মোহাম্মদপুর
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা মো. নুরুল ইসলামকে (৫৫) নিজ বাসার নিচে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. নুরুল ইসলাম মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, হেলমেট পরা অবস্থায় দুটি মোটরসাইকেলে ছয়জন লোক তার বাসার নিচে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাম হাতে গুরুতর জখম হয়েছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নুরুল ইসলামের ভাতিজা ইয়াসিন জানান, জুমার নামাজ শেষে চাচা বাসার সামনে দোকানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে চড়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তিনি সেখান থেকে দৌড়ে বাসার নিচে গেলে সেখানেও তাকে কুপিয়ে জখম করা হয়। এরপর তারা পালিয়ে যায়। কে বা কারা কী কারণে তাকে কুপিয়েছে সে বিষয়টি এখন বলতে পারছি না।
এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
৩ দিন আগে
মোহাম্মদপুরে সেই বিড়াল হত্যার মামলায় আসামির ৬ মাসের কারাদণ্ড
ঢাকার মোহাম্মদপুরে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আকবর হোসেন শিবলুকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি শিবলুকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এজন্য আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মনসুর ও শিবলু মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা।
উল্লেখ্য, গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে নাফিসা নওরীন চৌধুরী আদালতে বিড়াল হত্যার অভিযোগ এনে মামলা করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন। পরে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।
মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ২ ডিসেম্বর। চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেন। প্রথমে ১৭ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে বুধবার রায় ঘোষণা করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুরের পোষা বিড়ালটি হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটি নিস্তেজ হয়ে পড়ে থাকলেও অভিযুক্ত পাড়া দিয়ে তার মৃত্যু নিশ্চিত করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতে মামলাটি করা হয়েছিল।
১০৪ দিন আগে
মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। সে তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউজিংয়ের দুই নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সোহানের বাবা জামাল হোসেন বলেন, রাত ৯টার দিকে আমার ছেলে তার বন্ধুদের সঙ্গে নবীনগর হাউজিং দিয়ে যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী তার এক বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্য টানাটানি করে। পরে ছেলেটিকে বাঁচাতে সে বাঁচাতে গেলে ছিনতাইকারী ফোনটি ফেলে দৌড় দেয়। যাওয়ার আগে আমার ছেলের দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি, ঢাকা উদ্যানের ছিনতাইকারী শাহিনের পোলাপান আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে ঢামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে আছে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে এক কিশোরকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।
১২০ দিন আগে
টাকা চুরি নিয়েই মোহাম্মদপুরে মা-মেয়ে খুন: ডিএমপি
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার কারণ উদঘাটন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। টাকা চুরি নিয়ে বাগবিতণ্ডার জেরেই প্রথমে গৃহকর্ত্রী লায়লা আফরোজ এবং পরে তার মেয়েকে ছুরিকাঘাত করে গৃহকর্মী আয়েশা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএম নজরুল ইসলাম এ কথা জানান।
গতকাল (বুধবার) ঝালকাঠি থেকে অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের যা জানা গেছে, তা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএমপি।
গত ৮ ডিসেম্বর সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলার বাসায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনার পর তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গৃহকর্মী বুধবার (১০ ডিসেম্বর) আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি নলছিটি এলাকায় তার দাদা শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিলেন।
এসএম নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই আয়েশা ও তার স্বামী পলাতক ছিলেন। তবে মোহাম্মদপুর থানায় গৃহকর্মীদের যেসব তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকে, সেগুলোর বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতেই তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
