আর্জেন্টিনা
চুয়াডাঙ্গায় ২ হাজার ফুট আর্জেন্টিনা পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রায় ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক অংশ নেন। এ সময় আকাশি-সাদা রঙে ছেয়ে যায় শহরের প্রধান সড়কগুলো।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহিদ হাসান চত্বর (চৌরাস্তা মোড়), কোর্ট মোড়, কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সারিবদ্ধভাবে ২ হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনা পতাকা বহন করেন। এ সময় প্রিয় দলের জার্সি, বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে স্লোগান দেন তারা। বিশ্বকাপের গান ও বাদ্যযন্ত্রের তালে তালে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন সমর্থকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনা সমর্থকদের এ আয়োজনের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কণ্ঠশিল্পী শান্ত আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার ক্রীড়া সম্পাদক সাংবাদিক শামসুজ্জোহা রানা, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী আদিব জোয়ার্দ্দার।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক শেখ লিটন বলেন, চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যা অনেক। বিশ্বকাপ এলেই আমরা সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করি। এবারও আমরা আশা করছি, আর্জেন্টিনা ভালো খেলবে এবং শিরোপা জয়ের লড়াইয়ে থাকবে।
৩ দিন আগে
দুধ-সেভেন আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান
দেশজুড়ে ব্রাজিলের জার্সি পরিহিত অবস্থায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের খবর দেখে ক্ষোভ প্রকাশ করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন বরিশালের এক শিক্ষার্থী।
রবিবার (১৪ জুন) দুপুরে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের জিরো পয়েন্ট এলাকায় দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করে প্রতীকীভাবে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেন তাওহীদ ইসলাম। পরে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা তাকে নিজেদের সমর্থক হিসেবে বরণ করে নেন।
তাওহীদ ইসলাম বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই, এটা স্বাভাবিক। কিন্তু দেশব্যাপী ব্রাজিলের জার্সি পরা চোর ধরা পড়ার ঘটনায় আমি মর্মাহত। শুধু চুরি নয়, ব্রাজিলের সমর্থক পরিচয়ে ইভটিজিংয়ের ঘটনাও ঘটছে। এসব কারণে আমার বান্ধবীরাও আমাকে নানা কথা বলে। তাদের কথায় অনুপ্রাণিত হয়ে আমি দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ত্যাগ করেছি এবং আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত আকিবুল ইসলাম জানান, দুধ ও সেভেন আপ দিয়ে গোসল করার পাশাপাশি শপথবাক্য পাঠের মাধ্যমে তাওহীদ ইসলাম ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা তাকে আর্জেন্টিনা সমর্থক হিসেবে স্বাগত জানিয়েছি।’
ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে কৌতূহলের সৃষ্টি হয় এবং উপস্থিত অনেকেই বিষয়টিকে ফুটবল সমর্থকদের মধ্যে মজার এক ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখেন।
৫ দিন আগে
ঋণের টাকায় আর্জেন্টিনার রঙে গ্রাম রাঙালেন ঈশ্বরগঞ্জের ‘সুমন মেসি’
ফুটবলপ্রেমীরা প্রিয় দলকে সমর্থন জানাতে নানাভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড় ওরফে ‘সুমন মেসি’ সেই ভালোবাসাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছেন নিজের গ্রাম, ঘরবাড়ি ও ভ্যানগাড়ি।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন সুমন গৌড়। ভ্যান চালিয়ে সংসার চালানো এই আর্জেন্টিনা সমর্থক আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন। সেই অর্থে তিনি প্রিয় দল আর্জেন্টিনার প্রচারে নেমেছেন।
নিজের ঘর ও একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজানোর পাশাপাশি এলাকায় টানিয়েছেন বড় আকারের ১৬টি আর্জেন্টিনার পতাকা। কিনেছেন আর্জেন্টিনার রঙের জার্সি, এমনকি লুঙ্গিও।
৬ দিন আগে
আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা বাংলাদেশের
অগ্রাধিকারমূলক খাতগুলোতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়াতে অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলো চিহ্নিত করেন।
