ইজিবাইক
সরকার ৩ চাকার বৈদ্যুতিক যান নিয়ন্ত্রণে আনবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকসহ আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ তিন চাকার বৈদ্যুতিক যানকে শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনতে সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু (সংরক্ষিত নারী আসন-৪) কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেওয়া নোটিশের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তুলনামূলক কম ভাড়া, সহজলভ্যতা ও স্বল্প দূরত্বে যাতায়াতের সুবিধার কারণে গত এক দশকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও এ ধরনের তিন চাকার বৈদ্যুতিক যান শহর ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, এ খাত চালক, মালিক, গ্যারেজ মালিক ও শ্রমিক, ব্যাটারি ও খুচরা যন্ত্রাংশ ব্যবসায়ী, চার্জিং সেবা প্রদানকারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে একটি বড় অনানুষ্ঠানিক অর্থনৈতিক ও কর্মসংস্থান নেটওয়ার্কও তৈরি করেছে।
তবে এ খাতের দ্রুত ও অনেকাংশে অনিয়ন্ত্রিত সম্প্রসারণ বিদ্যুৎ ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা, যানজট, পরিবেশদূষণ, জনস্বাস্থ্য ও প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিপুলসংখ্যক যানবাহন একই সময়ে চার্জ দেওয়ায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
মন্ত্রী এসব যানবাহনে ব্যবহৃত লিড-অ্যাসিড ব্যাটারি অনিরাপদভাবে ব্যবহার এবং নিয়ম না মেনে পুনর্ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকির কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ তিন চাকার বৈদ্যুতিক যান দেশের মোট বিদ্যুতের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।
সালাহউদ্দিন আহমদ জানান, এই বিপুল চাহিদার বিপরীতে দেশে বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে মাত্র প্রায় ৩ হাজার ৩০০টি। অন্যদিকে শুধু ঢাকাতেই অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে ৪৮ হাজারের বেশি। তিনি বলেন, এর ফলে অনুমোদনহীনভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
নিবন্ধনহীন যানবাহন, অপ্রশিক্ষিত চালক, ত্রুটিপূর্ণ নকশা, দুর্বল ব্রেক ও আলোকব্যবস্থা, অতিরিক্ত গতি এবং মহাসড়কে ধীরগতির যান চলাচলের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তার উল্লেখ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৯১১ জন নিহত ও ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছে। এসব দুর্ঘটনায় জড়িত যানবাহনের ১৩ দশমিক ৫৪ শতাংশ ছিল ব্যাটারিচালিত রিকশা।
রাজধানীর প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশার চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে পরিচালিত রিকশার গ্যারেজের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) যৌথ অভিযানও পরিচালনা করছে।
তিনি আরও বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অটোরিকশাকে শৃঙ্খলা ও নিয়ন্ত্রিত ব্যবস্থার আওতায় আনতে সরকার একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হলে অনুমোদিত ও বৈধ অটোরিকশাকে নম্বর প্লেট দেওয়ার মাধ্যমে লাইসেন্সিং ব্যবস্থার আওতায় আনা, কিউআর কোডের মাধ্যমে চালকদের নিবন্ধন শনাক্ত করা এবং ধাপে ধাপে চালকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, সম্ভাব্য নির্দেশনার আলোকে অটোরিকশার নিবন্ধন দেওয়া, রুট নির্ধারণ, চালক ও তাদের চলাচল নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা এবং আইন প্রয়োগ করা হবে। এসব পদক্ষেপ রাজধানীর যানজট কমাতে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানান তিনি।
যানবাহন নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে রাজধানীর ১৭টি ট্রাফিক সিগন্যালে বর্তমানে ৫০টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে এসব ক্যামেরা ইতিবাচক ফল দিয়েছে। রমনা ও তেজগাঁও ট্রাফিক বিভাগের আওতায় আরও ২০০টি এআইভিত্তিক ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।
