এডিটর-ইন-চিফ
ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হলেন অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন
অভিজ্ঞ সাংবাদিক ফরিদ হোসেন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম ঢাকা ফ্ল্যাশের এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন।
সাংবাদিকতায় পাঁচ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ ফরিদ হোসেন রাজনীতি, কূটনীতি ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা ফ্ল্যাশে ফরিদ হোসেনের যোগদান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজিং এডিটর জয়ন্ত কর্মকার বলেন, ‘তার মতো একজন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিককে আমাদের সঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের গণমাধ্যম অঙ্গন সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা ও গভীর জ্ঞান রয়েছে। তার সমৃদ্ধ অভিজ্ঞতা ঢাকা ফ্ল্যাশকে আরও পেশাদার, ভবিষ্যতমুখী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগের উপযোগী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের একটি সুস্পষ্ট ডিজিটাল মিশন রয়েছে। ফরিদ হোসেনের অন্তর্ভুক্তি সেই লক্ষ্য ও স্বপ্নকে আরও শক্তিশালী করবে। পাঠক, দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য খেলাধুলা, রাজনীতি, আন্তর্জাতিক বিষয়াবলি ও বিনোদনসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে বিশ্বাসযোগ্য তথ্য, বিশ্লেষণ ও মতামত তুলে ধরতে আমরা কাজ করছি।’
ফরিদ হোসেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি টাইম ম্যাগাজিন, কলকাতাভিত্তিক দ্য টেলিগ্রাফসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন।
পাঁচ দশকের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কাভার করেছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও সাংবাদিকতার দক্ষতা ঢাকা ফ্ল্যাশের সংবাদ, বিশ্লেষণ ও ডিজিটাল কনটেন্টের মান আরও সমৃদ্ধ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ঢাকা ফ্ল্যাশ একটি ঢাকাভিত্তিক ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। সংবাদ, বিশ্লেষণ, খেলাধুলা, আন্তর্জাতিক বিষয়াবলি, বিনোদন ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির পাশাপাশি একটি পেশাদার, বিশ্বাসযোগ্য ও আধুনিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
১০ দিন আগে
ইউএনবির উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিলেন সাংবাদিক ফরিদ হোসেন
বাংলাদেশের একমাত্র বেসরকারি বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) উপদেষ্টা সম্পাদক (অ্যাডভাইজরি এডিটর) হিসেবে যোগদান করেছেন ভারতে বাংলাদেশ হাইকমিশনের সদ্য সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক ফরিদ হোসেন।
প্রবীণ এই সাংবাদিক এক সময় আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বাংলাদেশ ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউএনবির এডিটর-ইন-চিফ এনায়েতউল্লাহ খান বলেন, ‘সাংবাদিক ফরিদ হোসেন ইউএনবির উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগদান করায় আমরা বেশ আনন্দিত। তার চার দশকেরও বেশি সময়ের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ইউএনবির আগামী পথচলাকে আরও মসৃণ ও গ্রহণযোগ্য করে তুলবে।’
তিনি বলেন, ফরিদ হোসেনের বর্তমান নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া সম্পর্কিত দক্ষতা ইউএনবিকে সাংবাদিকতার ডিজিটাল জগতে এগিয়ে যেতে সাহায্য করবে।
ইউএনবির প্রতিষ্ঠাতা সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ফরিদ হোসেন জীবনের বেশিরভাগ সময়ই আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করেছেন। এর মধ্যে ‘টাইম’ ম্যাগাজিন এবং কলকাতার ‘টেলিগ্রাফ’ অন্যতম।
মুক্তিযোদ্ধা ফরিদ হোসেন এক সময় বিদেশী গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ওভারসিস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগ দিলেন আফসান চৌধুরী
এদিকে সম্প্রতি প্রবীণ সাংবাদিক, লেখক, মুক্তিযুদ্ধের ইতিহাসবিদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত আফসান চৌধুরী ইউএনবি এবং ঢাকা কুরিয়ারে এডিটর এট লার্জ হিসেবে যোগদান করেন।
দেশব্যাপী শতাধিক সংবাদদাতার পাশাপাশি ইউএনবির নিউইর্য়ক, নয়াদিল্লি, বেইজিং, কায়রো, লস অ্যাঞ্জেলেস, লন্ডন, ব্রাসেলস, টোকিও, ভ্যাঙ্কুভার এবং সিঙ্গাপুরে আর্ন্তজাতিক সংবাদদাতা রয়েছে। এর ২ কোটি দর্শক, শ্রোতা এবং পাঠক রয়েছে।
বর্তমানে ইউএনবি বিশ্বের ৪০টিরও বেশি দেশের সাথে সংবাদ বিনিময় চুক্তি করেছে। যার মধ্যে রয়েছে ভারতের পিটিআই, চীনের সিনহুয়া, জাপানের কিয়োদো, মালেশিয়ার বার্নামা, দক্ষিণ কোরিয়ার ইউনাপ এবং এশিয়ানেট, রাশিয়ার আইটিএআর-টিএএসএস, আফ্রিকার এফএএপিএ, সাইপ্রাসের সিএএন, মরোক্কোর সংবাদ সংস্থা এমএপি, এশিয়া প্যাসিফিকের ওএএনএ উল্লেখযোগ্য।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত ইউএনবি দক্ষিণ এশিয়ায় বেসরকারিখাতে আত্মপ্রকাশ করা প্রথম পরিপূর্ণ ডিজিটাল বার্তা সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ তারবার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ইউএনবির সংবাদ বিনিময়ের অংশীদার।
এছাড়াও সংবাদ সংস্থা ওয়ার্ল্ড কংগ্রেসের (এনএডব্লিউসি) সদস্য ইউএনবি সর্বদা সংবাদের সত্যতা এবং যর্থাথতার ওপর গুরুত্ব দিয়ে আসছে।
১৯৪২ দিন আগে