হকার
মিরপুরে সংঘর্ষে কয়েকজন আহত, ডিএনসিসির গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০-এ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীদের মধ্যে সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে সকাল ১০টার দিকে হোপ মার্কেটের সামনের ফুটপাতে এ সংঘর্ষ হয়।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির এক কর্মকর্তা ইউএনবিকে জানান, সংঘর্ষের সময় ডিএনসিসির দুটি ময়লার ট্রাকে আগুন দেওয়া হয় এবং তিনটি বুলডোজার ভাঙচুর করা হয়।
এ ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
হকাররা দাবি করেন, ডিএনসিসির কর্মীরা ফুটপাতের দোকান সরাতে শুরু করলে প্রথমে একটি বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে ক্ষুব্ধ হকাররা উচ্ছেদ অভিযানে জড়িতদের লক্ষ্য করে লাঠি ও ইট ছুড়তে থাকেন। পরে ডিএনসিসির দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও হামলার শিকার হয়েছেন। যমুনা টেলিভিশনের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এছাড়া সময় টিভির একজন প্রতিবেদক ও একজন ক্যামেরাপারসনকে মারধর করা হয়েছে।
সমকালের ফটোসাংবাদিক মাহবুব হোসেন নবীনও কয়েকজন হকারের হামলায় আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের কারণে মিরপুর-১০ এলাকার সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ডিএমপির মিরপুর বিভাগের উপ-কমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
৫ দিন আগে
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।
গত ৫ মে যানজট নিরসন এবং ফুটপাতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সরকার ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ প্রণয়ন ও জারি করে।
স্থানীয় সরকার বিভাগ প্রণীত এ নীতিমালার মূল লক্ষ্য হিসেবে হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলা হয়। নীতিমালায় ঢাকার ফুটপাতে হকারদের ব্যবসা পরিচালনার জন্য সুনির্দিষ্ট স্থান ও ফুটপাত বরাদ্দের নিয়ম নির্ধারণ করা হয়।
১৩৯ দিন আগে
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন।
তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও উৎসাহের সঙ্গে ব্যবসা করতে পারবেন।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ কয়েকটি এলাকার সড়ক থেকে কয়েক শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের বিকল্প জায়গার ব্যবস্থা করে দেবে সরকার। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে হকারদের পরিচয়পত্র দেওয়া হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়।
স্কুল-কলেজে ক্লাস শুরু ও শেষের সময় সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ও ডিআইজি (ট্রাফিক) আনিছুর রহমান।
১৬৩ দিন আগে
চাঁদা না পেয়ে হকারকে ‘অপহরণ’, যুবদল নেতা গ্রেপ্তার
সিলেটে যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে গ্রেপ্তার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনার পর দল থেকে বহিষ্কার হয়েছেন গ্রেপ্তার মাধব।
রবিবার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রাম থেকে জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
জয়দীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘জয়দীপের নেতৃত্বে গত শুক্রবার নগরীর জেলা পরিষদের সামনের ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করে কয়েকজন জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করে। এছাড়া আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে ও কিল, ঘুষি, লাথি মেরে জখম করে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়।’
‘এ ঘটনায় গতকাল (শনিবার) জয়দীপকে প্রধান আসামি করে ৭-৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ করেন। এরপর শান্তিগঞ্জ উপজেলার দেবকুনা গ্রামে অভিযান চালিয়ে জয়দীপকে গ্রেপ্তার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।
এ দিকে, জয়দীপের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় দুজন হকারকে তুলে নেওয়ার অভিযোগ এনে শুক্রবার রাত ৯টা থেকে জিন্দাবাজার সড়ক অবরোধ করেন শতাধিক হকার। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলেও বিষয়টির সুরাহা হয়নি, উল্টো পুলিশকে ধাওয়া দেন হকাররা। পরে পুলিশ সদস্যরা ওই এলাকা ছেড়ে যান।
হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদল নেতা মাধব তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় ওই ব্যক্তি শুক্রবার দুজন হকারকে উঠিয়ে নিয়ে যান।
আরও পড়ুন: আদালত চত্বরে সাবেক পিপি-জিপিসহ আ.লীগ নেতাদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
পরে সেদিন রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। সে সময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।
এরপর মধ্যরাতে অভিযুক্ত সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপকে দল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হলো।
৫৮২ দিন আগে
চট্টগ্রামে হকার উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের দাবি হকারদের
চট্টগ্রামের নিউমার্কেট, স্টেশন রোড, ফলমণ্ডি এলাকার সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট ভেঙে দিয়ে হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে সড়ক ও ফুটপাতে হকারদের বাঁশ, চৌকি, খাট, টেবিলসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
এদিকে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫ থেকে ৬ হাজার হকারের রুটি রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সবসময় ছিল। বেকারত্ব নিবারণে হকাররা ফুটপাতে শৃঙ্খলার সঙ্গে ব্যবসা করছিল।’
তিনি আরও বলেন, ‘মেয়র বলেছিলেন, হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করবেন না। আজ কথা রাখা হয়নি। রমজান আসছে, এ সময় এটা করা হলো। এটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। আমরা তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে হকারদের সঙ্গে বসে পুনর্বাসনের দাবি জানাই।’
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান চলেছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করেছেন। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম জানান, অবৈধভাবে দোকানপাট, অননুমোদিত স্থাপনা গড়ে পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। তাই অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
৯৭০ দিন আগে
মানিকগঞ্জে পত্রিকার এজেন্ট ও হকারদের সহায়তা
মানিকগঞ্জে পত্রিকার এজেন্ট ও হকারদের আর্থিক ও খাদ্য সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
২৩৬২ দিন আগে