এছাড়া ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়েও ধীরে ধীরে আরও এআইভিত্তিক ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী।
রেহানা আক্তার রানু তার নোটিশে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরা স্থাপনের পর, বিশেষ করে রাজধানীর সড়কে ধীরে ধীরে কিছুটা শৃঙ্খলা ফিরেছে। লাল বাতি অমান্য করা, অনিয়মতান্ত্রিকভাবে লেন পরিবর্তন ও গতিসীমা অতিক্রমের মতো আইন লঙ্ঘনের ঘটনা কমেছে। তবে ব্যাটারিচালিত রিকশাগুলো এখনও নিয়ম না মেনে বেপরোয়াভাবে চলাচল করছে।
সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য বলেন, এসব যানবাহনে নম্বর প্লেট না থাকায় এআই ক্যামেরা সেগুলো শনাক্ত করতে পারলেও জরিমানা করা সম্ভব হয় না।
তিনি আরও বলেন, এসব বেপরোয়া যান নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। অন্তত প্রধান সড়কগুলো থেকে এসব রিকশা সরিয়ে নিতে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তিনি অটোরিকশার নকশার ত্রুটি দূর করে নম্বর প্লেট সংযোজন, চালকদের প্রশিক্ষণ দেওয়া ও লাইসেন্স দেওয়াসহ সবকিছু সুনির্দিষ্ট নিয়মের আওতায় আনার ওপর জোর দেন তিনি।
বিপুলসংখ্যক মানুষের জীবিকা এ খাতের সঙ্গে যুক্ত থাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল পুরোপুরি বন্ধ না করে সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করা উচিত বলেও মনে করেন রানু। তিনি বলেন, জীবিকার বিকল্প ব্যবস্থা না করে তাদের যানবাহন জব্দ করে ফেলে দেওয়া এবং পুলিশ দিয়ে হয়রানি করা ঠিক নয়।
জবাবে সালাহউদ্দিন বলেন, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারকেও শর্ত হিসেবে রাখা হবে এবং নিবন্ধন নম্বরের সঙ্গে যুক্ত ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক খুঁটি থেকে সংযোগ নিয়ে অবৈধ চার্জিং স্টেশন পরিচালনার কারণে রাজস্ব ক্ষতি হচ্ছে এবং এর সঙ্গে দুর্নীতিও জড়িত। যারা এসব অবৈধ চার্জিং কার্যক্রম পরিচালনা ও ব্যবহার করছে, তাদের পাশাপাশি বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের কিছু কর্মকর্তাও এর সঙ্গে জড়িত বলেও মন্ত্রী অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বেকারত্ব যাতে না বাড়ে, কর্মসংস্থান যাতে ব্যাহত না হয়, পরিবেশ সুরক্ষিত থাকে, যানবাহনে শৃঙ্খলা বজায় থাকে এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নতি হয়—সরকার সব দিক বিবেচনায় রাখবে।
৮ দিন আগে
নাটোরে ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
নাটোরের নলডাঙ্গায় ইজবাইক উল্টে রাকিবুল হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মহিষমাড়ি সেতুতে তাদের বহনকারী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাকিবের মৃত্যু হয়।
পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার বাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ সড়কে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
পরিবার জানায়, চালকসহ ইজিবাইকের ৫ জনই এসএসসি পরীক্ষার্থী ছিল। এক পর্যায়ে মহিষমাড়ি সেতুতে উল্টে যায়। এতে সবাই রাস্তায় ছিটকে পড়ে। এসময় ইজিবাইকটি গিয়ে রাকিবুলের গায়ের ওপর আছরে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।
রাকিবুল উপজেলার বাসিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ধরনের খবর তিনি এখনো পাননি।
৫১২ দিন আগে
নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মোহাম্মদ মোস্তাকিম নামে ছয় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকালে ডিগ্রির চর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় শিশুর মৃত্যু
আহত অবস্থায় মোস্তাকিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে মৃত্যু হয় তার।
নিহত মোস্তাকিম নারায়ণগঞ্জের স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মোস্তাকিমের মা সোনিয়া আক্তার বলেন, সকালে মাদ্রাসায় যেতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক মোস্তাকিমকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন: পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
৬৮৫ দিন আগে
