পরিবহন শ্রমিক
নওগাঁয় আজও বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় চতুর্থ দিনের মতো যান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালেও গাড়ি বন্ধ রেখে দাবি আদায়ের লক্ষ্যে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।
সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে মারামারির জেরে গত ২৭ সেপ্টেম্বর সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
বাস ও সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা জানান, গত ২৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে ‘মহন্ত পরিবহন’ নামের একটি বাসের চালক ও সহকারীর বাগ্বিতণ্ডা হয়। এর জেরে দুপুর ১টার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশার চালকরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তার সহকারীকে মারধর করেন।
এই ঘটনার প্রতিবাদে পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল থেকে নওগাঁ থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও বগুড়া রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন।
বাস বন্ধ রাখার পাশাপাশি বাস শ্রমিকরা সকাল থেকে সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলও বন্ধ করে দেয়। বাস শ্রমিকদের বাধা উপেক্ষা করে যেসব চালক সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর চেষ্টা করেছেন, তাদের ওপর বাস শ্রমিকরা হামলা চালান বলেও অভিযোগ ওঠে ।
পরে গত ২৮ সেপ্টেম্বর রাতে প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর অভ্যন্তরীণ রুটে বাস চালুর ঘোষণা দেওয়া হয়। কিন্তু দুই ঘণ্টাও সেই সিদ্ধান্ত টেকেনি। এরপর গতকাল (মঙ্গলবার) সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে সিএনজিচালিত অটোরিকশার চালকরা আবারও বাসচালকের ওপর হামলা চালান। ফলে ফের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে টানা চার দিন ধরে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া এবং নষ্ট হচ্ছে মূল্যবান সময়।
রাজশাহীগামী যাত্রী ইকবার হোসেন আক্ষেপ করে বলেন, স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে এসে শুনি বাস বন্ধ। সিএনজিচালিত অটোরিকশার চালকরা কয়েক গুণ বেশি ভাড়া চাচ্ছেন। এভাবে আকস্মিক যান চলাচল বন্ধ থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে।
আদালতে হাজিরা দিতে আসা পোরশার তারিক হোসেন বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে শুনি বাস নেই। তিন দফায় ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে আসায় অতিরিক্ত ১৫০ টাকা বেশি ভাড়া গুনতে হয়েছে, সেই সঙ্গে সময়ও নষ্ট হয়েছে প্রচুর। আমরা চাই দ্রুত এই ভোগান্তির অবসান হোক।’
নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছিল, তার কোনো লিখিত রূপ আমরা পাইনি। ফলে সাধারণ শ্রমিকদের মাঝে নিরাপত্তার অভাব ও আস্থার সংকট তৈরি হয়েছে। লিখিত সিদ্ধান্ত পেলে আজ থেকেই বাস চলাচল স্বাভাবিক হবে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, তাদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্বের কারণে সাময়িক এই সমস্যা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো পূরণের জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মালি ও শ্রমিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। খুব দ্রুতই সমাধান আসবে।
৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। এতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল শুরু হয়।
দুই পরিবহন শ্রমিক সংগঠনের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ ছিল।
কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এবং প্রশাসনের আশ্বাসে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এরপর বিকেল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি জানান, শ্রমিকদের দুই পক্ষ এবং পরিবহন মালিক নেতাদের নিয়ে সন্ধ্যায় সদর থানায় একটি সমঝোতা বৈঠকে বসার কথা রয়েছে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিক কল্যাণের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছিল।
এর জের ধরে গেল মঙ্গলবার এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসেন। তবে এক ঘণ্টার বেশি সময় আলোচনা চললেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতা হয়নি।
পরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
৪৬ দিন আগে
পরিবহন শ্রমিকদের ওপর হামলা, প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ
চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু শ্রমিককে মারধর ও বাস ভাঙচুর হয়। এর প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা রুটে সকল যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিভিন্ন স্থানের অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা পড়েছে বিপাকে।
জেলা পরিবহন মালিক সম্পাদক শোয়েবুর রহমান ও কয়েকজন পরিবহন শ্রমিক জানান, গতকাল (বুধবার) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ হামলার প্রতিবাদে ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে আজ (বৃহস্পতিবার) ভোর থেকেই চাঁদপুর-কুমিল্লা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। ফলে আজ ভোর থেকে এই রুটে আইদি ও বোগদাদ পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অফিসগামী ও সাধারণ যাত্রীরা। তবে চাঁদপুর থেকে দেশের দূর-দূরান্তের অন্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাস মালিক নেতা শোয়েবুর রহমান বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা গতকাল রাতের আঁধারে হামলা চালিয়ে অন্তত ১৫টি বাস ভাঙচুর করেছে এবং প্রায় ১০/১৫ জন শ্রমিককে আহত করেছে। আহতদের মধ্যে অনেককে সরকারি হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন শ্রমিকরা জানান, অন্য দিনের মতো বলাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পার্কিংয়ে রাখা হয় বাস। বাসে থাকা শ্রমিকদের ওপর হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুরও করা হয়।
