিটে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাফর আলম। বিভিন্ন অনিয়ম, অবৈধ সম্পদ অর্জন এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আরও পড়ুন: রাজধানীতে ঝটিকা মিছিল প্রতিরোধে ডিবির অভিযান, সাত দিনে গ্রেপ্তার ৫৬
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়নি। স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
তার বিরুদ্ধে সরকারি বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের বিস্তর অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৩ সালের ১৫ আগস্ট জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজায় গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনাও প্রতিপক্ষের মুখে মুখে।
৩৭২ দিন আগে
গুলশান থেকে সাবেক এমপি মনু গ্রেপ্তার
ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করেছে ডিবি। আজ বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ফতুল্লায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মী আটক
কাজী মনিরুল ইসলাম মনু ২০১৬ সাল থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি। ২০০৩ সালে তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৭৭ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ৩৩ নম্বর ওয়ার্ড ১ বার ও ৮৭ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
২০২০ সালের ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেলে শূন্য আসনে একই বছরের ১৭ অক্টোবর উপ-নির্বাচন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
৩৭৮ দিন আগে
গাংনীর সাবেক এমপি ও সাবেক মেয়রসহ ২০০ আ.লীগ নেতার নামে মামলা
মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনকে প্রধান আসামি করে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজানুল হক ইমন এ মামলা করেন। ইমন গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মামলায় সাবেক মো. সাহিদুজ্জামান খোকন এমপিকে প্রধান আসামি করে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলীকে দ্বিতীয় আসামি করে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ১ ও ২ নম্বর আসামিরা গাংনী থানা এলাকার অনলাইন জুয়াড়ীদের আশ্রয়-প্রশ্রয়দাতা। এছাড়া স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা ও অর্থায়নকারী হিসেবে পরিচিত।
তাদের নির্দেশনায় ও অর্থায়নে অন্য আসামিরা খুন, চাঁদাবাজি, লুটপাট, জমি, বিল দখল ও জুয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িত। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই অবস্থায় বসবাস করছিলেন।
আরও পড়ুন: হবিগঞ্জে হত্যা মামলায় ১৬ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
এছাড়া ২০১৮ সালের ২০ ডিসেম্বর ১ থেকে ৩ নম্বর আসামির নির্দেশে ৩৬ থেকে ৪০ নম্বর আসামিরা বিএনপির গাংনী উপজেলা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন।
এতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে এজাহারে দাবি করা হয়েছে।
মামলার বিষয়ে অ্যাডভোকেট (আইনজীবী) সেলিম রেজা গাজী বলেন, ‘দ্রুত বিচার আদালত মামলাটি গ্রহণ করে গাংনী থানাকে নথিভুক্তের (এফআইআর) নির্দেশ দিয়েছেন।’
৩৮৯ দিন আগে
সাবেক এমপি ফজলকে জিজ্ঞাসাবাদ ও ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিনের (১৬ এপ্রিল) জিজ্ঞাসাবাদ এবং যুবলীগ কর্মী মো. ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার (৮ এপ্রিল) এই আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ৯ জন শহীদ এবং ৪৫৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ মামলায় আরও অনেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। সবাইকে চিহ্নিত করার তৎপরতা চলমান আছে।‘
‘সে কারণে আদালত আরও তিন মাসের সময় দিয়েছেন এবং আগামী ৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
আরও পড়ুন: জামিন মেলেনি আওয়ামী লীগ নেতা মহীউদ্দিনের, কারাগারে প্রেরণ
তিন পুলিশ সদস্যকে হাজিরের নির্দেশ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আরও তিন পুলিশ সদস্যকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা হলেন— ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।
ট্রাইব্যুনালকে তাজুল ইসলাম বলেন, ‘এই তিন আসামি অন্য মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার আছেন।’
৩৯১ দিন আগে
আ.লীগের সাবেক এমপি নাসিম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৯ মার্চ) দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে ফেনীর বিশেষ জজ আদালতে মামলাদুটি করেছেন বলে নিশ্চিত করেন ওই কার্যালয়ের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. ইদ্রিস।
অভিযুক্ত নাসিম ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একসময়ের প্রটোকল কর্মকর্তা ছিলেন। তার স্ত্রী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক।
মামলায় নাসিমের বিরুদ্ধে ৭৪ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৭৫৭ টাকা এবং তার স্ত্রী ডা. জাহানারা আরজুর বিরুদ্ধে ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
আদালত পরিদর্শক মো. ইদ্রিস বলেন, ‘দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ ও সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে মামলা দুটি করেছেন।’
মামলা সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ১৯৮৬ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেন। ২৩ বছর পর ২০০৯ সালে যুগ্ম সচিবের পদ থেকে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। গত বছর ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্যও নির্বাচিত হন নাসিম।
তিনি ফেনী, চট্টগ্রাম, পিরোজপুর, কক্সবাজার, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মোট ১২৬টি দলিলের মাধ্যমে পাঁচটি ফ্ল্যাট ও দুটি প্লটসহ মোট ৩৯ কোটি ৮ লাখ ৪৪ হাজার ৬০৫ টাকার স্থাবর সম্পত্তি ক্রয় করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া তার নামে ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১০৮ টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে বলে মামলা সূত্রে জানা যায়।
আরও পড়ুন: অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন বাবর
এ ছাড়াও, ১৫টি কোম্পানিতে ৩৪ কোটি ৬২ লাখ ৩৯ হাজার ৯৫৪ টাকার শেয়ারসহ তার নামে ঢাকা-চট্টগ্রামে ২৭ লাখ ৩৩ হাজার ৪৬ টাকায় ১০টি ক্লাবের সদস্যসহ স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ৮৪ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ৭১৩ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। পারিবারিক ব্যয়সহ এ হিসাবের পরিমাণ ১০২ কোটি ৩৮ লাখ ৭ হাজার ৪৯১ টাকা।
অন্যদিকে, তার স্ত্রী ডা. জাহানারা আরজুর নামে ফ্ল্যাট, প্লট ও জমিসহ মোট ১২ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় দুদক আইনসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
৪১০ দিন আগে