ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন ধরে চলা সংঘর্ষ বন্ধে আশ্বাস দিল দুই গ্রামবাসী
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও এক ব্যক্তির নিহতের ঘটনাকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে চলা সংঘর্ষ বন্ধে আশ্বাস দিয়েছে কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের হস্তক্ষেপে উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ষ থেকে বিরত থাকার আশ্বাস দেন। একই সঙ্গে আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের দাবি জানান তারা ।
বিকেলে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি তাজুল ইসলাম, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারসহ বিএনপির নেতারা গ্রামের সর্দারদের নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন।
গ্রামবাসীর জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নেতারা প্রথমে সূর্যকান্দি গ্রামে যান। সেখানে গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। পরে তারা ধরন্তী গ্রামে গিয়ে সংঘর্ষে নিহত খাদিম মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। একই সঙ্গে তারা ধরন্তী গ্রামের বাসিন্দাদের সঙ্গেও বৈঠক করে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। এ সময় ধরন্তী গ্রামের বাসিন্দারা খাদিম মিয়া হত্যা মামলায় ন্যায়বিচারের দাবি জানিয়ে সংঘর্ষ থেকে বিরত থাকার আশ্বাস দেন।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামবাসী গত তিন দিন ধরে সংঘর্ষে লিপ্ত রয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা আশ্বাস দিয়েছেন, আর সংঘর্ষে জড়াবেন না। বরং আইনিভাবে তারা তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে চান।’
প্রসঙ্গত, সূর্যকান্দি গ্রামের মোশাররফ মিয়ার কাছে ধরন্তী গ্রামের খাদিম মিয়া, আলাল ও আশিকের বিলের পাটি বিক্রির এক লাখ টাকা পাওনা ছিল। গত রবিবার সেই পাওনা টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধরন্তী গ্রামের খাদিম মিয়া নিহত হন।
এর জেরে সোমবার ও মঙ্গলবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। টানা তিন দিনের সংঘর্ষে পুলিশ সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
১৫ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় পাকা ধান তলিয়ে যেতে দেখে লুটিয়ে পড়লেন কৃষক, পরে মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানির নিচে পাকা ধান ডুবে যেতে দেখে জমির আইলে লুটিয়ে পড়ে আহাদ মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ইউনিয়নের রামপুর গ্রামের হরমুজ আলীর ছেলে ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক আহাদ এবার বোরো মৌসুমে ঋণ করে ছয় বিঘা জমিতে ধান রোপণ করেছিলেন। পাকার সময়ে হঠাৎ ভারী বৃষ্টি ও উজানের ঢলে সব ধান পানিতে তলিয়ে যায়। সকালে শ্রমিক নিয়ে জমিতে ধান কাটতে গিয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে তিনি অচেতন হয়ে পড়েন। পরে লোকজন তাকে অচেতন অবস্থায় বাড়িতে আনার সময় তিনি মৃত্যুবরণ করেন বলে জানান তারা।
স্থানীয় ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আহামেদ আলী বলেন, চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখে মানুষটা সহ্য করতে পারেননি।
নিহত কৃষকের ভাতিজা মোহাম্মদ ফারুক আহমেদ জানান, আজ (শনিবার) দুপুরে আহাদ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ জানান, একজন কৃষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আমাদের এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে নিহতের বাড়িতে পাঠানো হয়েছে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। কৃষি কর্মকর্তাকে সরেজমিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা চলছে।
৭৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে প্রবাসফেরত যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রাঘাতে আব্দুর রহমান (২৪) নামে প্রবাসফেরত এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার হেবজু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে প্রায় চার মাস আগে দেশে ফেরেন তিনি।
প্রত্যক্ষদর্শী অধ্যাপক আলী আজম মীর জানান, হঠাৎ করেই ঝড়ে আকাশ কালো মেঘে ঢেকে যায়। প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আব্দুর রহমান পাশের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে দাঁড়িয়েছিলেন। ঝড় থামার পরই এলাকাবাসী জানতে পারেন বজ্রপাতে আব্দুর রহমান নিহত হয়েছেন।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার জানান, দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
১০৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা ও জুনায়েদের সমর্থকদের মধ্যে মারামারি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইলে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব এর কর্মী ও সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো সংঘর্ষের রূপ নেয়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোটকেন্দ্রের বাইরে দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এ সময় ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রিসাইডিং কর্মকর্তা ১০ মিনিটের জন্য ভোট গ্রহণ বন্ধ রেখেছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতির স্বাভাবিক হওয়ায় বর্তমানে স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ চলছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