ফরিদপুরে বাসচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত, আহত ৯
ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের একটি বাসের চাপায় সুমন আলী ও সিরাজ হাওলাদার নামে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।
বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে ও সিরাজ হাওলাদার বরিশাল সদরের সারুখালী এলাকার মৃত ইয়াছিন হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
আহতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের মিলন, মিম (০৩), সোনালী (০৬), জসিম, শিরিন, শারমিন বেগম। এছাড়া বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম এবং একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, 'ঢাকা-মাগুরা মহাসড়কের মাগুরাগামী লেনের উপর মধুখালী বাজার থেকে একটি ব্যাটারীচালিত ইজিবাইক গোন্দারদিয়ায় যাওয়ার জন্য ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী লেনে যাওয়া মাত্রই ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আর ৯ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে: কাদের
৮১৬ দিন আগে
মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনা বেড়েছে: কাদের
সারা দেশে মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এটা খুব দুর্ভাগ্যজনক যে, ইদানিং যেসব দুর্ঘটনা ঘটছে সেখানে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। দুর্ঘটনার চিত্র দেখলে দেখা যায়, মোটরসাইকেলে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে, এরপর ইজিবাইক; এর সঙ্গে বেপরোয়া ড্রাইভিংও আছে, এটাকে বাদ দেওয়ার উপায় নেই।’
এ বিষয়ে দ্রুত নীতিমালা করার জন্য সচিবকে বলবেন বলে জানান তিনি।
আরও পড়ুন: ঢাকায় ব্যাটারিচালিত রিকশা যেন চলতে না পারে: সড়ক পরিবহনমন্ত্রী
ওবায়দুল কাদের বলেন, ‘সারা দেশে লাখ লাখ তিন চাকার যান ও মোটরসাইকেলের জন্য সড়কে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। সেজন্য নীতিমালাটা জরুরি। মানুষের জীবন আগে, জীবিকা পরে। জীবিকাকে রক্ষা করতে গিয়ে জীবনকে ঝুঁকিতে ফেলা হচ্ছে।’
‘ভোটের রাজনীতি যারা করেন তাদের এতে সায় আছে। হাইওয়েতে ইজিবাইক চলে- এটি অনেকে সমর্থন করেন, অথবা পেছন থেকে মদদ দেন। ঢাকায় যে নিয়ম চালু করেছি, তাতে ৯৮ শতাংশ ক্ষেত্রে (মোটরসাইকেলের) দুজনেরই হেলমেট থাকে।’
তিনি বলেন, ‘সড়কে এবার ঈদযাত্রা অনেকটা ভালো হয়েছে, কিন্তু ফিরতি পথের বিষয়টি এখনও রয়েছে। এদিকে নজর অনেকটা কম থাকে, তাই দুর্ঘটনাও ঘটে অনেক সময়। তাই ফিরতি পথটাও এখন দেখতে হবে।’
রাস্তায় শৃঙ্খলা আনতে পারলে দুর্ঘটনা কমবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তাই শৃঙ্খলাকেও গুরুত্ব দিতে হবে।’
৮১৮ দিন আগে
ইজিবাইক চালকের কোমরে মিলল ২টি স্বর্ণের বার
চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে কাওছার আলি নামে এক ইজিবাইক চালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
এ সময় তার কাছ থেকে দুইটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বিজিবির সদস্যরা। বার দুইটির ওজন ২৩২ গ্রাম। দাম আনুমানিক ২২ লাখ টাকা।
আরও পড়ুন: প্রবাসীর কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই, এসআইসহ আটক ২
বুধবার সাড়ে ১০টার দিকে মুন্সিপুর বিজিবি ক্যাম্পের টহলদল স্থানীয় সীমান্তের কুতুবপুর পাকা রাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়।
আটক কাওছার আলি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কুদ্দুস আলির ছেলে কাওছার আলি।
বিজিবি জানায়, সীমান্তের কাছে কাওছার ইজিবাইক নিয়ে সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বাধা অবস্থায় দুইটি স্বর্ণের বার উদ্ধার করে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আটক আসামিকে থানায় সোপর্দ করে স্বর্ণেরবার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
এঘটনায় বিজিবির টহল হাবিলদার মুন্সি মজিবর রহমান বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ‘স্বর্ণের সন্ধান পাওয়া’ রাণীশংকৈলের ইটভাটা এলাকায় ১৪৪ ধারা