স্থানীয়দের দাবি, কিছু ‘উচ্ছৃঙ্খল ছাত্র’ চাঁদপুর–কুমিল্লা রুটের বলাখাল বাজারে শিক্ষার্থীদের স্বার্থে বাস স্টপেজের দাবি না মানায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।
বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ মিয়া জানান, এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দৈনিক ২৫০টি বাস চলাচল করে বলে জানান বাস মালিক সমিতির নেতা শোয়েবুর রহমান ।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত। সব পক্ষকে নিয়ে বসে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ওদিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান জানান, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
১৩৭ দিন আগে
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার
সিলেট-জকিগঞ্জ সড়কে চলা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে সংগঠনটির নেতারা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।
জানা যায়, রবিবার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে সড়কের পাশের একটি স্থানে শিশু-কিশোররা ফুটবল খেলছিল। বলটি হঠাৎ সিলেট-জকিগঞ্জ সড়কের ওপর চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌঁড় দেয়। এ সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, এটি ছাড়াও আরও অন্তত তিনটি বাস সেদিন ভাঙচুর করা হয়। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখেন। পাশাপাশি মঙ্গলবার সিলেট-বিয়ানীবাজার সড়কেও ধর্মঘটের ডাক দেন তারা।
আরও পড়ুন: টানা দুদিন ধরে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
দুদিন ধরে চলা ভোগান্তির অবসানে আজ সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।
বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ছাত্র নিহত হওয়ার ঘটনায় কোনো মামলা হবে না। এছাড়া জনতার হাতে আটক বাসগুলো শিগরিরই শ্রমিক নেতাদের কাছে হস্তান্তর করা হবে এবং আর কোনো বাসচালক বা শ্রমিকের ওপর হামলার ঘটনা ঘটবে না।
বৈঠকে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতারা, নিহত স্কুলছাত্র আবিরের পরিবারের সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬৪৩ দিন আগে
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ
শ্রমিক মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সোমবার সকালে রাজশাহীর আল-মাহি পরিবহন নামের একটি বাসের চালক সাঈদ হাসান চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের হাতে মারধরের শিকার হন। তবে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতারা দাবি করে রাজশাহীর ওই বাসচালক যাত্রীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে চাঁপাইনবাবগঞ্জের একজন বাসশ্রমিক ছিলেন। বাসে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে রাজশাহীর বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। এরপর বাসটি চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে চালক ও হেলপারসহ তিনজনকেই মারধর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, দুপক্ষই সমাধানের পক্ষে। কিন্তু রহস্যজনক কারণে সমাধান হচ্ছে না।
৭০৬ দিন আগে
দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পড়ে মো. ফিরোজ শেখ নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ফিরোজ শেখ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আসগর আলীর ছেলে এবং পেশায় সেলফি পরিবহনের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিক ফিরোজ শেখ পন্টুন থেকে হঠাৎ করেই নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে ফিরোজ শেখের লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সাবেকুল ইসলাম বলেন, শুক্রবার পদ্মা নদীতে এক ব্যক্তি পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌপুলিশের নিকট হস্তান্তর করেন।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা খবর পাই লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে খবর দেই।’
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করছি।
তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিকের মৃত্যু
৯২০ দিন আগে
পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে নাটোর-রাজশাহী রুটে উভয় জেলার বাস চলাচল বন্ধ
পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে রবিবার (১৫ অক্টোবর) নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে উভয় জেলার বাসমালিক-শ্রমিকরা।
এর ফলে নাটোরের কোনো মালিকের বাস রাজশাহীতে যাচ্ছেনা এবং রাজশাহীর কোনো মালিকের বাস নাটোর হয়ে ঢাকাসহ অন্য রুটেই যেতে পারছেনা। তবে এ রুটে অন্য জেলার মালিকের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
এতে করে কিছুটা বাস সংকটে পড়েছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।
আরও পড়ুন: সিলেটে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নাটোর বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক মজিবর রহমান ও জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কালিয়া জানিয়েছেন, তারা আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
