জয়পুরহাট
জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেশী আলম মন্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল জেলার আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর মাদরাসা থেকে বাড়ি ফিরে কাপড় পরিবর্তন করছিল ১৩ বছর বয়সী ওই কিশোরী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী আলম। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান ধর্ষক। পরে গুরুতর অবস্থায় ওই কিশোরীকে জয়পুরহাটের তৎকালীন আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই বছরের ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন ।
আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ শুনানিতে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ (সোমবার) এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফিরোজ আলী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।
এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফিরোজ আলী সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’
৩ দিন আগে
জয়পুরহাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় নিহত ২
জয়পুরহাটে যাত্রীবাহী একটি অটোরিকশায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ নারী যাত্রী। এ ঘটনায় ট্রাকটির চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জয়পুরহাটের সদর উপজেলার জয়পুরহাট-হিলি আঞ্চলিক সড়কের বনখুর ওয়াপদা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—জেলার পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কাদেরপাড়া মহল্লার অটোরিকশাচালক তৌহিদ হোসেন (৩৩) এবং একই উপজেলার বীরনগর আদিবাসী পল্লীর বাসিন্দা ফুলমনি রাণী (৪৪)।
আহত ৫ যাত্রীর মধ্যে আশঙ্কাজনক ৪ জনকে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—একই এলাকার বীরনগর আদিবাসী পল্লীর বাসিন্দা বাসন্তী, কেশমনি, শেফালী ও অঞ্জনা রাণী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ (মঙ্গলবার) দুপুরে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে একটি অটোরিকশায় করে ৫ জন নারী যাত্রী জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি সদর উপজেলার বনখুর ওয়াপদা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ ও আরোহী ফুলমনি রাণী মারা যান। এ সময় অপর ৫ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত ৪ নারী যাত্রীকে উদ্ধার করে। তাদের জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনায় হতাহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
ওসি আরও বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
৯ দিন আগে
দিনাজপুরে পিডব্লিউ কার্যালয় সংস্কারের পরিবর্তে হস্তান্তর, স্থানীয়দের ক্ষোভ
সাম্প্রতিক ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দিনাজপুরের হিলি রেলস্টেশনের রেলপথ ও প্রকৌশল (পিডব্লিউ) কার্যালয় সংস্কারের পরিবর্তে জয়পুরহাট জেলায় হস্তান্তরের ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ঝড় ও বাতাসের ঝাপটায় গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কার্যালয়টি। তবে তা সারিয়ে তুলতে ব্যবস্থা নেয়নি রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, হিলি রেলস্টেশনটি ব্রিটিশ আমলের নির্মিত একটি ঐতিহ্যবাহী কেন্দ্র। একসময়ে বিরামপুর থেকে সান্তাহার পর্যন্ত রেলপথের ইঞ্জিনিয়ারিং কার্যক্রমের অংশ হিসেবে রেললাইনের রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচলের নিরাপত্তা, সিগন্যালিংসহ স্টেশন পরিচালনার কাজ পরিচালিত হতো ওই কার্যালয়ের তত্ত্বাবধানে।
তাদের অভিযোগ, কার্যালয় সরিয়ে নেওয়ার ফলে আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে আছে মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম; নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান সম্পদ। এতে আগামীতে রেলের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা ।
স্থানীয় বাসিন্দা আনোয়ার খান জানান, হিলি রেলস্টেশনটি আমাদের গর্ব, কিন্তু অফিস সরানোর কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ভবনের আশপাশের রেললাইনের রক্ষণাবেক্ষণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকায় সেগুলো চুরিসহ খোয়া যাওয়া বা নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত পিডব্লিউ কার্যালয়টি অব্যবহৃত থাকায় গবাদিপশুর চারণ ভূমিতে পরিণত হয়েছে।
পিডব্লিউ কার্যালয়টি পুনরায় হিলিতে চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হিলি রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী (পথ) ভবেশ চন্দ্র রাজবংশী বলেন, কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত জয়পুরহাটে অস্থায়ীভাবে কার্যালয় পরিচালনা করা হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমোদনে সেখান থেকেই দাপ্তরিক কাজ চলছে।
১০৯ দিন আগে
মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করল ছেলে
বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও মোটরসাইকেল কিনে না দেওয়ায় জয়পুরহাটে ছেলের হাতে খুন হয়েছেন তারই বাবা কৃষক আক্কাস আলী (৫৭)। সে সময় তাকে বাঁচাতে গিয়ে আক্কাস আলীর স্ত্রী ও মেয়েও গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় কালাই উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ছেলে গোলাপ হোসেনকে (২৯) আটক করে পুলিশ।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলার সহকারী পুলিশ সুপার তুহিন রেজা শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা পুলিশ ও এলাকাবাসী জানান, জমির আলু বিক্রির পর গোলাপ হোসেন তার বাবা আক্কাস আলীকে ওই আলু বিক্রির টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে আসছিলেন। কিন্তু কিছুতেই তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে গতকাল (শনিবার) ইফতারের আগে তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে গোলাপ ক্ষিপ্ত হয়ে তার বাবাকে বাঁশ, চাকু ও দা দিয়ে পেটাতে ও কোপাতে শুরু করেন।
