শাহবাগ
শাহবাগে ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মার্কেটের ১৪ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফারা ফেরদৌসের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকায়। তার বাবার নাম আব্দুর রশিদ। তিনি আজিজ সুপার মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল।
তিনি জানান,আমরা নিহতের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি ফারা ফেরদৌস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী ছিলেন।
তিনি আরও জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ওই ভবনে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাকে চেয়ারে বসা অবস্থায় টেবিলে মাথা রাখা অবস্থায় দেখতে পাই। তবে ঠিক কবে এবং কখন তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো কারণে তার মৃত্যু হয়েছে। বিকেল পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. একরামুল জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
১৪ ঘণ্টা আগে
রাজধানীতে বাসা থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেস নামের একটি বাসা থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। তার বাবার নাম আহসান হাবিব।
নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ শেষ করেছেন। বর্তমানে তিনি ধানমণ্ডির পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, আমরা কয়েকজন সহকর্মী মিলে শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেস নামের একটি বাসায় ভাড়া থাকি। আজ দুপুরে তার রুমমেট দীপ্ত সিংহ তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানতে পারেননি তার সহকর্মীরা। মৃত্যুর আগে তিনি কিছু সেবন করেছিলেন কি না, সেটিও জানেন না তারা। তবে জিসান উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।
দীপ্ত সিংহ বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখেছিলাম জিসান তার পরিবারের সঙ্গে কথা বলেছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
৫৩ দিন আগে
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের শাহবাগে অবস্থান
নিয়োগ ও পদায়নের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।
রবিবার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এদিন বেলা ১১টায় অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিলে পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বিষয়টি নিয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে যান।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে জেলা ভিত্তিক তালিকা প্রকাশ করে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা অভিযোগ করেন, দুই মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, যদিও পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আন্দোলনে আসা সুনামগঞ্জের এক প্রার্থী বলেন, ‘আমরা সুপারিশপ্রাপ্ত হয়েও খুব অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা মানসিক চাপে আছি। আমাদের দাবি পূরণ না করলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব।’
এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তার ফেসবুক অ্যাকাউন্টে জানান, তিনি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
৬১ দিন আগে
তারেক রহমানের জন্য শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের সদ্য প্রয়াত আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগ এলাকা থেকে সরে গেছে ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) আন্দোলনকারীরা শাহবাগ এলাকা থেকে সরে এসে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চ শুক্রবার রাত থেকে শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি পালন করে।
১৮১ দিন আগে
হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন বিক্ষোভকারীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে তারা শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার বলেন, ‘আমরা আজকে শান্তিপূর্ণ ও গণতন্ত্রিক আন্দোলন কর্মসূচি পালন করব। আমাদের আন্দোলন জনদুর্ভোগ তৈরি করার জন্য নয়। আমাদের কর্মসূচি জনমত ও ন্যায়ের কর্মসূচি। আমরা আশা করি, অন্তর্বতী সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন যাতে জনদূর্ভোগ কম হয়।’
দুপুর দেড়টার দিকে ১টা ৩০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
কিন্তু সেখানে অবস্থার খুব বেশি পরিবর্তন না হওয়ায় আজ (সোমবার) দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
১৯৩ দিন আগে
৩ দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের
তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৩টার দিকে তারা শাহবাগ অবরোধ করলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে - নবম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদ বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সকলকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীর কমপক্ষে বিএসসি ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি দেওয়া যাবে না। এমনকি বিভিন্ন নামে সমমানের পদ সৃষ্টি করেও পদোন্নতি দেওয়া যাবে না।
আরও পড়ুন: শাহবাগে ছাত্রদলের সমাবেশ চলছে
দশম গ্রেডের কারিগরি পদ বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের জন্য নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে।
ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি না থাকলেও ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী নিশাদ রহমান বলেন, ‘এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলন। কিন্তু সরকার আমাদের দাবির প্রতি কোনো কর্ণপাত করছে না। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।’
৩০৪ দিন আগে
শাহবাগের সমাবেশে দলে দলে জড়ো হচ্ছে ছাত্রদল
বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসমাবেশে যোগ দিতে জড়ো হতে শুরু করেছেন।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হচ্ছেন।
সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে বিকেল ২টা ৩০ মিনিটে, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা এই সমাবেশে ভাষণ দেবেন।
শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলো এখন ছাত্রদলকর্মীদের উপস্থিতিতে সরগরম, যার কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। ছাত্রদল ইতিমধ্যে শাহবাগ মোড়ে একটি বড় মঞ্চ স্থাপন করেছে এবং সমাবেশের জন্য লাউডস্পিকার বসিয়েছে।
স্থানটিতে কয়েকটি প্রজেক্টর ও বড় স্ক্রিনও বসানো হয়েছে। সমাবেশে আগতদের প্রাথমিক চিকিৎসাসেবা দিতে একটি মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে।
এর আগে বুধবার ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্বনির্ধারিত সমাবেশটি শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, যদিও তারা শহীদ মিনারে সমাবেশের জন্য পূর্বেই অনুমতি পেয়েছিল।
আরও পড়ুন: যেসব সড়কে আজ যান চলাচল সীমিত থাকবে
৩২৭ দিন আগে
শাহবাগ ছেড়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক
প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখার পর শাহবাগ ছেড়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে আশেপাশের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকাল ৩টার দিকে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করেন। এরপর বিকাল ৫টার দিকে শাহবাগ ছেড়ে যান তারা।
আরও পড়ুন: শাহবাগ ছেড়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক
সাম্য হত্যার বিচার, ভিসি ও প্রক্টরের পদত্যাগ, নিরাপদ ক্যাম্পাসসহ একাধিক দাবিতে শাহবাগ মোড়ে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এর ফলে শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে বৃষ্টির মধ্যে মানুষের ভোগান্তি আরও বাড়ে।
অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অন্যান্য ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবারও একই দাবিতে তারা দুই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন।
৪০২ দিন আগে
শাহবাগ ছেড়েছে ছাত্রদল, যান চলাচল স্বাভাবিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় টানা দুই ঘণ্টা অবরোধ করে রাখে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ ছেড়ে যায়, এতে আশেপাশের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১৮ মে) বিকাল পৌনে ৪টায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং প্রায় দেড় ঘণ্টা ধরে সেখানে বিক্ষোভ চালায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তারা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীরা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দায়িত্বজ্ঞানহীন প্রশাসন নিপাত যাক’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলে শাহবাগ এলাকা। আন্দোলনে ঢাবিসহ রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারীরা সাম্য হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের শনাক্ত ও বিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান এবং প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদের পদত্যাগের দাবি জানান।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের অভিযোগ, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এর আগে একই দাবিতে কালো পতাকা মিছিল করেছে ঢাবি ছাত্রদল।আরও পড়ুন: ঢাবির সাম্য হত্যাকাণ্ড: ৬ দিনের রিমান্ডে তিনজন
দুপুর ২ টার দিকে ঢাবির ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপারেজেয় বাংলায় সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘যে প্রশাসনের ওপর ছাত্রসংগঠনগুলোর আশা ভরসা ছিল, সেই আশা ভরসার জায়গা নষ্ট করেছে এই ভিসি-প্রক্টর।’
এদিকে, জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘সাদা দল’ সাম্য হত্যার বিচারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে।
অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান বলেন, ‘সাম্য হত্যা আইওয়াশ গ্রেপ্তারে ধামাচাপা দেওয়া হচ্ছে। প্রকৃত খুনিকে খুঁজে বের না করলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
৪০৪ দিন আগে
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগ মোড় অবরোধ
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগা মোড় অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টার দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে বসে পড়েন।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ইন্টেরিমের (অন্তর্বর্তী সরকারের) কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করব।’
আরও পড়ুন: আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করছে সরকার
এনসিপির এ নেতা আরও বলেন, আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক দল নয়। ‘১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরি করে এ দেশে গণতন্ত্রের পরিবর্তে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল তারা।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। বলেন, ‘আওয়ামী লীগের হাতে এ দেশের মানুষের রক্ত লেগে আছে। আওয়ামী লীগ ভারতের সহায়তায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল।’
এর আগে এনসিপি নেতা আশরাফ মাহাদীর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের শুরু হয়।
সমাবেশ শুরু হওয়ার পর সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে বিকালে ৩টা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্প্রে ক্যানন পানি ছিটানো শুরু করে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নেয়।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার কাছে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা
৪১৩ দিন আগে