খাল ভরাট
সিলেটে খাল ভরাট করায় কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা
সিলেট সদর উপজেলার কল্লাগ্রাম এলাকায় অবৈধভাবে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবদুল হান্নান।
স্থানীয়রা জানান, হান্নান অবৈধভাবে কৃষিজমির উপরের মাটি কেটে পাশের হৈরখাল ভরাট করছিলেন। এতে কৃষি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে। খাল ভরাটের কারণে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব পড়ছিল।
এ সময় জমির কাগজপত্র যাচাই করে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তির নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা নেই এবং মাটি কাটার বা ভরাটেরও কোনো অনুমতিপত্র নেই। এছাড়া তিনি পাশের মালিকানাধীন জমির সীমানা পিলারও অপসারণ করেছেন বলে জানা যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানকালে দুটি ড্রেজার জব্দ করা হয়। এর মধ্যে একটি সিলেট সিটি করপোরেশন এবং অপরটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও খোশনূর রুবাইয়াত জানান, খালটি ভরাটের কারণে প্রায় ২০০ একর কৃষি জমিতে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। অভিযান শেষে সিটি করপোরেশনকে দ্রুত খালটি পুনঃখননের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
১১৮ দিন আগে
নবীনগরে খাল ভরাটের দায়ে ১০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় অবৈধভাবে সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২০০৯ দিন আগে
অপরিকল্পিত উন্নয়নে হারিয়ে যাওয়ার পথে বেরুলা খাল
বেরুলা খালের দৈর্ঘ্য প্রায় ৬০ কিলোমিটার। কুমিল্লার লাকসাম উপজেলার ফতেপুর গ্রাম থেকে শুরু হয়ে নোয়াখালীর চৌমুহনী গিয়ে মিশেছে খালটি। তবে অপরিকল্পিত উন্নয়নের ফলে ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে শত বছরের প্রাচীন এ খালটি।
২১০২ দিন আগে