তিনি বলেন, মোহাম্মদপুর থানায় সংরক্ষিত একটি পুরোনো নথিতে থাকা আয়েশার ছবিতে গলায় পোড়া দাগ দেখে তাকে শনাক্ত করা হয়। ওই সূত্র ধরে তদন্তকারী দল জেনেভা ক্যাম্পে যায়, যেখানে আগের চুরির কারণে তিনি পরিচিত ছিলেন।
তার ভাষ্যে, ‘আয়েশা আগেও এক বাসায় চুরি করেছিল। গত ২৫ জুলাই আরেক বাসা থেকে ৮ হাজার টাকা চুরি করে ধরা পড়েছিলেন। সেটা নিয়ে জিডিও হয়েছে। এটা একটা ক্লু হিসেবে কাজ করেছে। তিনি তার নিজের বোনের বাসা থেকেও চুরি করেছেন।
‘আয়েশার শরীরের পোড়া দাগ নিয়ে আমরা দুই ধরনের তথ্য পেয়েছি। একবার বলেছেন যে তিনি মায়ের সঙ্গে কোনো এক সময় রাগারাগি করে নিজের গায়ে আগুন দিয়েছিলেন। অন্য এক জায়গা থেকে জেনেছি যে, কোনো এক বাসায় কাজ করার সময় চুলা থেকে আগুন লেগে তার গলা পুড়ে গেছে। আমরা দুটো তথ্যই ভেরিফাই করছি।’
১৯৪ দিন আগে
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় মা-মেয়েকে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সেই গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বরিশালের ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।
এর আগে, এই হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজন হিসেবে আয়েশাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার নাম-পরিচয় এবং স্বামীর পরিচয়ও শনাক্ত হয়।
গত সোমবার সকালে শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল (মঙ্গলবার) নাটোরে তাদের দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় সোমবার রাতেই মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন লায়লার স্বামী আজিজুল ইসলাম। মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। চার দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া আনুমানিক ২০ বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেন নিহতদের স্বজনেরা। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
এদিকে, এ ঘটনায় আসামি আয়েশার বিরুদ্ধে আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন আদালত।
১৯৫ দিন আগে
মোহাম্মদপুর ও হাজারীবাগে দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর মোহাম্মদপুর এবং হাজারীবাগ এলাকায় পৃথক ঘটনায় দুর্বৃত্তদের হামলায় শিক্ষার্থীসহ দুজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার (১৭মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
নিহতরা হলেন, বরিশালের আগৈঝরার পূর্ব সুজনকাঠীর আবুল ফকিরের ছেলে নুর ইসলাম (২৬)। পেশায় তিনি আলোকচিত্রি ছিলেন। ধানমণ্ডি থানার শংকর বাসস্ট্যান্ডের পেছনে তিনি থাকতেন। আরেকজন ড. মালেকা কলেজ ও বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বসের শিক্ষার্থী আলভী (২৭)। তার বাবার নাম মশিউর খান পাপ্পু।
একই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম (২১) আহত হয়েছেন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তার বাবার নাম মোহাম্মদ মাসুদ। নিহত আলভী এবং আহত আশরাফুল ইসলাম উভয়ই বিজিবি ৫ নং গেট এলাকার বাসিন্দা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নুর ইসলামের ভাই ওসমান গনি বলেন, ‘শুক্রবার রাত আটটায় মোহাম্মদপুর দূর্গা মন্দির গলি দিয়ে যাওয়ার সময় কয়েকজন গতিরোধ করে সাথে থাকা ক্যামেরা দুর্বৃত্তরা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মাথায় এবং দুহাতে গুরুত্বর আহত করে। ভাই তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে রাত পৌনে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।’
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, মরদেহটি ময়াতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।
আরও পড়ুন: আলীকদমে জিপ পাহাড়ি ঝিরিতে পড়ে নিহত ১, আহত ২৩
অপরদিকে হাজারীবাগ থানা এলাকায় ঘটনায় নিহত আলভীর মামি মাহী জানান, শুক্রবার রাত আটটায় জিগাতলা বাসস্ট্যান্ডে তারা আড্ডা দেওয়ার সময় হঠাৎ ১০-১২ জন দুর্বৃত্তরা এসে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। বাহক তাদেরকে উদ্ধার করে প্রথমে জাপান বাংলাদেশ হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়াতদন্তের জন্য মর্গে রাখা আছে।
আহত আশরাফুল ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরী বিভাগের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
৪০২ দিন আগে
মোহাম্মদপুরে প্রবর্তনার ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ রোডের ‘প্রবর্তনা’র ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ভবনটিতে কবি ও লেখক ফরহাদ মজহার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসায়িক সংগঠন ‘প্রবর্তনা’ অবস্থিত।
