কাতল মাছ
পদ্মার এক কাতল বিক্রি হলো ৫৭,৫০০ টাকায়
রাজবাড়ীতে পদ্মা নদী থেকে ধরা ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় নদীতে জাল ফেলেন জেলে লুৎফর রহমান ওরফে লুৎফর হালদার। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকি অনুভব করেন তিনি। দ্রুত জাল টেনে তুলতেই বিশাল আকৃতির কাতল মাছটি পাওয়া যায়।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
কেজিপ্রতি দুই হাজার ৪০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় ২৩ কেজি ওজনের মাছটি কেনেন তিনি।
চান্দু মোল্লা জানান, ভোরে মাছটি ধরা পড়ার পরপরই জেলে লুৎফর হালদার তাকে মুঠোফোনে বিষয়টি জানান। আড়ত থেকে মাছটি কেনার পর তিনি এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবং দেশ-বিদেশে থাকা পরিচিত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন।
একপর্যায়ে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী কেজিপ্রতি ১০০ টাকা লাভ দিয়ে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
ক্রেতার দেওয়া ঠিকানা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনে মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চান্দু মোল্লা।
তিনি বলেন, চলতি মৌসুমে এটিই তার কেনা সবচেয়ে বড় কাতল মাছ।
১৬ দিন আগে
পদ্মায় ধরা পড়ল ১৮ কেজি ওজনের কাতল
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে শুক্রবার দিবাগত রাতে জেলেদের জালে প্রায় ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের এক কাতল মাছ ধরা পড়ে।
শনিবার সকালে দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে মাছটি নিলামে বিক্রি হয়। ১৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা।
আরও পড়ুন: ১০০ কেজির বাগাড় মাছ, দাম উঠেছে ২ লাখ টাকা
স্থানীয় মৎস্যজীবীরা জানান, শুক্রবার দিবাগত রাতে পাবনার কাজির হাটের জেলে গুরুদেব হালদার সহকর্মীদের নিয়ে নদীতে মাছ ধরতে যান। রাত শেষের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের প্রায় তিন কিলোমিটার ভাটিতে চর করনেশনা এলাকায় জাল ফেলেন তারা। ভোরের দিকে জাল গুটিয়ে নৌকায় তোলার সময় দেখতে পান বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি নৌকায় তুলেই দৌলতদিয়া ফেরি ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে নিয়ে এসে ওজন দিয়ে দেখেন ১৮ কেজি ২০০ গ্রাম। পরে বিক্রির জন্য প্রকাশ্য নিলামে তোলেন। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট সংলগ্ন চাঁদনি-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা কিনে নেন।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারায় ১৫০ কেজি ওজনের বাগাড় মাছ!
মাছটির ক্রেতা চান্দু মোল্লা বলেন, শনিবার সকাল ৬টার দিকে প্রকাশ্য নিলামি উঠলে ১৪০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৪০০ টাকায় কাতল মাছটি কিনে নেই। মাছটি বর্তমানে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে বেধে রাখা হয়েছে। বিক্রির জন্য ঢাকাসহ বিভিন্ন স্থানের পরিচিতদের সাথে যোগাযোগ করা হচ্ছে।
তিনি আশা করছেন কাতলটি ১৪৫০ টাকা থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।
আরও পড়ুন: মহিপুরে ধরা পড়ল এক থেকে দেড় মণ ওজনের ৮টি পাখি মাছ
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এই অঞ্চলে ইলিশের দেখা তেমন একটা না মিললেও মাঝে মধ্যে বড় বড় কাতল, বোয়াল, পাঙ্গাশ, বাগাড় মাছ ধরা পড়ছে। এসব মাছ এই অঞ্চলের মানুষের জন্য আর্শীবাদ স্বরূপ। পদ্মা নদীর পানি আরও কমলে আরও অনেক ভালো মাছ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
১৮৯৭ দিন আগে