কিশোর গ্যাং
কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে তিন গ্যাংয়ের পাঁচ হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স হলে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
গ্রেপ্তাররা হলেন কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩) এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘পিএক্স ১০’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হোতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে গ্রেপ্তারদের জড়িত থাকার তথ্য পেয়েছে।
গ্রেপ্তারদের কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে ফের অভিযান চালিয়ে ৩৬৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সরাসরি অংশগ্রহণে জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি একযোগে এ অভিযান পরিচালনা করে।
এ নিয়ে পাঁচ দফার অভিযানে মোট ২ হাজার ৩৫ জনকে আটক করা হয়েছে।
এর আগে প্রথম দফায় ৬২৪ জন, দ্বিতীয় দফায় ২৫৪ জন, তৃতীয় দফায় ৪১৫ জন এবং চতুর্থ দফায় ৩৭৯ জনকে আটক করা হয়। সর্বশেষ ৩৬৩ জনসহ পাঁচ দফায় আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫ জনে।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ বিভিন্ন থানা এলাকার কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে এমন স্থান, অপরাধপ্রবণ এলাকা ও আড্ডাস্থলে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে।
কিশোর অপরাধ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।
২ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৪১৫
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় জেলা পুলিশ ও ডিবি যৌথভাবে একযোগে অভিযান চালায়।
এর আগে দুই দফার অভিযানে ৬২৪ ও ২৫৪ জনসহ তিন দফায় মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, কিশোর বয়সী বখাটেদের আড্ডাস্থল ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোর গ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
৭ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান। এর আগে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কুমিল্লা নগরীসহ কিশোরদের উৎপাত থাকা প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
এই কর্মকর্তা আরও জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
অপরাধের সঙ্গে আটকদের সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর জেলায় কিশোর গ্যাংবিরোধী এক অভিযানে পুলিশ ৬২৪ জনকে আটক করে। তাদের মধ্যে ১৭৪ জনকে কারাগার বা শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল, আর বাকিদের মুচলেকা দেওয়ার পর মুক্তি দেওয়া হয়।
৮ দিন আগে
ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
ময়মনসিংহের গৌরীপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মজনু মুন্সি ওই ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের ছেলে। তার ছেলে জহরুল ইসলাম আকন্দ কুমিল্লা সীমান্তে বিজিবির সদস্য হিসেবে কর্মরত আছেন।
নিহতের ছেলে জানান, গতকাল (রবিবার) রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল কিশোর গ্যাং তার বাবার পথরোধ করে। তাদের চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার বাবা দুর্বারচর পশ্চিমপাড়ার তিনজনের নাম উল্লেখ করে গেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, তার বাবা বয়ড়া বাজার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা অন্য কাউকে ছিনতাই বা হত্যার উদ্দেশ্যে ওঁৎ পেতে ছিল। এ সময় ভুলবশত তারা তার বাবার পথরোধ করে। পরে তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়।
নিহতের ছেলের অভিযোগ, হামলার পর দুর্বৃত্তদের একজন তার বাবার মোবাইল ফোন থেকে তাকে ফোন দেয়। এ সময় প্রায় ১৩ সেকেন্ড কলটিতে সংযোগ থাকলেও তারা কোনো কথা বলেনি। পরে একই নম্বর থেকে তার বোন মাহিয়া আক্তার বৃষ্টিকে ফোন করে একজন বলেন, আপনার বাবাকে আমি মারিনি, আরেকজন ছুরি মেরেছে।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্তের কাজ চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৯১ দিন আগে
কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের দ্বন্দ্বে নাঈম মোল্লা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) রাতে ওই এলাকার আমবাগিচা এলাকায় চিত্রনায়ক ডিপজলের বাড়ির গলিতে কিশোর গ্যাংয়ের সিনিয়র-জুনিয়র গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে ধারালো সুইচ গিয়ার চাকুর আঘাতে নাঈম মোল্লা গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত নাঈমের বাবা মো. মজিদ মোল্লার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায়। তিনি থানায় এসে অভিযোগ করেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ছেলেকে ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে বুকে, পাঁজরে ও পেটে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় তাজ নামে এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি সাইফুল আলম। তিনি আরও জানিয়েছেন, শনিবার দুপুরে নিহতের বাবা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তবে হত্যার কারণ বা জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
৯৩ দিন আগে
রংপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, ভ্যানচালক খুন
