ছিনতাইকারী
নারায়ণগঞ্জে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে ২২ বছর বয়সী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ জুলাই) রাত ১০টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জিসান ওই এলাকার ইউনুছ ওরফে ইনু মিয়ার ছেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘আল ফালাহ’ নামে স্থানীয় একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠক ও স্থানীয় মসজিদের ইমাম কাওছার আহমেদের নেতৃত্বে স্থানীয় কয়েকজন ব্যক্তি জিসানকে মারধর করে।
নিহতের পরিবারের অভিযোগ, মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে একদল স্থানীয় লোক তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর তার হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে পরিবারের কাছে রেখে যাওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা লাঠিসোঁটা হাতে এলাকায় ভাঙচুর চালায় বলেও জানান স্থানীয়রা।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে কাওছার আহমেদ বলেন, ‘জিসানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। গতকাল (শনিবার) নতুন করে ছিনতাইয়ের অভিযোগ উঠলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে।’
এদিকে, ঘটনার পর একটি ভিডিওতে কাওছার আহমেদকে বলতে শোনা যায়, ‘যার কাছে যা আছে তা নিয়ে নেমে যেতে হবে। ঐক্য থাকলে বাংলাদেশের প্রশাসন কি, কোনো কুত্তায়ও আমাদের কিছু করতে পারবে না। পাবলিক যদি কোনো কুত্তারে মেরে ফেলে, তাহলে কি অন্যায় হবে? ইনশাল্লাহ কোনো মামলা-হামলা কিচ্ছু হবে না। এভাবে সবাই এক থাকবেন।’
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনা তদন্তাধীন।
তিনি বলেন, ‘কেউ অপরাধ করলে অন্য কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
৪ দিন আগে
খুলনায় ছিনতাইকারীর গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর
খুলনায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীর ছোড়া গুলিতে অপর এক ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ব্যবসায়ী।
শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে চড়ে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমারঘাট-সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করেন। ছিনতাইকারীরা তাহিদুলের টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাদের বাধা দেন তাহিদুল। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি ছোড়েন। এতে তাদের নিজেদের এক সহযোগী সাগর গুলিবিদ্ধ হন। পরে অন্য সহযোগীরা পালিয়ে যান।
স্থানীয়রা গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত তাহিদুল বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলিতে নিহত ব্যক্তির মরদেহ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।
১০৪ দিন আগে
নারায়ণগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন স্থানীয় জনতা।
রবিবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে চড়ে এক পথচারীকে আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। এতে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়েন। পরে উত্তেজিত জনতা তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার পিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
১২৩ দিন আগে
মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। সে তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ের দুই নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সোহানের বাবা জামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে নবীনগর হাউজিং দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার এক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। পরে ছেলেটিকে বাঁচাতে সে বাঁচাতে গেলে ছিনতাইকারী ফোনটি ফেলে দৌড় দেয়। যাওয়ার আগে আমার ছেলের দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, ঢাকা উদ্যানের ছিনতাইকারী শাহিনের পোলাপান আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে এক কিশোরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।
১৩৬ দিন আগে
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের জাওলার বাজারে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম লেবু মণ্ডল; অপরজন ময়নুল ইসলাম। উভয়ের বাড়িই পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নে।
স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) ফজরের নামাজের পর ঢাকা থেকে নাসিমা ও তার স্বামী নিজের বাড়ি সাদুল্লাপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা খোর্দ্দ কোমারপুর মাদারহাট সেতুতে পৌঁছালে দুই যুবক তাদের পথরোধ করে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাদের চিৎকারে গ্রামের লোকজন এসে ওই দুই যুবককে ধাওয়া করে। তারা জাওলার বাজার এলাকায় আশ্রয় নিলে লোকজন তাদের দুইজনকে পিটুনী দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে সাদুল্লাপুর থানায় নিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ছিনতাইয়ের অভিযোগে তাদের পিটুনী দেওয়া হলে তারা নিহত হন। নিহত লেবু মন্ডলের নামে হত্যা, ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে।
১৩৯ দিন আগে
ছিনতাই করা অটোরিকশা মালিকের গ্যারেজেই বিক্রির চেষ্টা, খুনি আটক
রাজধানীর বাড্ডায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। ছিনতাই করা অটোরিকশাটি প্রকৃত মালিকের গ্যারেজেই বিক্রি করতে গিয়ে ধরা পড়েন তারা।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাড্ডা কাঠালদিয়া, বসুন্ধরা আবাসিক এলাকার গেটের বিপরীত পাশ থেকে রিকশাচালক মাসুদ ওরফে কাজলের (৪২) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের শ্যালক মো. সেলিম জানান, কাজলের বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। তিনি ভাটারার ফাসেরটেক এলাকায় বসবাস করতেন; তার স্ত্রী ও তিন সন্তান গ্রামে থাকেন। ঢাকায় ভাড়ায় অটোরিকশা চালাতেন কাজল।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
