মানিকগঞ্জ
চাকা ফেটে খালে পড়ল বাস, মানিকগঞ্জে নিহত ১, আহত অন্তত ১০
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় সেলফি পরিবহনের বাসটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আরেকটি বাসকে ওভারটেক করার সময় বাসটির চাকা ফেটে যায়। বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের একটি খালে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে বিভিন্ন জেলা ও উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, পাটুরিয়া থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটির সামনের চাকা ফেটে যায়। সে সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন যাত্রীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১০ দিন আগে
পদ্মায় পানি বাড়ায় ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় ফেরি-লঞ্চে ওঠানামায় বেড়েছে দুর্ভোগ
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহন পারাপারে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
উজান থেকে নেমে আসা ঢলে পদ্মার পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচটি ফেরিঘাটের মধ্যে তিনটির পন্টুন ডুবে গেছে। ফলে ওই তিনটি ঘাট দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বর্তমানে শুধু ২ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করছে। ঘাটের সংখ্যা কমে যাওয়ায় পারাপারে বিলম্ব হচ্ছে এবং ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।
১৭ দিন আগে
মানিকগঞ্জে বেতন-ভাতার দাবিতে মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ফেরিঘাটমুখী যাত্রীদের দুর্ভোগ
সরকারি গেজেট অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চায়না হার্ডওয়্যার তালা কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন ফেরিঘাটমুখী যাত্রীরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় কারখানার সামনে শত শত শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
২১ দিন আগে
গ্রীষ্মকালীন সেনা মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, প্রশিক্ষণ ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান, প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধীন অষ্টম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বিস্তীর্ণ এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভার্বাল অর্ডার) শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক পরিদর্শন করেন। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন।
২২ দিন আগে
মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের বিরুদ্ধে বৃদ্ধ মাকে হত্যার অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে তার বৃদ্ধ মাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্য ধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজিয়া বেগম (৯৫) মধ্য ধুসুরিয়া গ্রামের মৃত সোবহানের স্ত্রী। অভিযুক্ত রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার মৃত মালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে ঘরের ভেতরে থাকা বটি দিয়ে রোকেয়া বেগম তার মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি তার বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান যে তার দাদি মারা গেছেন। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়া বেগমের মরদেহ দেখতে পান।
এলাকাবাসী জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই রোকেয়া বেগম মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে।’
৫০ দিন আগে
মানিকগঞ্জে সংঘবদ্ধ পিটুনিতে চোর নিহত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে রাজীব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে সায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজীব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) দিবাগত রাত ২টার দিকে সিংগাইর উপজেলার জিয়ানগর (বান্দাইল) গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাকিম আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, রাজীব বাড়ির টিনশেড ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করেন। এ সময় তার আরও ৪ থেকে ৫ জন সহযোগী বাড়ির বাইরে অবস্থান করছিলেন।
অভিযোগ অনুযায়ী, ঘরে প্রবেশের পর নগদ প্রায় ৪ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে বাইরে থাকা সহযোগীদের কাছে হস্তান্তর করা হয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ সময় গৃহকর্তা মোহাম্মদ হাকিম আলী বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী রাজীবকে আটক করে সংঘবদ্ধ পিটুনি দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
৫১ দিন আগে
মানিকগঞ্জে বড় ভাইয়ের পরিবারকে কুপিয়ে হত্যাচেষ্টা, নিহত ২
মানিকগঞ্জের দৌলতপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই ইউসুফ আলীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বড় ভাই আব্দুস ছালামও (৪০) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩০ মে) জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— আব্দুস ছালামের স্ত্রী আমেনা বেগম (২৮) এবং তাদের দেড় বছর বয়সী শিশুপুত্র আসওয়াদ।
এ ঘটনার পরপরই অভিযুক্ত ইউসুফ আলী পালিয়ে যান। গুরুতর আহত আব্দুস ছালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে মো. ইউসুফ মোল্লা (৩৫) তার বড় ভাই সালাম মোল্লা (৪০) ও তার স্ত্রী আমেনার সঙ্গে পারিবারিক বিষয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউসুফ ধারালো অস্ত্র নিয়ে ভাইয়ের বাড়িতে ঢুকে ভাবি আমেনা ও ভাতিজা আসওয়াদকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে বাধা দিতে গেলে বড় ভাই আব্দুস ছালামও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ইউসুফ মোল্লাকে তাৎক্ষণিক আটক করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
৫৯ দিন আগে
মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) বিকেল ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
এর আগে, আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান।
ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী আলমের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলচালক সোনা মিয়া (২২) ও অপর আরোহী কালু মিয়া (১৬)। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কালু মিয়া এবং বিকেল সাড়ে ৫টার দিকে সোনা মিয়া মারা যান।
ওসি মো. মোশাররফ হোসেন জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৮২ দিন আগে
মানিকগঞ্জে শিশুকে হত্যার অভিযোগে ‘গণপিটুনি’, নিহত ২
মানিকগঞ্জ সদর উপজেলায় ৮ বছর বয়সি এক এক শিশুকে হত্যার অভিযোগে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে ওই এলাকার দুদুল মিয়ার মেয়ে আতিকা হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান মেলেনি।
পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ দৃশ্য মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে, সৃষ্টি হয় তীব্র ক্ষোভের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির পরনে থাকা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
ঘটনার পরপরই জড়িত সন্দেহে স্থানীয় উত্তেজিত জনতা পান্নু মিয়া, তার ভাই ফজলুর রহমান ও ছেলে নাজমুলকে আটক করে ধোলাই দেয়। এতে পান্নু (৩৫) ও ফজলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে (২০) হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, নাজমুল মাদকাসক্ত ছিল। নেশার জন্য মেয়েটিকে হত্যা করে তার কানে থাকা স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ তাদের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে গণধোলাইয়ের ঘটনাতেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে থানায় মামলা হয়নি।
পুলিশ সুপার মো. সারওয়ার আলম বলেন, ঘটনা তদন্তে মাঠে কাজ করছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা হওয়ার পর অধিকতর তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১০৩ দিন আগে
মানিকগঞ্জে রিকশাচালককে গলা কেটে হত্যা করল তার বন্ধু
মানিকগঞ্জে ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৮ মার্চ) দুপুরে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।
পুলিশ সুপার জানান, গত ২৫ মার্চ বিকেলে সদর উপজেলার কালীগঙ্গা নদী থেকে একটি মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে।
নিহত ব্যক্তির নাম রফিক মিয়া (২৮)। তিনি ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। তিনি ২৪ মার্চ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন নদী থেকে তার মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাকে শনাক্ত করেন।
ঘটনার পরপরই পিবিআই ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রথমে রিপন মিয়াকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান হোসেন ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তদন্তের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, নিহত রফিক মিয়া ও গ্রেপ্তাররা একে অপরের পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা রফিককে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি হত্যা মামলা করেছেন। পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
১২৩ দিন আগে