শ্রমিক নেতারা জানান, তিনদিন আগে নাটোর মালিকের রাজকীয় পরিবহনের কর্মচারিকে রাজশাহীতে মারপিট করে সেখানকার মালিকের দ্বীপ পরিবহনের শ্রমিকরা। এর জেরে গতকাল দ্বীপ পরিবহনের কর্মচারিকে নাটোরে মারপিট করে এখানকার শ্রমিকরা। এ ঘটনায় নিরাপত্তার আশঙ্কায় রবিবার সকাল থেকে উভয় জেলায় নিজেদের বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
আরও পড়ুন: সোমবার থেকে সিলেট-তামাবিল সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
১০৮৬ দিন আগে
সিলেটে গোলাপগঞ্জ থানার ওসিকে প্রত্যহারের দাবিতে সড়ক অবরোধ
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের প্রত্যাহারের দাবিতে সিলেট-জকিগঞ্জ সড়ক ৫ ঘন্টা অবরোধ করে রাখেন পরিবহন শ্রমিকরা। পরে ওসি প্রত্যাহারের ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু করেন শ্রমিকরা। তারা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি আটকে রাখেন। বিকাল ৩ টার দিকে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
এ বিষয়ে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম বলেন, শ্রমিকদের বিষয়টি নিয়ে আমরা গোলাপগঞ্জ মডেল থানার (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ চন্দ্র দাশের সঙ্গে বৈঠক করেছি। তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন। ফলে শ্রমিকরা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছে।
তিনিও ওসি মো. রফিকুল ইসলামের প্রত্যাহারের দাবি করেন।
গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, গত ২৫ সেপ্টেম্বর হেতিমগঞ্জের বাঘার ইউনিয়নের তুরুগবাঘ গ্রামের বাছন আহমদ নামের এক ব্যক্তি আমাদের একটি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। সোমবার (২ অক্টোবর) আহত বাছন আহমদ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
তিনি আরও বলেন, বাছন আহমদের পরিবারের সঙ্গে শ্রমিকদের সমঝোতা হলে তারা মামলা করবেন না বলে জানান।
তারা বাছন আহমদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। একারণে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের সইয়ের প্রয়োজন হয়। কিন্তু তিনি নানা অজুহাতে দেরি করতে থাকেন।
লিলু মিয়া আরও বলেন, সোমবার ওসি সই দিতে পারবেন না বলে জানান। এর প্রতিবাদেই আমরা সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছিলাম।
এবিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বাছন আহমদের ঘটনায় কোনো মামলা বা জিডি আছে কি না জানতে সিলেট কোতোয়ালি থানা থেকে আমাকে একটি মেইল পাঠানো হয়। আমি মেইলের উত্তরে গোলাপগঞ্জ মডেল থানায় কোনো মামলা বা জিডি হয়নি জানাই।
তিনি আরও বলেন, এরপর শ্রমিকরা একটি লিখিত সই নিতে চায়। আমি নিহতের পরিবারের অপেক্ষায় ছিলাম। তারা আসলেই সই দিতাম। কিন্তু শ্রমিকরা ভুল বুঝে সড়ক অবরোধ করে।
বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে বলেও তিনি জানান।
প্রায় সাড়ে ৫ ঘন্টা ধরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ থাকায় শত শত গাড়ি আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
আরও পড়ুন: সিলেটে ফুটবল খেলার সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১০৯৮ দিন আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭: পরিবহন শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বাসচালকের আত্মসমর্পণ
যশোরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে সাতজনের মৃত্যুর ঘটনায় বাসচালক মিজানুর রহমান (৪২) আত্মসমর্পণ করেছেন।
শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যস্থতায় যশোর কোতোয়ালি মডেল থানায় আত্মসমর্পণ করেন তিনি।
আরও পড়ুন: যশোরে ছুরিকাঘাতে নিহত ১
মিজানুর রহমান যশোরের বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়ার নজরুল শেখের ছেলে এবং যশোর-মাগুরা সড়কের স্থানীয় রয়েল পরিবহনের বাসচালক।
শনিবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানাতে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, যশোরের পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই চালককে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, ‘আমরা এই দুর্ঘটনা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে রবিবার (৯ জুলাই) আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
যশোরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১১৮৪ দিন আগে
সুনামগঞ্জে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। ফলে ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
রবিবার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।
আরও পড়ুন: রাজশাহী বিভাগের পরিবহন ধর্মঘট প্রত্যাহার, যান চলাচল শুরু
এ সময় লিখিত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন, মানববন্ধনে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য দাবি জানালেও, প্রশাসন আমলে নেয়নি। তাই শ্রমিকরা মিলে দাবি আদায়ের লক্ষ্যে ৩ মে অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেই।
তিনি আরও বলেন, পুলিশের অনুরোধে এসএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। কিন্তু পুলিশ-প্রশাসন তাদের কথা রাখেনি। তাই ২৯ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি মো. আনেয়ার হোসেন ও দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া।
আরও পড়ুন: সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
১২৩৩ দিন আগে