গোপালগঞ্জ
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। এছাড়া আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার ব্যাপারে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর পদত্যাগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫১ জন নেতাকর্মী দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা জানান, এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
রবিবার (২ আগস্ট) সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুকসুদপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পদত্যাগকারীরা দলীয় সব পদ-পদবি ও সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—মুকসুদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা, সদস্য পলাশ মোল্লা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, সালাম মোল্লা, হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, রশিদ শেখ, মফিজ শরীফ, হাসিব শেখ, সুমন শেখ, আমিরুল শরীফ, মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, তারেক মোল্লা ও আশরাফ আলী।
এছাড়া ৫ নম্বর ওয়ার্ডের হান্নান শেখ, শাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হেমায়েত ফকির ও সদস্য নাসিরুদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।
এ ছাড়াও মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহ-সভাপতি প্রণয় কর্মকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, সদস্য নিপেন পান্ডে, বুদ্ধি কান্তি পান্ডে, মৃতুঞ্জয় পান্ডে, ৬ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খিপু মোল্লা, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াদ আলী মোল্লা, মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত ও গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাসও পদত্যাগকারীদের তালিকায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারীরা বলেন, তারা আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি ও সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ থেকে দলের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক নেই বলেও ঘোষণা দেন তারা।
১৫ দিন আগে
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে মাদকসেবী আলীম কাজী তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করেন। এ সময় ইসলাইল কাজী ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে, ক্ষিপ্ত হয়ে বঁটি দিয়ে বাবার গলায় কোপ দেন আলীম। পরে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল কাজীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
পুলিশের তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ সাজা দেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
৩৫ দিন আগে
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৫ জন নিহত
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে সৃষ্ট দু্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এর ফলে মোটরসাইলের দুই আরোহীসহ ৪ জন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল থেকে ১২ বছরের আরও একটি শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতদের মধ্য একজন অন্তঃসত্ত্বা নারী, একটি শিশু এবং ৩ জন পুরুষ রয়েছেন।
দুর্ঘটনার পর গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান ও পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
৮২ দিন আগে
বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ, ঝড় উঠলেই শিক্ষক-শিক্ষার্থীরা ছোটেন শৌচাগারে
আকাশে মেঘের ঘনঘটা আর বাতাসের তীব্রতা বাড়লেই গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৮৬ নম্বর তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে জরাজীর্ণ একাডেমিক ভবন ছেড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে আশ্রয় নেন বিদ্যালয়ের শৌচাগার—ওয়াস ব্লকে।
শনিবার (২ মে) দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হলে আবারও দেখা যায় এই চরম আতঙ্কের দৃশ্য। ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ধসে পড়ার ভয়ে পাঠদান বন্ধ করে দিয়ে খুদে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন শিক্ষকরা।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের পুরোনো এই ভবনটির দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে নিয়মিত, আর কাঠামোগত দুর্বলতা এতটাই প্রকট যে ভবনটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সামান্য দুর্যোগেই সবাই ক্লাস বন্ধ করে ওয়াস ব্লকে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।
শনিবার ঝড়ের পর বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ হাওলাদার বলেন, ‘আজ দুপুরে ঝড় শুরু হতেই আমরা শিক্ষার্থীদের দ্রুত ওয়াস ব্লকে সরিয়ে নেই। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে বসে ক্লাস নেওয়া এখন অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় দ্রুত বিকল্প ব্যবস্থা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।’
জানা গেছে, কয়েক মাস আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হক বিদ্যালয়টির এই করুণ দশা দেখে একটি টিনশেড ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছিলেন। সেই অনুযায়ী এলজিইডি’র প্রকৌশলী ‘ইস্টিমেট’ বা খরচের তালিকা প্রস্তুত করেছিলেন। কিন্তু অভিযোগ উঠেছে, ইউএনও বদলি হওয়ার পরপরই উপজেলা প্রকৌশলী শফিউল আজম সেই বরাদ্দটি বাতিল করে দেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষক ওয়ালিউল্লাহ হাওলাদার বলেন, ‘আগের ইউএনও স্যার বরাদ্দের পর কাজের ইস্টিমেটও হয়েছিল। কিন্তু তিনি বদলি হতেই উপজেলা ইঞ্জিনিয়ার বরাদ্দ বাতিল করে দেন। আমরা পরবর্তীতে ঘর নির্মাণের জন্য তার কাছে গেলে তিনি আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ওই সময়ে ঘরটি নির্মাণ হলে আজ আমাদের এই চরম আতঙ্কের মধ্যে পড়তে হতো না।’