রংপুরের বদরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আরিফুল ইসলাম(২৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বালুয়াভাটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আরিফুল পৌরশহরে ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রংপুর আদালতে একটি মামলায় কিশোর গ্যাংয়ের মমিনুলসহ তার দলের ৫ জন হাজিরা দিতে যায়। একই মামলায় কিশোর গ্যাংয়ের ফিরোজ শাহ ওরফে মার্ডার ফিরোজ ও তার দলবলও সেখানে উপস্থিত হয়। এ সময়ে বাগবিতণ্ডা হলে ফিরোজ ও তার দলবল মমিনুল গ্রুপের ওপর হামলা করে। এ ঘটনায় মমিনুলসহ কয়েকজন আহত হয়। তবে সেখানেই বিষয়টির মীমাংসা হয়।
পুলিশ আরও জানায়, ওই ঘটনার জের ধরে গতকাল বিকেলে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়। প্রতিশোধ নিতে মমিনুল তার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ বাহিনীকে খুঁজতে থাকে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে পাঠানপাড়া গ্রামের ভ্যানচালক আরিফুলকে ছুরি দিয়ে জখম করে ফিরোজ গ্যাং। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফুলের বাবা রেজাউল ইসলাম বিলাপ করতে করতে বলেন, ‘মোর বাবা পাঠান পাড়ার বলে মারছে ওরা। মোর তিনটে ব্যাটা, একটা ব্যাটাক বাঁচপার পাও নাই। আর দুইটার একটাক মারি ফেলাইলো। বাপের ঘারত ছেলের লাশ, এর চেয়ে দুঃখ পৃথিবীতে আর হয় না। আমার ছেলে কোনো অপরাধ করে নাই। আমি অপরাধকে মানিয়ে নেওয়া লোক নোয়াই। আমি এর কঠোর বিচার চাই, নাহলে আমি আত্মহত্যা কইরব।’
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক যাদোন্দ্রনাথ বলেন, রোগীকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা গেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ সরকার বলেন, কোর্টে আগের মামলার হাজিরা দিতে গিয়ে মারামারি হয়েছে। পরে পাঠানপাড়ারা সঙ্গবদ্ধ হয়ে এসে একটা দোকান ভেঙে চলে যাওয়ার পর ফিরোজ গ্রুপ এসে পাঠানপাড়ার বাসিন্দা হওয়ায় একটি নিরীহ ভ্যানচালককে কুপিয়ে জখম করে। ফিরোজের বিরুদ্ধে এর আগেও তিনটি হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। নতুন করে এই ঘটনার এজাহার নেওয়া হয়েছে।
১৫২ দিন আগে
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক
চাঁদপুর জেলা শহরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদরাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড, প্রেসক্লাব রোডসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।
এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ অন্য সদস্যরা সঙ্গে ছিলেন।
আটকরা হলেন— ফয়সাল খান (১৪), জাহিদুল (১৬), রবিউল (১৬), আসিফ (২৩), রোকন (১৮), তানভির (১৭), লাবিব (১৭), মাহমুদ (১৮), শাকিব (১৭), শাফিউন (১৮), হামিম (১৯), রায়হান (১৭), ফাহিম (১৭), আল আমিন (১৭), আল সামির (১৫), ফাইয়াজ (১৫), তাওহিদ (১৫), আবরার (১৮), দ্বিন ইসলাম (১৮), সাফিন (১৯) ও মিহাম (১৮)।
ওসি মো. ফয়েজ আহম্মেদ বলেন, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে কিশোর গ্যাংয়ের ২১ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, আটকদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২২৪ দিন আগে
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খাঁন রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় দক্ষিণ কদমতলী এলাকার ডিঅ্যান্ডডি লেকপাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রায়হান এসি সার্ভিসিংয়ের কাজ শিখছিলেন বলে জানিয়েছেন তার বাবা মো. সামিম খান।
ঘটনার পর রাতে ১৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের বাবা। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়। গ্রেপ্তার চারজন হলেন—হৃদয়, সাব্বির, আতিক ও আল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান ও তার বন্ধুরা লেকপাড়ে একটি ক্লাবে ফ্রি-ফায়ার গেম খেলার পর আড্ডা দিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মেহেদী ও শুভসহ এক কিশোর তাদের সামনে দিয়ে যাওয়ার সময় রায়হানদের সঙ্গে পুরনো বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তারা আরও কয়েকজনকে ফোনে ডেকে আনে। রায়হান ও তার বন্ধুরা ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করলে হৃদয়সহ অন্যরা তাদের ক্লাবের সামনে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে হৃদয় রায়হানের বুকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
রায়হানকে প্রথমে সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
৪৯৯ দিন আগে
কিশোর গ্যাংয়ের মহড়ার ভিডিও ভাইরাল, আটক ৪
কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নগরীর কান্দিরপাড় এলাকার রানীর দিঘির দক্ষিণ পাড়েবিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রেজাউল করিম নাফিজ (১৮), সিফাত হোসেন (১৬), আরমান ইসলাম রাজিম (১৭) ও রাকিব হোসেন (১৬)।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় শিকারি পাখি ও পাখি ধরার ফাঁদসহ আটক ১
তিনি জানান, শুক্রবার কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়।
সেদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুর পাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষজন ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।
ওসি মহিনুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমে চারজনকে আটক করেছে৷ শনিবার (২৬ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে।
৫২৭ দিন আগে