ফায়ার সার্ভিস
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কারখানার কাছে সাংবাদিকদের বলেন, বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কাজ করার সময় এক ফায়ারফাইটার শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন।
মহাপরিচালক বলেন, কারখানার ভেতরে এখনও কিছু বিচ্ছিন্ন আগুন রয়েছে। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।
কারখানার চারতলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের একটি ভবনেও ছড়িয়ে পড়ে।
কারখানার ভেতরে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায় জানিয়ে মহাপরিচালক জুনাইদ বলেন, আগুন লাগা ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি তলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, এদিন সকাল সোয়া ১০টার দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২১টি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে কাজ করে।
টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
আগুন নেভানোর কাজে সহায়তা করতে পানি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) এ কার্যক্রমে যোগ দেয়।
আগুন দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা ওষুধ, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে বলে জানা গেছে।
১ দিন আগে
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির ইউনিট-২-এ আগুন লাগে।
এরপর সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং আগুন নেভাতে ইউনিট পাঠায়।
টঙ্গী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা মডার্ন, মিরপুর, কুর্মিটোলা, রাজেন্দ্রপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
১ দিন আগে
শীতলক্ষ্যায় স্পিডবোট থেকে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ
নারায়ণগঞ্জে নিজেদের পন্টুনের সামনের কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক সদস্য।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর নিতাইগঞ্জের ফায়ার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
নিখোঁজ সাদিক (২৬) নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি। পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারই ছিল তার কাজ।
গত মাসে সিদ্ধিরগঞ্জের লেকে গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধারের কাজেও ছিলেন সাদিক। তার বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রামে। ঐ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে সাদিক গত বছর সেরা ডুবুরি হিসেবে ফায়ার সার্ভিস পদক পেয়েছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।
আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের জেটির সামনে কচুরিপানা জমে থাকে। এসব কচুরিপানা পরিষ্কারে কাজ করছিলেন নিখোঁজ সদস্যসহ তিনজন। স্পিডবোটের সামনের দিকে থাকা সাদিক ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান।
তার সঙ্গে থাকা অপর দুই সদস্যের বর্ণনা অনুযায়ী, সামনের দিকে থাকা সাদিক পড়ার সময় মাথায় আঘাত পেয়েছিলেন বলে ধারণা করছি। কেননা, তিনি প্রশিক্ষিত ডুবুরি, কোনো আঘাত না পেলে তিনি এভাবে নিখোঁজ হতেন না। নিখোঁজ সহকর্মীকে খুঁজতে ফায়ার সার্ভিস ছাড়াও কোস্টগার্ডের সদস্যরাও শীতলক্ষ্যা নদীকে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
তবে বিকেল ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাদিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে সাদিকের পরিবারের সদস্যরা শীতলক্ষ্যা নদীর ডালপট্টি ফায়ার ঘাটে এসেছেন।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল। তাকে নিখোঁজ পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দেখা যায়।
৯১ দিন আগে
ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতার বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের জন্য বিশেষ ভাতা হিসেবে ‘ফায়ার অ্যান্ড রেসকিউ ভাতা’ এবং ফ্রেশ মানি প্রদানের বিষয়টি পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, পদক বিতরণ এবং পাসিং আউট প্যারেড অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সারা দেশে ৫৩৮টি ফায়ার স্টেশনের মাধ্যমে ফায়ার সার্ভিস সেবা প্রদান করে যাচ্ছে যা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। এ বিবেচনায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, ইতোমধ্যে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের লক্ষ্যে ১০০টি অ্যাম্বুলেন্স সংগ্রহের কাজও চলমান রয়েছে। তাছাড়া ডুবুরিদের সক্ষমতা বাড়াতে ৭২টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে যা বাস্তবায়িত হলে নৌ-দুর্ঘটনা মোকাবিলায় এ বাহিনীর সেবা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
১৪৯ দিন আগে
কুষ্টিয়ায় গভীর রাতে ৩ দোকান আগুনে পুড়ে ছাই
কুষ্টিয়ার কুমারখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একটি আসবাবপত্র, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান এবং একপল্লী চিকিৎসকের চেম্বার পুড়ে অন্তত ২৫-৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, আসবাবপত্রের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত আগুন তা জানা যায়নি।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন— কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী জাকির হোসেন, কম্পিউটার ও ফটোকপি মেশিনের ব্যবসায়ী ফয়সাল শেখ এবং দন্ত চিকিৎসক শরিফ উদ্দিন।