১৫৪ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আক্তার খন্দকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) রাতে উপজেলার কনিকাড়া এলাকার নবীনগর-রাধিকা সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আক্তার খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের হাসান মিয়ার সন্তান। তবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় গুরুতর আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চুরির অপবাদে ৩ নারীর চুল কাটার অভিযোগ, আটক ১
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪৩৩ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অলি মিয়া (৭০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার তাকে ছুরিকাঘাত করে আহত করা হয়।
আরও পড়ুন: বগুড়ায় মাদকসেবীর ছুরিকাঘাতে ইজিবাইকচালকের মৃত্যুর অভিযোগ
অলি মিয়া পৌর এলাকার উত্তর পৈরতলা এলাকার মৃত মতি মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানায়, অলি হকার্স মার্কেট এলাকায় পৌরসভার একটি শৌচাগার পরিচালনা করতেন। সেখানে দায়িত্বরত অবস্থায় তাকে ছুরিকাঘাত করে আহত করে দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচার মৃত্যু
৬৫৫ দিন আগে
মাদকের টাকার জন্য স্ত্রীকে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের টাকার জন্য স্ত্রী তানিয়া বেগমকে হত্যার অভিযোগ উঠেছে ফারুক (৩৪) নামে এক যুবকের বিরুদ্ধে। এরপর থেকে স্বামী পলাতক।
শুক্রবার (২৬ জুলাই) পৌর এলাকার পুনিয়াউট (হাসিনাবাগ) এলাকার ভাড়া বাসার বাথরুম থেকে তানিয়ার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকেকে কুপিয়ে হত্যার অভিযোগ
তানিয়া বেগম নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের রফিকুল ইসলাম ছোটন মিয়ার মেয়ে। আর স্বামী ফারুক জেলার কসবা উপজেলার খাড়েরা গ্রামের শাহআলম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ফারুক মাদকাসক্ত ছিল। বৃহস্পতিবার রাতে মাদকের টাকার জন্য ফারুক তার স্ত্রীকে মারধর করে। এর জেরে শুক্রবার ভোরে ফারুক শ্বাসরোধ করে তানিয়াকে হত্যা করে লাশ বাথরুমে ফেলে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘আমরা ফারুককে আটকের চেষ্টা করছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গায় কিশোর হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড
৭২০ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে গেছে ১৫ দোকান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নেছার ডাক্তারের টিনশেড মার্কেটে আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর দ্বিতীয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পোড়া দোকানগুলো হলো- বার্জার পেইন্টস ও আরএফএল কোম্পানির ডিলার মন্টু স্টোর, বাবুল ভ্যারাইটিজ স্টোর, সায়মা মোবাইল সার্ভিসিং, আরশ আলী টেইলার্স, হরিপদ টেইলার্স, আলী টেইলার্স ও সীতারাম চৌধুরীর সুবর্ণা জুয়েলার্সসহ আরও ৭টি দোকান।
সরাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার রিয়াজ আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এছাড়া মার্কেটের অগ্নিকাণ্ডে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান।
এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন- সরাইল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শের আলম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইয়া ও জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা।
আরও পড়ুন: সুন্দরবনে আগুন: বৃহস্পতিবার পুড়ে যাওয়া এলাকা পরিদর্শনে যাচ্ছে তদন্ত কমিটি
৩ দিন পর সুন্দরবনে আগুন নেভানোর ঘোষণা
৭৯৭ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৪
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে উপজেলার বিরাসার গ্রামে এই ঘটনা ঘটে।
এ সময় ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন: ভোলায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ২০
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে চারজনকে জনকে আটক করে।
জানা যায়, জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বিরাসার গ্রামের বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে, এর জেরে শনিবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
৮৩৮ দিন আগে
জেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করতে বললেন গণপূর্তমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে সমর্থন ও বিজয়ী করার জন্য কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আরও পড়ুন: বিজিএমইএ ভবন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করেই ভাঙা হবে: গণপূর্তমন্ত্রী
মোকতাদির চৌধুরী বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ব্যবধানে আমি বিজয়ী হয়েছি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে প্রত্যাশিত ভোট পায়নি এবং কয়েকটি কেন্দ্রে বিজয়ী হতে পারিনি। এসব কেন্দ্র সংশ্লিষ্ট কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক দুর্বলতা আছে বলেই এমনটি হয়েছে। এ দুর্বলতা যথা শিগগিরই কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল কর্মসূচি সফলভাবে উদযাপনের জন্য ছাত্রলীগ ও যুবলীগসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: কার্যক্রমের পরিধি বাড়ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের: গণপূর্তমন্ত্রী
জেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী ৭ মার্চ ইউনেস্কোর হেরিটেজ খ্যাত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ বক্তার উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: গ্রামাঞ্চলের আবাসন ব্যবস্থায়ও শৃঙ্খলা আনার চেষ্টা করা হবে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
৮৮১ দিন আগে