নিয়োগ পরীক্ষা
প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আগামী রবিবার পর্যন্ত তদন্ত কমিটিকে সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তদন্তে মন্ত্রণালয়ের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক জানান, গত ১০ অক্টোবর সকাল ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১০টা ৩ মিনিটের দিকে তার কাছে প্রশ্নপত্র ফাঁসের খবর আসে।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল আছে কি না, তা যাচাই করতে বলেন। পাঁচ মিনিটের মধ্যে প্রশ্নপত্র মিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ঘটনায় অনুতাপ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাকরিপ্রত্যাশীরা এসেছিলেন। নিজেদের যোগ্যতা প্রমাণ করতে অনেক পরীক্ষার্থী উপস্থিত হয়েছিলেন। পরীক্ষা স্থগিত হওয়ায় তারা কষ্ট পেয়েছেন। এর জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী জানান, ঘটনার পরপরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
তদন্ত কমিটির সময় বাড়ল
এদিকে তদন্ত কমিটির কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে ঘটনার গভীরে গিয়ে প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে কমিটি আরও সময় চেয়েছে। এ জন্য আগামী রবিবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) কাজ করছে।
পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) একটি ফরেনসিক দল গঠন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। প্রয়োজনীয় ফরেনসিক প্রতিবেদন তৈরির কাজ চলছে।
আমিনুল হক জানান, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে মন্ত্রণালয় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চায় না। নিয়োগ কমিটির সদস্যদের পাশাপাশি বাইরে থেকে যারা প্রশ্নপত্র ছাপানো বা ফটোকপি করে বিভিন্ন কেন্দ্রে পাঠানোর কাজে যুক্ত ছিলেন, তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।
আগের নিয়োগ কমিটি বহাল রেখে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত কারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায়, কমিটির ভেতরে কিংবা বাইরে ফটোকপির কাজে যুক্ত কারও মাধ্যমে এ ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাই তদন্তের আগে কাউকে অভিযুক্ত করতে চান না তিনি।
তবে নিয়োগ কমিটি দায় এড়াতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই না।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর বার্তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তদন্তের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরো কার্যক্রম তদারকি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন একজন অতিরিক্ত সচিব। মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও তদন্তের বিষয়টি তদারকি করবেন। তদন্তে যার বিরুদ্ধেই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা হোন বা বাইরের কেউ, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া শুক্রবারের পরীক্ষায় সব পরীক্ষার্থী যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করতে তিনি নিজে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় কার্যক্রম তদারকি করবেন বলেও জানান।
তদন্তের মাধ্যমে এ ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যা কাটিয়ে ওঠা যাবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
১ দিন আগে
কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আঞ্চলিক কর কার্যালয় সূত্রে জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া চারজনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মধ্যরাতে আটক চারজনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
১১৩ দিন আগে
ঠাকুরগাঁওয়ে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ঠাকুরগাঁও সদর উপজেলার আসাদ আলী (২৫) এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নুর আলম (৩৫)।
ঠাকুরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে নুর আলম অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। অপরদিকে আসাদ আলীকে ইলেকট্রনিক ডিভাইসসহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় আটক করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশাদুল হক। তিনি বলেন, নুর আলমকে ১৫ দিনের এবং আসাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এরপর তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন রাজস্ব প্রশাসনের অফিস সহায়ক পদের এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিন জেলার বিভিন্ন কেন্দ্রে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭০ নম্বরের প্রশ্নপত্র ছিল।
২৯৩ দিন আগে
হবিগঞ্জে নিয়োগ পরীক্ষাকেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী আটক, কারাদণ্ড
ভুয়া পরিচয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার দায়ে হবিগঞ্জে প্রণব চন্দ্র দেব নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) হবিগঞ্জ শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
আটক প্রনব চন্দ্র দেব বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: সাভারে এসএসসি পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক বহিষ্কার
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় নির্ধারিত পরীক্ষার্থীর পরিবর্তে ভুয়া পরিচয়ে অংশগ্রহণ করেন প্রণব। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
এরপর ভ্রামম্যাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এমন জালিয়াতির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
৪৮১ দিন আগে
লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৩
প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে লালমনিরহাটে ১৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
আরও পড়ুন: রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে শিক্ষকসহ আটক ১৯
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগে লিখিত পরীক্ষা জেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
তিনি আরও জানান, পরীক্ষা চলাকালীন কয়েকটি কেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইসসহ অসৎ উপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ১২ পরীক্ষার্থী আটক, বহিষ্কার ৩
গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৩৫
১০৪২ দিন আগে
প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা আগামীকাল থেকে শুরু
আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর লিখিত পরীক্ষা শুরু হচ্ছে।
এর মধ্যে ১ম ধাপে ২২ জেলায় ও ২য় ধাপে ২০ মে ৩০ জেলায় এবং ৩ জুন ৩য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১টি জেলায়।
বৃহস্পতিবার সচিবলয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২০ উপলক্ষে আয়োজতি সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল ২২ এপ্রিল প্রথমধাপে ২২ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪ জেলার সব এবং আট জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০ মে দ্বিতীয়ধাপে ৩০ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আট জেলার সব এবং ২২ জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয়ধাপে ৩১ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৭ জেলার সব এবং ১৪টি জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীরা নতুন বইয়ের সাথে ২ হাজার টাকাও পাবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী জানান, ২০ অক্টোবর ২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৩২ হাজার ৫৭৭টি সহকারী শিক্ষকের শূন্যপদে জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা কারণে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদশূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছ; যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে। এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পরিচালনা নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিটি দায়িত্ব সুষ্ঠু ও সুচারুভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে। অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি স্থানীয় অসাধুচক্র শিক্ষক নিয়োগ পরীক্ষাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে। এবার যেন সেটা না হয় সেটি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা অপর্যাপ্ত হলে বিভাগীয় কমিশনার/মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নারী পুলিশসহ প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়োগ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় জনবলসহ মেটাল ডিটেক্টর সরবরাহসহ হ্যান্ড মেটাল ডিটেকটর দ্বারা পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে। এক্ষেত্রে নারী পরীক্ষার্থীদের মহিলা পুলিশ দ্বারা তল্লাশির ব্যবস্থা নেয়া হবে।
জাকির হোসেন বলেন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে নির্ধারিত আসন গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয়া হবে। এ ছাড়া পুরুষ পরীক্ষার্থী ও মহিলা পরীক্ষার্থীদের কেন্দ্র যথাসম্ভব পৃথক করার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশপত্রের রঙিন ছবি ও স্বাক্ষর এবং রঙিন ছবিযুক্ত হাজির শিটের পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা হবে। এছাড়া ওএমআর শিটের পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে দেখা হবে। কোন পরীক্ষার্থী কোন সেটের প্রশ্ন পাবেন তা পরীক্ষা শুরুর ৫ মিনিট আগে জানতে পারবেন। ভিন্ন সেটে পরীক্ষা দিলে তা বাতিল বলে গণ্য হবে।
আরও পড়ুন: ২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
এসময় প্রতিমন্ত্রী লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগদান প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে প্রাথমকি ও গণশক্ষিা মন্ত্রণালয়রে সম্মানতি সচবি জনাব আমনিুল ইসলাম খান, প্রাথমকি শক্ষিা অধদিপ্তররে মহাপরচিালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম, প্রাথমিক ও গণশক্ষিা মন্ত্রণালয় ও প্রাথমকি শিক্ষা অধদিপ্তররে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৬৩৮ দিন আগে
কোভিড মহামারির কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
সরকারি সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (২০১৮ সাল ভিত্তিক) পদে সমন্বিত নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
২১৪৭ দিন আগে