বৈঠকে তারা বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে আমদানি-রপ্তানি বৈচিত্র্যকরণ, কৃষিতে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করা এবং ফুটবলের বিদ্যমান সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া জ্বালানি বাণিজ্য, সরবরাহ চেইন অংশীদারত্ব এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে একটি বহু-খাতভিত্তিক সংলাপের প্রস্তাব দেন।
তিনি ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করার প্রশংসা করেন এবং সম্প্রতি বুয়েনস আইরেসে বাংলাদেশের দূতাবাস পুনরায় খোলার বিষয়ে আর্জেন্টিনার সম্মতির জন্য ধন্যবাদ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্বিপাক্ষিক কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বুয়েনস আইরেসে বাংলাদেশের আবাসিক মিশনটি যত দ্রুত সম্ভব কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে আর্জেন্টিনার মূল্যবান সমর্থন কামনা করেন।
এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্বে নিযুক্ত হওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের প্রতি আর্জেন্টিনা সরকারের শুভকামনাও পৌঁছে দেন তিনি। রাষ্ট্রদূত বলেন, নতুন নেতৃত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পথে রয়েছে।
এর আগে, আর্জেন্টিনার রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিমন্ত্রী দুই দেশের মানুষের মধ্যে বিদ্যমান অনন্য বন্ধন—বিশেষ করে ফুটবলের মাধ্যমে তৈরি হওয়া সম্পর্কের কথা তুলে ধরেন এবং তরুণ ও নারী ফুটবল উন্নয়নে কাঠামোগত সহযোগিতার প্রস্তাব দেন।
শামা ওবায়েদ ব্যবসায়িক নেটওয়ার্ক বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করতে ‘বাংলাদেশ-আর্জেন্টিনা চেম্বার অব কমার্স’-এর মতো একটি প্ল্যাটফর্ম তৈরির ওপর জোর দেন। তিনি তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশ থেকে ওষুধ, সিরামিক এবং পাটজাত পণ্য আমদানির প্রস্তাব দেন।
উভয় পক্ষই বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করে। সুনির্দিষ্ট ও ফলাফলভিত্তিক পদক্ষেপের মাধ্যমে এই অংশীদারত্বকে একটি গতিশীল ও বহুমাত্রিক পর্যায়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
১০৬ দিন আগে
ব্রাজিল-একুয়েডরের বিশ্বকাপ নিশ্চিত, হেরে টানা তৃতীয়বার ব্যর্থ চিলি
দিনটি ছিল কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিন। সেলেসাওদের দায়িত্ব নিয়ে শুরুটা ভালো না হলেও ঘরের মাঠে এদিন প্যারাগুয়ের বিপক্ষে জিতে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। এর মাধ্যমে ইতালীয় এই কোচের বিশেষ দিনটি আরও রাঙিয়েছেন তার শিষ্যরা।
সাও পাওলোর করিন্থিয়ান্সে বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল।
৪৪তম মিনিটে ভিনিসিয়ুসের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। এটি আনচেলত্তির অধীনে ব্রাজিল দলেরও প্রথম গোল। প্রথম ম্যাচে একুয়েডরের মাঠে গোলশূন্য ছিলেন ভিনি-কাসেমিরোরা।
এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল। পাশাপাশি আর্জেন্টিনার পর দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয়ে গেছে তাদের।
অপর ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে শেষের অন্তত ২০ মিনিট দশজনের দলে পরিণত হয়েও থিয়াগো আলমাদার শেষের গোলে হার এড়িয়েছে আর্জেন্টিনা। এই ড্রয়ে ব্রাজিলের সমান ম্যাচে ১১ জয় ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে লিওনেল স্কালোনির দল।
আরেক ম্যাচে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে পঞ্চমবারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে একুয়েডর। তাদের পয়েন্টও ব্রাজিলের সমান, ১৬ ম্যাচে ২৫। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলকে টপকে আর্জেন্টিনার পরই জায়গা করে নিয়েছে দলটি।
৩৭৩ দিন আগে
ব্রাজিলকে বিধ্বস্ত করে ‘সবার আগে’ বিশ্বকাপে আর্জেন্টিনা
ম্যাচের আগে রোমারিওকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনাকে হারানোর প্রত্যয় প্রকাশের পর কেবল রাফিনিয়ার চেষ্টাটাই চোখে পড়ল, ভিসিনিয়ুস-রদ্রিগোদের খুঁজেই পাওয়া গেল না। অপরদিকে, দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্সের দুর্দান্ত প্রদর্শনীতে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বুয়েনস আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