তিনি আরও জানান, রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নতুনবাজার এলাকার গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন কাজল, এরপর আর বাসায় ফেরেননি। রাতে দুই যুবক তার রিকশা নিয়ে একই গ্যারেজে বিক্রি করতে গেলে গ্যারেজ মালিক সেটি চিনে ফেলেন। এ সময় মালিকের প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি তারা, বরং রিকশাটিকে নিজেদের বলে দাবি করেন ছিনতাইকারীরা।
পরে গ্যারেজমালিক ও স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজলকে খুন করে বাড্ডার কাঠালদিয়ায় মরদেহ ফেলে রেখে এসেছেন ওই দুই যুবক। পরবর্তীতে সোমবার বেলা ১২টার দিকে সেখান থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, চালককে হত্যার পর রিকশা বিক্রি করতে গিয়ে ধরা পড়েছেন দুই ঘাতক। তাদের দেওয়া তথ্য অনুযায়ী তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।
৩০৩ দিন আগে
সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর
সিলেট নগরীতে এক ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নগরীর কোতোয়ালী মডেল থানার মাত্র কয়েক শ’ গজ দূরে এই ঘটনা ঘটেছে। নিহত যুবকও চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কিনব্রিজ এলাকার আলী আমজদের ঘড়িঘরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা থেকে মাত্র ৫০০ গজের ভেতর আলী আমজদের ঘড়িঘরের পাশে এক দুর্বৃক্ত যুবক ডালিমকে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে তার পায়ের রগও কেটে দেয়। এরপর নির্বিঘ্নে সবার সামনে দিয়ে হেঁটে চলে যায়। তার হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেননি।
ঘটনার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িত ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত) সামছুল হাবিব জানান, যিনি নিহত হয়েছেন, সেও চিহ্নিত ছিনতাইকারী। এর আগে জেলও খেটেছেন। এ কারণে হত্যাকারীও ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে। ছিনতাই সংক্রান্ত ইস্যুতে তাকে হত্যা করা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
৩৩৫ দিন আগে
কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২
দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নাদুব্যাপারি নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, ‘ঢাকার ইমামগঞ্জের ব্যাবসায়ী জিনজিরা থেকে নাদুব্যাপারি নৌকা ঘাটে বুড়িগঙ্গা নদী পাড় হওয়ার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই ব্যাবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ছিনতাইকারী নিহত হন। আহত হন আরও দুইজন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি
তিনি বলেন, ‘নিহতের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলা পক্রিয়াধিন আছে।’
৪৭৫ দিন আগে
মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে একটি মাইক্রো আটক করে তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার(৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ এ তথ্য জানান। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পুলিশ পাহাড়ায় তাদের চিকিৎসা চলছে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায় মাইক্রো চালক জুয়েল হোসেন (৪৪), আরোহী বাচ্চু মিয়া (৪৫) ও হাফিজ মিয়া (৫৫) স্থানীয় বীরতারা থেকে ষোলঘরে দিকে দ্রুতগতিতে মাইক্রোটি চালিয়ে যাচ্ছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা মাইক্রোটি থামানোর চেষ্টা করেন। তবে মাইক্রোতে থাকা ওই ব্যক্তিরা পালানোর চেষ্টা করে।
আরও পড়ুন: সাভারে আবারও দিনে দুপুরে চলন্ত বাসে ছিনতাই
পরে ষোলঘর বাসস্ট্যান্ডে অটোরিকশা ও বেঞ্চ দিয়ে মাইক্রোটির গতিরোধ করা হয়। পরে ওই তিনজনকে গণপিটুনি দেওয়া হয়। এ সময় মাইক্রোটি ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা।
ওসি সাকিল আহমেদ জানান, আটক হওয়া ওই তিনজন স্বীকার করেছেন যে একটি অটোরিকশার সঙ্গে তাদের মাইক্রোর ধাক্কা লাগে। এ কারণে তারা দ্রুত পালানোর চেষ্টা করেছিল।
তবে স্থানীয় অটোরিকশা চালকদের দাবি, এই মাইক্রো দিয়ে এর আগেও অটোরিকশা ছিনতাই করা হয়েছে। সুযোগ বুঝে চালককে জোর করে মাইক্রোতে তুলে ফেলে তারা। এরপর তাদের একজন অটোরিকশা চালিয়ে নিয়ে যায়।
মাইক্রোটি জব্দ করে পুলিশ বিষয়টি যাচাই বাছাই করছে বলে জানান ওসি।
৪৯২ দিন আগে
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাফর উল্লাহ (৩৫) ফেনী জেলার বাসিন্দা ।
আরও পড়ুন: সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইন্সুরেন্স কর্মী নিহত, আটক ১
স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে বাস থেকে নেমে পায়ে হেঁটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন পোশাকশ্রমিক জাফর উল্লাহ। এসময় তার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের চেষ্টা করে ছিনতাইকারী। জাফর বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে ওই ছিনতাইকারী।
এসময় আশপাশের লোকজন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। পরে আহত পোশাক কর্মী ও ছিনতাইকারীকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান পোশাক কর্মী জাফর উল্লাহ।
গুরুতর অবস্থায় ছিনতাইকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাইকারী সজীব আরিচপুরের বাসিন্দা।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. এহতেশাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ২ নিরাপত্তা কর্মী নিহত
৬১৭ দিন আগে