জরুরি এই বরাদ্দ বাতিলের খবরে অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, শিশুদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে এমন জনগুরুত্বপূর্ণ বরাদ্দ বাতিল করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক্ বলেন, ‘ঘটনাটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা প্রয়োজন সেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কেন টিনশেড ঘর নির্মাণের বরাদ্দ বাতিল করা হয়েছে, সেটিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।’
বর্তমানে চরম উৎকণ্ঠার মধ্যে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী দ্রুত একটি টিনশেড ঘর নির্মাণসহ স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে আগামী দিনে ঝড়-বৃষ্টির মধ্যে কোনো শিশুকে ওয়াস ব্লকে আশ্রয় নিতে না হয়।
১০৬ দিন আগে
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার মালেক বাজার নামক এলাকায় পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতি নিয়ে ওয়েলকাম পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে যায়। এ সময় ইমাদ পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে বাসটি ফেলে দেন। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
১১১ দিন আগে
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে সামিউল আলিম মোল্লা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ফকিরকান্দি নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা গ্রামের ইয়াসিন মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ইজিবাইকটি গোপালগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে শহরতলীর আড়পাড়ার দিকে যাচ্ছিল। ফকিরকান্দি এলাকায় মোড় নেওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এ সময় ইজিবাইকচালক ইয়াসিন মোল্লার ৩ বছর বয়সী ছেলে সামিউল আলিম মোল্লা ছিটকে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত শিশু সামিউলের মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
১১৬ দিন আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রায় গোপালগঞ্জের জনজীবন স্থবির
বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর (বুধবার) গোপালগঞ্জ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিল মাত্র ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের কারণে কোটালীপাড়া উপজেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
গোপালগঞ্জে গত পাঁচ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে দিনমজুররা কাজে বের হতে পারছেন না। কৃষকেরা দেরিতে মাঠে যাচ্ছেন। যে কারণে নিচু জলাভূমি অধ্যুষিত কোটালীপাড়ার একফসলি জমিতে বোরো ধান চাষ ব্যাহত হচ্ছে, যা কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবু সুফিয়ান জানান, আজ সকাল ৬টায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
দুপুরের পর শীতের তীব্রতা কিছুটা কমলেও অতিরিক্ত ঠান্ডায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিম্ন আয়ের মানুষের ওপর। তীব্র শীতে কাজে না যেতে পেরে তারা মানবেতর জীবনযাপন করছেন। শীতে কষ্টে রয়েছে গরু-ছাগলসহ বিভিন্ন গৃহপালিত পশু-পাখি। পাশাপাশি ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু ও বয়স্করা।
২৩০ দিন আগে
গোপালগঞ্জে কুকুরের তাড়া খেয়ে পড়ে প্রাণ গেল শিশুর
গোপালগঞ্জ সদর উপজেলায় কুকুরের তাড়া খেয়ে কাঁদাপানিতে পড়ে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগী চৌধুরী (১২) মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে। সে মৌলভীপাড়ার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের ফুফু সাবিনা আক্তার জানান, বুধবার দুপুরে স্কুল থেকে বাসায় আসার সময় রাস্তায় থাকা কুকুর সোহাগীকে তাড়া করে। এ সময় সে আতঙ্কিত হয়ে দৌড়ে বাসায় আসতে গিয়ে উঠানের কাঁদাপানিতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
জরুরি বিভাগের চিকিৎসক অমিত সরকার বলেন, দুপুরের দিকে সোহাগী নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দীন জানিয়েছেন, খবর পেয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩৫৫ দিন আগে
গোপালগঞ্জে রাজনৈতিক সমাবেশকে ঘিরে সহিংসতার তদন্তে কমিটি গঠন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৬ জুলাই গোপালগঞ্জের সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, জানমালের ক্ষয়ক্ষতি ও নাগরিক নিরাপত্তা ব্যাহত হওয়ার বিষয় এবং অন্যান্য ঘটনার বিষয়ে তদন্ত করবে এই কমিটি।
পড়ুন: এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: গোপালগঞ্জে আরও দুই মামলা দায়ের
তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিককে। এছাড়া কমিটির সদস্য রয়েছেন- স্বরারাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, যশোরের ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহীদুর রহমান ওসমানী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সরদার নূরুল আমিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী।
কমিটিকে রাজনৈতিক সভায় আক্রমণ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে সুপারিশ করতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে কমিটি। আর কমিটিকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
তদন্ত কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
৩৯০ দিন আগে