সে সময় তাকে বাধা দিতে গেলে সে তার মা ও বোনের ওপরও চড়াও হন তিনি। এতে তারাও গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে আক্কাস আলীর মৃত্যু হয়। আর তার স্ত্রী ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে মা আবেদা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বাবাকে হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে ছেলে গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
১২৩ দিন আগে
জয়পুরহাট-২ আসনে বিএনপির আব্দুল বারী বিজয়ী
জয়পুরহাট-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
জয়পুরহাট-২ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৭। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১০৩ ভোট।
উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৫১ হাজার ৫৭২ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ১৭৭। আর নারী ভোটার ১ লাখ ৭৭ হাজার ৩৯৩ জন।
১৫৪ দিন আগে
জয়পুরহাটে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ১
জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
রবিবার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুর মিশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিস আলী (৪১) জয়পুরহাট পৌর শহরের আদর্শ পাড়া মহল্লার একরাম আলীর ছেলে।
আহতরা হলেন— অটোরিকশা যাত্রী (আরোহী) শামীম হোসেন (৪৮), তার স্ত্রী মোছা. মিনু খাতুন (৪২), মাসুদ রানা (৪৯), মোছা. নাজনীন খাতুন (২১) ও তার মেয়ে নিহা খাতুন (২)। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা জলিল পাড়া ও চককামাল গোপালপুর গ্রামে।
আরও পড়ুন: শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত, বাসে আগুন
আহতদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে যাত্রীবাহী অটোরিকশাটি খঞ্জনপুর থেকে ভাদসার দিকে যাচ্ছিল। একই সময়ে একটি ট্রাক দুর্গাদহ বাজার থেকে জয়পুরহাট শহরের দিকে আসছিল। এরপর খঞ্জনপুর মিশন মোড়ে পৌঁছালে একটি ট্রাক্টরসহ তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ইদ্রিস আলী নিহত হন এবং অন্যরা আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে গুরুতর আহত শামীম হোসেন ও মিনু খাতুনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
৩৯৬ দিন আগে
জয়পুরহাটে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রাম থেকে নিখোঁজের ৭ দিন পর রাদিয়া আক্তার রুহি নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতরাতে (শুক্রবার রাতে) বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার বাবা ও সৎ মাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রাহিদা আক্তার রুহি হিমাইল গ্রামের আব্দুর রহমানের প্রথম স্ত্রীর সন্তান। তার মা-বাবার বিচ্ছেদের পর থেকে রুহি মায়ের সঙ্গে একই গ্রামে নানার বাড়িতে থাকতো। গত ২৪ মে শনিবার রুহি তার দাদীর সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির মা আরজেনা আক্তার কালাই থানায় জিডি করেন। তদন্তের সূত্র ধরে পুলিশ গতরাতে (শুক্রবার রাতে) বাবা রহমানের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী রুহির লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
এ ঘটনায় পুলিশ রুহির বাবা আব্দুর রহমান, সৎমা সোনিয়া আক্তার, চাচা রনি মিয়া ও সৎমা সোনিয়ার বাবা জেলার পাঁচবিবি উপজেলার শাইলট্টি গ্রামের জিয়া কসাইকে গ্রেপ্তার করেছে।
৪১১ দিন আগে
জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটের কালাইয়ে প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে ওই ভ্যানচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাটের কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহসড়কে বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কালাই উপজেলার ভূগোইল গ্রামের মোফাজ্জল হোসেন মন্ডল ও একই গ্রামের ইদ্রিস আলী। আর কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ ও বুরাইল গ্রামের আশরাফ আলী আহত হন।
স্থানীয়রা জানান, নুরুল আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে ৪ থেকে ৫ জন যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হয়। আহত হয় ভ্যানচালকসহ আরও দুজন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, নারী আহত
স্থানীয়রা তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ভ্যানচালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
৪৮৪ দিন আগে
জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটি নিয়ে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র-ঘোষিত নতুন কমিটি নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দুপক্ষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) নতুন কমিটিতে স্থান পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলন নতুন কমিটির আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্য সচিব মুবাশীর আলী শিহাব, জ্যেষ্ঠ যুগ্ম সচিব নিয়ামুর রহমান নিবিড়, যুগ্ম সদস্য সচিব মোবাশ্বের হোসেন, মুখ্য সংগঠক এহছান আহমেদ নাহিদ উপস্থিত ছিলেন।
এ সময় তার বলেন, কেন্দ্র-ঘোষিত কমিটি একতরফা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সঙ্গে ছিলেন তারাই এই কমিটিতে স্থান পেয়েছেন।
অপরদিকে, নতুন জেলা কমিটিতে পদবঞ্চিতরা শহরের স্থানীয় শহিদ ডা. আবুল কাশেম ময়দানে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন: ৫ দফা দাবিতে চমেক হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি
মানববন্ধন চালাকালে বক্তব্য দেন— ছাত্র আন্দলোনের প্রতিনিধি বোরহান উদ্দীন, আশরাফুল ইসলাম, মোহাম্মদ সাকিল, রাকিব হাসান, শাহিন আলম, নাঈম হোসেন, সবুজ হোসেন প্রমুখ।
৫০৫ দিন আগে
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াত নেতা নিহত
জয়পুরহাটে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে জামায়াতের এক নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকালে সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন জয়পুরহাটের চৌমুহুনী দণ্ডপানি গ্রামের বাসিন্দা। তিনি জয়পুরহাটের জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘দেলোয়ার মোটরসাইকেল করে জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
তার মৃত্যুতে জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল শোক প্রকাশ করেছেন।
৫৬১ দিন আগে