বিষাক্ত মদ্যপান
রংপুরে বিষাক্ত মদ্যপান: চলে গেলেন বাকি দুজনও
রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ্যপানে বাকি দুজনও মারা গেছেন। এর ফলে এ ঘটনায় অসুস্থ হয়ে একে একে পাঁজনেরই মৃত্যু হলো।
বুধবার (৩ জুন) রাতে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দুলা মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়। বালারহাট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত মদ্যপান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) ওই রাতেই নিজ বাড়িতে মারা যান। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় বাকিদের মৃত্যু হয়।
গত সোমবার (১ জুন) হাসপাতালে বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫) ও সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়ার (৫৫) মৃত্যু হয়। এরপর মঙ্গলবার (২ জুন) সকালে মারা যান বুজরুক ঝালাই গ্রামের পাকারমাথা এলাকার এরশাদ আলী (৪০)। আর সবশেষ গতকাল (বুধবার) রাতে মৃত্যু হয় দুলা মিয়ার।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু জাফর বলেন, বিষাক্ত মদপানে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত চলমান রয়েছে। প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর থেকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে এলাকায় লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে সাবধান করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
যশোরে বিষাক্ত মদ্যপানে ২ জনের মৃত্যু
যশোরে বিষাক্ত মদ্যপানে রবিবার সকালে দুজনের মৃত্যু হয়েছে।
২২৩০ দিন আগে