অসুস্থ
কুষ্টিয়ায় ‘মুরগির মাংস খেয়ে’ অচেতন, ১০ পুলিশ সদস্য হাসপাতালে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন পাটিকাবাড়ী পুলিশ ফাঁড়িতে মুরগির মাংস দিয়ে রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খাওয়ার পরপরই অচেতন হয়ে পড়েন তারা। পরে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত পৃথকভাবে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অসুস্থরা হলেন: উপপরিদর্শক (এসআই) কফিল, এসআই আমিনুর, এসআই মুক্তার, এসআই শরিফুল, এসআই মনিরুজ্জামান, এসআই কামরুজ্জামান, রেজাউল, মনিরুল, আমিনুল ও নজরুল।
চিকিৎসাধীন পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, রাত ১০টার দিকে তারা ক্যাম্পে রান্না করা মুরগির মাংস ও আলু দিয়ে ভাত খেয়েছেন। খাওয়ার পরপরই তারা অসুস্থ হতে শুরু করেন।
এ ঘটনার কুষ্টিয়া পুলিশ সুপার আমিনুল ইসলাম পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।
কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আমি খবর পেয়ে পাটিকাবাড়ি পুলিশ ফাঁড়িতে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।
৪ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ‘স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে’ ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একসঙ্গে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দুপুরে স্কুল ফিডিংয়ের খাবার খাওয়ার পর তারা অসুস্থ পড়ে বলে স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অন্যান্য দিনের মতো আজও শিক্ষার্থীদের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় ডিম ও বনরুটি দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকে। এরপর বেশি অসুস্থ বোধ করায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মো. হাসিবুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবারই পেটে ব্যথা অনুভবসহ খাদ্যে বিষক্রিয়ার বিভিন্ন লক্ষণ রয়েছে। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার খেয়েই তারা অসুস্থ হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুরা আশঙ্কামুক্ত হলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে অসুস্থ এক শিক্ষার্থীর বাবা জহুরুল ইসলাম বলেন, সরকারই শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়ের খাবার সরবরাহ করছে। কিন্তু খাবারের মান যাচাইয়ে আরও ভালো পদ্ধতি অনুসরণ করা উচিত। নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে, এতে সরকারের আসল উদ্দেশ্যই ব্যাহত হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়ে কথা বলার জন্য গাকের জেলা সমন্বয়কারী কবির হোসেনকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের চারটি বিদ্যালয়ে গাকের দেওয়া খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
১৮ দিন আগে
অসুস্থ শিল্পী শবনম মুশতারীর বাসায় সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
বাংলাদেশের স্বনামধন্য ও একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী শবনম মুশতারী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। দেশবরেণ্য এই শিল্পীর অসুস্থতার সংবাদ জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজধানীর ধানমন্ডিস্থ শিল্পীর বাসভবনে তাকে দেখতে যান। এ সময় তারা দীর্ঘক্ষণ অসুস্থ শিল্পীর পাশে অবস্থান করেন, তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ‘শিল্পী কল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে গুণী এই শিল্পীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার একটি চেক হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডিজিএম সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
নজরুল সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পী শবনম মুশতারী ১৯৯৭ সালে সরকার কর্তৃক দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে ‘নজরুল পুরস্কার’ লাভ করেন। তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর বড় মেয়ে।
৮২ দিন আগে
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (১১ মে) সকালে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে তারা কারখানায় গিয়ে মিলাদ মাহফিলে অংশ নেন। মিলাদ শেষে একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকেন। পরে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
এর আগে গত শুক্রবার (৮ মে) শ্বাসকষ্টে কারখানার একজন শ্রমিক মারা যান। এতে অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, গণ মনোদৈহিক রোগে আক্রান্ত এসব রোগীদের নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই। চিকিৎসা দেওয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন তারা।
এদিকে, কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রথমে একজন নারী শ্রমিক হঠাৎ চিৎকার করে ওঠেন। এরপর থেকেই অন্যরা অসুস্থ হতে থাকেন। বিষয়টি পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১৩৬ দিন আগে
মির্জা আব্বাসের স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, উনাকে (মির্জা আব্বাস) হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে নিউরো আইসিইউতে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।