এর ফলে লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে আগেভাগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা।
এদিন ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে উড়তে থাকা হুলিয়ান আলভারেস। চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদার পাস বক্সে পেয়ে তা হারানোর মুখে কোনোমতে জালে জড়িয়ে দেন লা আরানিয়া।
শুরুর ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেওয়ার আগে ফের আরও এক ধাক্কা খায় ব্রাজিল। ছোট ছোট পাসে আক্রমণে উঠে প্রতিপক্ষের বক্সের মধ্যে পাস বাড়ান নাহুয়েল মলিনা। বল ব্রাজিলের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সে থাকা এনসো ফের্নান্দেসের কাছে। গোলের অত কাছাকাছি থেকে বল ঠিকানায় পাঠাতে ভুল হয়নি চেলসি মিডফিল্ডারের।
এরপর ২৬তম মিনিটে এক গোল পরিশোধ করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। নিজেদের বক্সের কিছুটা বাইরে বল নিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন ক্রিস্তিয়ান রোমেরো। এরপর ছুটে গিয়ে তার কাছ থেকে বল কেড়ে নিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন উলভারহ্যাম্পটন ফরোয়ার্ড মাথেউস কুনিয়া।
এর দশ মিনিট পর অবশ্য ফের এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা, কিন্তু আলমাদার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক বেন্তো।
তবে পরের মিনিটে দারুণ ছন্দে খেলতে থাকা দলটিকে আটকে রাখতে পারেনি সেলেসাওরা। এনসোর পাঠানো ক্রসে চমৎকার এক ভলিতে ঠিকানা খুঁজে নেন লিভারপুল মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তের।
ফলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাতিন আমেরিকার সবশেষ দুবারের চ্যাম্পিয়নরা।
৪৫০ দিন আগে
আর্জেন্টিনা থেকে গম এলো চট্টগ্রাম বন্দরে
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনা থেকে আবারও ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার মেট্রিক টন গম
এর আগে ৫ জানুয়ারি আর্জেন্টিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম নিয়ে এসেছিল এমভি ইলপিডা জিআর নামে আরেকটি জাহাজ।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে এমভি ইন্ডিগো ওমেগা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এতে আরও বলা হয়েছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবার গম খালাসের কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৪৯১ দিন আগে
আর্জেন্টিনা থেকে এলো ৫০ হাজার মেট্রিক টন গম
দক্ষিণ আমেরিকার দেশ আর্জেটিনা থেকে ৫০ হাজার ২০০ টন গম এসেছে দেশে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলাম বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫০ হাজার ২০০ টন গম নিয়ে এমভি ইলপিডা জিআর নামে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
এতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের মধ্যে ৩০ হাজার ১২০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং ২০ হাজার ৮০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে। ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে গম খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
৪৯৯ দিন আগে
আর্জেন্টিনার সঙ্গে ফুটবল সম্পর্ককে অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আবেগময় ফুটবল সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেজা রবিবার (১৯ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের জনগণের বিপুল সমর্থনের কথা উল্লেখ ড. ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এর ওপর ভিত্তি করে সামনে এগোতে পারি। ক্ষেত্র প্রস্তুত রয়েছে। আমরা আবেগপূর্ণ সম্পর্ককে অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে নিতে পারি।’
এক্ষেত্রে আর্জেন্টিনার ব্যবসায়ীদের একক বা যৌথ মালিকানায় তুলাভিত্তিক শিল্পে বিনিয়োগের সুযোগ খোঁজার পাশাপাশি জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখার কথা বলেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: আর্জেন্টিনার সঙ্গে বহুমাত্রিক সম্পর্কের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান বাংলাদেশের