আরও পড়ুন: বোমা হামলার হুমকি: তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, প্রবর্তনের প্রতিষ্ঠানটি একটি দুতলা ভবনের নিচ তলায় অবস্থিত। দোতলায় রেস্টুরেন্ট। পেট্রোল বোমা নিক্ষেপের টার্গেট কোন প্রতিষ্ঠান ছিল এবং দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য কি এটা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের বেশ কয়েকটি টিম ইতোমধ্যে দুষ্কৃতিকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছে।
৪৭২ দিন আগে
মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে নিহত ২
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার সময়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। তখন এ ঘটনা ঘটেছে। এ সময়ে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: দেশ শয়তানমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, ‘খবর পেয়ে মোহাম্মদপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।’ মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, ‘দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে।’
পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুই জনের মরদেহ।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দুদকের অভিযান
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান সংবাদমাধ্যমকে বলেন, আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিলো, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
৪৮৮ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী আটক
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকা থেকে ধারালো অস্ত্রসহ ১০ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— মেহেদী ওরফে মেহেদী (২৮), মো. মাঈনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মঈন আলী (২০), আহম্মেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চানু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।
আরও পড়ুন: ভারত থেকে অনুপ্রবেশের সময় সুদানি নারী আটক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রসহ আটক করা হয়।
এদের মধ্যে ডাকাতি মামলার আসামি ছিলেন মেহেদী। তিনি দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে দালালসহ ১৯ রোহিঙ্গা আটক
৫১৪ দিন আগে
মোহাম্মদপুরে র্যাব-সেনাবাহিনী পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, থানায় মামলা
রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাব পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) রাত ৩টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় বেড়িবাঁধ এলাকার হাজী ভিলায় এ ঘটনা ঘটে।
এসময় ওই বাসা থেকে ৮৫ লাখ টাকা, ৭০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় র্যাব ও সেনাবাহিনী পরিচয়ে আসা দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৩টা থেকে সাড়ে ৩টার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল ৪ থেকে ৫টি হায়েস ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। এদের মধ্যে অর্ধেকের বেশি লোক সেনাবাহিনীর পোশাক পরা ছিল। বাকি চার থেকে পাঁচজন র্যাবের পোশাকে এবং বাকি কয়েকজন সাধারণ পোশাকে ছিল।
আরও পড়ুন: খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা
বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর পোশাক পরে কয়েকজন এসে আমাকে বাসার গেট খুলতে বলে। আমি বাসার গেট খুলে দিলে দুইজন এসে আমার দুই হাত ধরে বলে তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর। আমি তখন বললাম, আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি। আমার কাছে কোনো অস্ত্র নাই। তখন তারা আমাদের আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে।’
এসময় বাসায় থাকা ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার জানান, সেনাবাহিনীর পোশাক পরে তারা এমনভাবে এসেছে যে দেখলে কেউ আলাদাভাবে শনাক্ত করতে পারবে না তারা যে ভুয়া। আশেপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে আসা কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে।
শিগগিরই তাদের আটক করা হবে বলে আশা প্রকাশ করেন ওসি।
ওসি আরও জানান, ‘রবিবার রাতে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে। অভিযান চলছে আশা করি ভালো কিছু তথ্য দিতে পারব।’
র্যাব বেশ কয়েকজনকে আটক করছে এ প্রশ্ন করলে তিনি জানান, ‘এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানতে পারিনি।’
আরও পড়ুন: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে আশিকের মৃত্যু: আওয়ামী লীগের ১০৪ জনের নামে মামলা
৬১৮ দিন আগে