তিনি জানান, চিকিৎসার জন্য ইতোমধ্যে জ্যেষ্ঠ নিউরোলজিস্টদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড ইতিমধ্যে তার শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য একটি বৈঠকও করেছে।
ডা. জাহিদ বলেন, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি রাখা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন এ সময় মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান।
উল্লেখ্য, গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান হাসপাতালে তাকে দেখতে যান এবং মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
ডা. জাহিদ জানান, এই মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান, অধ্যাপক শেখ আব্দুল কাদের, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক সাইদ আহমেদ এবং অধ্যাপক জাফর ইকবালসহ আরও অনেকে রয়েছেন।
তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে। আমরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেখানে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছি। এমনকি একটি এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।
১৯৫ দিন আগে
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল খালেক (৬৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল খালেকের কয়েদি নম্বর ৬৭১৮/এ। তার বাবার নাম মৃত কফিল উদ্দিন। তবে কি মামলায় তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নি।
কারারক্ষী আব্দুল্লাহ জানান, আব্দুল খালেক নামে ওই কয়েদি বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
২১৬ দিন আগে
অসুস্থ হয়ে হাসপাতালে ফারুকী, বর্তমানে আশঙ্কামুক্ত
কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।
শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ফারুকীকে কক্সবাজার থেকে ঢাকা আনা হয়। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: আসিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে: ফারুকী
তিশা জানান, কক্সবাজারে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ফারুকী। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, ‘ফারুকী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি আশঙ্কামুক্ত।’
স্বামীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিশা।
৪০৩ দিন আগে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল হঠাৎ অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। আজ অনেকটা ভালো আছেন।’
আরও পড়ুন: দ্রুত সময়ে নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা তুলে দিন: মির্জা ফখরুল
দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসক ও মির্জা ফখরুলের পক্ষ থেকে তাকে দেখতে হাসপাতালে অযথা ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। তবে তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
৫৭০ দিন আগে
সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর
ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ছেলে লাবিব ইবনে জামানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ওমরাহ পালনের জন্য ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বাবর।’
‘এ সময় ঢাকা থেকে মদিনায় যাওয়ার পথে শ্বাসকষ্টজনিত কারণে বাবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিমানটি দুবাইতে অবতরণের পর তাকে দ্রুত বিমানবন্দরের কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। যেখানে ডাক্তাররা চেকআপের পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।’
তিনি জানান, ‘বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন ও ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: কারামুক্ত বাবর
এছাড়া বাবরের বড় ছেলে তার সঙ্গে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাবর ওমরাহ পালনে দুবাই থেকে সৌদি আরব যাবেন।
হায়দার বলেন, বাবর ও তার ছেলে লাবিব ইবনে জামান সন্ধ্যা ৬টায় এমিরেটসের একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হন। এর কয়েক ঘণ্টা আগে বাবরের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরাও আলাদা একটি ফ্লাইটে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন। মদিনায় পৌঁছানোর পর তাদের জানানো হয় যে বাবর দুবাইতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ১৯ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাকে অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছিল। ১৭ বছর কারাভোগের পর তিনি ১৬ জানুয়ারি মুক্তি পান।
৬০১ দিন আগে
টিফিন খেয়ে গাজীপুরে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ১ হাজার শ্রমিককে ওভারটাইমের জন্য রাখা হয় কারখানায়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করলে টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
পরে তাদের টঙ্গীর সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান শ্রমিকরা।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ‘শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম জানান, অসুস্থ অবস্থায় আনা হলেও প্রাথমিক চিকিৎসার পরে সব রোগীই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তদন্ত চলছে বলেও জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।
৬০৮ দিন আগে