প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এসআই বরখাস্ত, রিমান্ড মঞ্জুর
৮৩২ দিন আগে
গাইবান্ধায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসফিয়া খাতুন নাকাই ইউনিয়নের পাকুড়ীভিটা গ্রামের আনিছুর রহমানের মেয়ে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
স্থানীয়রা জানান, আসফিয়া রাস্তার পাশে বসে খেলছিল। এসময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ জানান, ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আসফিয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। নিহতের পরিবার থেকে মামলা না করলেও তারা একটি সাধারণ ডায়েরি করেছেন।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
৯২৪ দিন আগে
সাতক্ষীরায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ২ নারী নিহত
পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ওমরাহযাত্রী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া তেঁতুলতলা ঈদগাহ মোড়ে পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত
নিহতরা হলেন- খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া এলাকার মৃত আরশাদ সরদারের স্ত্রী ফজিলা খাতুন ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন।
আশাশুনি থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিত কুমার অধিকারী জানান, শুক্রবার সকালে পাইকগাছা উপজেলার মিজানুর রহমান, রেশমা খাতুন, আছিয়া খাতুন, হুমায়ু কবির ও ফজিলা খাতুন পাইকগাছা থেকে ইজিবাইকে সাতক্ষীরা যাচ্ছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
তিনি জানান, নওয়াপাড়া ঈদগাহ মোড়ে পৌঁছলে সাতক্ষীরার দিক থেকে ছেড়ে আসা মাছ বহনকারী পিক আপ (ঢাকা মেট্রো-ন- ১৯-৫৫৬০) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফজিলা খাতুন নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেলে নেয়ার পথে আছিয়া খাতুন মারা যায়।
ওসি আরও জানান, ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পিকআপটি আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে ফেরত দেওয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে তেলবাহী লরির ধাক্কায় মাহিন্দ্রার ২ যাত্রী নিহত
৯৩৫ দিন আগে
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার জেলার দর্শনা-মুজিবনগর সড়কে ইজিবাইকের ধাক্কায় আব্দুস সামাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার ২৩ (ডিসেম্বর) দুপুরে প্রতাপপুর দর্শনা মুজিবনগর সড়কের প্রতাপপুর গ্রামের শুকুর আলীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সামাদ দর্শনা থানার প্রতাপপুর গ্রামের আহাদ আলীর ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
প্রতক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে রোডের পাশে খেলছিল শিশু সামাদ। দর্শনাগামী দ্রুতগতির একটি ইজিবাইক রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আব্দুস সামাদ। পরে ইজিবাইকটি আটক করে দর্শনা থানায় নেওয় পুলিশ।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ইজিবাইক চালক ও ইজিবাইক জব্দ করে দর্শনা থানায় নিয়ে এসেছি। তবে শিশু সামাদের পরিবার মামলা করবে না বলে আমাদের জানায়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু
ইজিবাইকের ধাক্কায় চুয়াডাঙ্গায় বৃদ্ধা নিহত
৯৯৭ দিন আগে
খুলনায় ইজিবাইক চাপায় প্রাণ গেল শিশুর
খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে সামিম ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় এ ঘটনা ঘটে। শিশু সামিম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মো. ইসলামের ছেলে।
আরও পড়ুন: চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা, খুলনায় আটক ২
ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, শিশু সামিম তার মামার বিয়ে উপলক্ষে ভৈরবঘাটায় আসে। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান, খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বেনাপোলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আইনজীবীর মৃত্যু
১০৬০ দিন আগে