রাষ্ট্রদূত সেজা প্রধান উপদেষ্টাকে বলেন, আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য বিশাল সম্ভাবনাময় হতে পারে। তিনি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আমাদের মধ্যকার সুসম্পর্ককে আমরা দুই দেশের উপকারের জন্য ব্যবহার করতে পারি।’
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বর্তমানে আর্জেন্টিনার প্রায় ৭০০ মিলিয়ন ডলারের বাণিজ্য তাদের অনুকূলে রয়েছে এবং বাংলাদেশ থেকে আমদানি বাড়িয়ে তারা এই সম্পর্ককে ভারসাম্যপূর্ণ করতে চান।
আর্জেন্টিনা থেকে সয়াবিন, গম, ভুট্টা ও কাঁচা তুলাসহ অন্যান্য পণ্য আমদানি করে বাংলাদেশ। এর বিপরীতে বাংলাদেশ থেকে বছরে প্রায় ২২ লাখ ডলারের পোশাক আমদানি করে।
তুলা, যৌথ বিনিয়োগ, ওষুধ, বস্ত্র, ফুটবল সহযোগিতা (নারী ফুটবলসহ), ক্ষুদ্রঋণ, এলএনজি, ধানের রোগ সম্পর্কিত বিষয়গুলোতে দুই দেশের ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর জোর দেন মার্সেলো সেজা।
আর্জেন্টিনায় ক্ষুদ্রঋণ চালুর ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতাও কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত ২০২৪ সালের ২৯ আগস্ট গুম প্রতিরোধে আর্জেন্টিনার সক্রিয়ভাবে গৃহীত গুম থেকে সব মানুষের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে (আইসিপিপিইডি) সইয়ের মাধ্যমে জোরপূর্বক গুম প্রতিরোধে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
৫১৬ দিন আগে
লাউতারো মনোনয়ন না পাওয়ায় ইন্টার প্রেসিডেন্টের ক্ষোভ
গত মৌসুম থেকে দারুণ ছন্দে রয়েছেন ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ইতালিয়ান ক্লাবটির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও মাঠে আলো ছড়িয়ে চলেছেন এই ফুটবলার। তবে তা স্বত্ত্বেও ফিফার ‘দ্য বেস্ট’-এর সংক্ষিপ্ত তালিকায় তাকে মনোনীত না করায় মোটেও খুশি নয় ইন্টার মিলান কর্তৃপক্ষ।
শুক্রবার ফিফার ওয়েবসাইটে ২০২৪ সালের দ্য বেস্টের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। ১১ জনের ওই সংক্ষিপ্ত তালিকায় রিয়াল মাদ্রিদের ৬ খেলোয়াড়সহ আছে ব্যালন দ’র জয়ী রদ্রি ও মেসির নাম। তবে ইন্টারের হয়ে ঘরোয়া ডবল ও আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতেও ফিফার সেরাদের তালিকায় স্থান করে নিতে পারেননি লাউতারো।
এ বিষয়ে ক্ষোভ ঝেড়েছেন নেরাজ্জুরিদের প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা। ২০২৩-২৪ মৌসুমে মোট ৪৪ ম্যাচে ২৭ গোল করে ইন্টারকে স্কুদেত্তো ও ইতালিয়ান সুপার কাপ জিতিয়ে এবং আর্জেন্টিনার জার্সিতে ১৬ ম্যাচে ১১ গোল করে দলটিকে কোপা আমেরিকা জিতিয়েও কীভাবে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড মনোনয়ন পান না, তা বুঝতে পারছেন না মারোত্তা।
ফিফার সমালোচনা করে তিনি বলেন, ‘অসাধারণ একটি মৌসুম কাটানোর পরও লাউতারোকে ফিফা দ্য বেস্ট মেন’স প্লেয়ারের জন্য মনোনীত না করাটা সত্যিই আশ্চর্যের, একইসঙ্গে বিষয়টি হতাশারও। কোপা আমেরিকায় সে সর্বোচ্চ গোলদাতা ছিল, লিগেও (সেরি-আ) তা-ই। লাউতারো আরও বেশি সম্মান ও স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।’
আরও পড়ুন: ফিফা বর্ষসেরার তালিকায় মেসি
গত মৌসুমটি সত্যিই লাউতারো মার্তিনেসের জন্য অসাধারণ এক মৌসুম ছিল। ইন্টারকে ১৯তম স্কুদেত্তো জেতানোর অভিযানে মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করেন তিনি। সেরি-আয় গত মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পাশাপাশি লিগের গোল্ডেন বুটও (সর্বোচ্চ গোলদাতা) জিতেছেন ইন্টার অধিনায়ক।
ইতালিয়ান সুপাকাপের ফাইনালে তার একমাত্র গোলেই নাপোলিকে হারায় ইন্টার মিলান। ফাইনাল ম্যাচের সেরা ফুটবলারও হন এই আর্জেন্টাইন।
এরপর জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ে তার ছিল বড় ভূমিকা। ফাইনালে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের একমাত্র গোলেই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আসরের সর্বোচ্চ গোলদাতা হয়ে জেতেন কোপা আমেরিকার গোল্ডেন বুটও।
সব মিলিয়ে গত মৌসুমে ৫৮ ম্যাচে ৩৫ গোল ও ৮ অ্যাসিস্টের মাধ্যমে মোট ৪৩ গোলে অবদান রাখেন তিনি।
এমনকি, ক্লাব ও জাতীয় দলে ভূমিকার জন্য লাউতারোর আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিকে মনোনীত করা হলেও একই রকম অর্জন নিয়ে বাদ পড়েছেন তিনি।
৫৬৭ দিন আগে