স্থানীয়রা জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লাহিনীপাড়া এলাকার তিনটি দোকানে দাউ দাউ করে আগুন দেখতে পান তারা। পরে চিৎকার চেঁচামেচি করে সকলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর এলাবাবাসী ও ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সকল মালামালসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা বাপ্পী হোসেন জানান, আগুন দেখে সবাই ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। শেষ মূহুর্তে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে তিনটি দোকান পুড়ে গেছে।
জাকিরের ভাই লালন হোসেন বলেন, ‘আমার ভাইয়ের দোকানে কাঠ, ফার্নিচার, যন্ত্রপাতিসহ ১৫ - ২০ লাখ টাকার মাল ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।’
তিনি বলেন, তিনটি দোকানে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সমন্ধে কিছু জানা যায়নি।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন ফোনে বলেন, খবর পেয়ে ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করা গেলেও তিনটি দোকান পুড়ে গেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।
২৩৫ দিন আগে
গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের ওপর কাপড়ের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পেয়ে ৫টা ৩৩ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। আগুন নেভাতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
২৯৩ দিন আগে
৭ ঘণ্টার চেষ্টায় জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
প্রায় সাত ঘণ্টার চেষ্টায় ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় অবস্থিত জমেলা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর এখন তা পুরোপুরি নির্বাপনের কাজ চলছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে, ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে ভবনটি থেকে মোট ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রচুর ধোঁয়ার কারণে তিনটি ব্রিদিং টেন্ডার, একটি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে সদর দপ্তর থেকে জানানো হয়েছে।
এর আগে, আজ (শনিবার) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় বাবুবাজার ব্রিজ-সংলগ্ন ওই ভবনটির নিচতলার ঝুট কাপড়ের গুদামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গুদামে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
৩০৬ দিন আগে
মিরপুরে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে: ফায়ার সার্ভিস
রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়িতে একটি তৈরি পোশাক কারখানা ও একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গার্মেন্টস ভবন থেকে ১৬টি অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, তবে খালি চোখে সেগুলোর কোনোটিরই পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘গার্মেন্টসটির ছাদ টিনশেড ছিল। ছাদ ও গেট তালা মারা থাকায় দ্বিতীয় এবং তৃতীয় তলায় লোকজন আটকে পড়ে। মৃতদেহগুলো সেই দুই তলা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজন স্বেচ্ছাসেবক আহত হয়েছেন। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি বলেন, প্রচণ্ড তাপে তাদের মুখ সম্পূর্ণ পুড়ে গেছে, তাই পরিচয় শনাক্ত সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় শনাক্ত করতে হবে।
আরও পড়ুন: মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬
রাসায়নিক বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসের কারণে তারা অচেতন হয়ে সঙ্গে সঙ্গে মারা যান বলে জানান তিনি।
তাজুল ইসলাম বলেন, ‘কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আরও সময় লাগবে। ক্যামিকেল গোডাউনে ৬ থেকে ৭ ধরনের কেমিকেল ছিল। সাধারণত আগুন ধরার সঙ্গে সঙ্গেই দ্রুত ছড়িয়েছে, তাই গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনের কোনো লাইসেন্স ও অনুমোদন ছিল না। এখানে কতজন কাজ করত সেই হিসাবও পাওয়া যায়নি।’
এর আগে আজ মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পাঁচ ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও সাত ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা রাসায়নিকের গোডাউনেও। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। এরপর তাদের সঙ্গে সহায়তায় যোগ দেন পাশে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও বিজিবি।
৩৬৬ দিন আগে
গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান
গাজীপুরের কোনাবাড়ী কাঁচা বাজারে অগ্নিকাণ্ডে ১৬টি মুদি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে কলাপট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নগরের কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, আজ (সোমবার) সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বাজারের ১৬টি দোকানে ব্যাপক ক্ষতি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: নরসিংদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ‘অর্ধশতাধিক’ দোকান ভস্মীভূত
৪৬৫ দিন আগে
পুরানা পল্টনের বহুতল ভবনে আগুন
রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সোমবার (২ জুন) সকাল ৬টা ৫৫ মিনিটে পুরানা পল্টনে একটি ১০তলা ভবনের ৬ তলার একটি অফিসকক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা। পরে সকাল ৭টা ১৮ দিকেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: মানিকগঞ্জে কালীমন্দিরে আগুন, খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ১ মিনিটেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পাঁচটি ইউনিট মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া, সকাল ৮টা ৮ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় বলে জানান তিনি।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
৫০০ দিন আগে