নথি চুরি
নওগাঁয় রায়ের নথি চুরি করে চাঁদা দাবি, কর্মচারীসহ গ্রেপ্তার ৪
নওগাঁয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের রায়ের জন্য অপেক্ষামাণ গুরুত্বপূর্ণ নথি চুরি করে চাঁদা দাবির অভিযোগে দুই কমর্চারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশের সদস্যরা। সেইসঙ্গে চুরি হওয়া নথিও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩মে) দুপুর ১টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২১মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার ওই নথিগুলো হারিয়ে যায়। এরপর শুক্রবার (২২মে) দিনব্যাপী রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন— নওগাঁ সদর উপজেলার সিংবাচা গ্রামের এস এম আকাশ (২৬), যুগ্ম জেলা ও দায়রা আদালতে-২-এর পিয়ন পলাশ হোসেন। পলাশের ভাই সাপাহার সাব জজ আদালতের পিয়ন আরিফ এবং শহরের বকুল তলা এলাকার সবুজ (৪০)। তিনি কোর্টের মুহুরী হিসেবে কাজ করতেন।
পুলিশ সুপারের তত্ত্বাবধানে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবের নেতৃত্বে একটি চৌকষ দল দিনব্যাপী এই অভিযানটি পরিচালনা করেন।
তারিকুল ইসলাম বলেন, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর ৯০৪/২০২২ নম্বর মামলাটির রায় ঘোষণা হবার কথা ছিল। কিন্তু তার আগেই ওই মামলার নথি চুরি হয়ে গেছে। সেইসঙ্গে চুরি হওয়া নথিটি ফেরত দেওয়ার বিনিময়ে একটি অজ্ঞাত নাম্বার থেকে আদালতের এক কর্মচারীর নিকট ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।
তিনি বলেন, বিষয়টি গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ নওগাঁ হতে রায়ের জন্য অপেক্ষামাণ একটা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে গেছে জানার পর ডিবি পুলিশকে দ্রুত চোর শনাক্তসহ মামলার নথি উদ্ধারের জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর চুলচেরা বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই মূল চোরকে শনাক্ত করে প্রথমে রাজশাহীর বাগমারায় অভিযান পরিচালনা করা হয়। পরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের সিংবাচা বাজার থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। এবং তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় একটি খড়ের পালা থেকে নথিটা বের করে দেন।
এসপি বলেন, পরবর্তীতে আকাশের দেওয়া তথ্যমতে নওগাঁ সদর ও বগুড়া জেলার আদমদিঘি উপজেলায় অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা আদালতে-২-এর পিয়ন পলাশকে ও তার ভাই পিয়ন আরিফ এবং সর্বশেষ কোর্টের মুহুরী সবুজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আসামি আকাশ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে তিনজনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকা আসামির কথা উল্লেখ করেন। এর পেছনে কী উদ্দেশ্যে আছে, তা উদঘাটন করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।
১৪ দিন আগে
নথি চুরির ঘটনায় আমরা ক্ষুব্ধ: স্বাস্থ্যমন্ত্রী
সচিবালয়ে নথি চুরির ঘটনাটি ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে বিষয়টি নিয়ে তারা ‘ক্ষুব্ধ’ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘নথি চুরির বিষয়টি নিয়ে আমরা ক্ষুব্ধ। এ ঘটনায় আমরা যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তদন্তের পর যা যা ব্যবস্থা নেয়া দরকার,আমরা নেব।’
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তবে মন্ত্রণালয় থেকে এ ঘটনায় আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না তা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি কর্তৃক আয়োজিত ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জ্যৈষ্ঠ সচিব লেকমান হোসেন মিয়া।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সন্ধানী উপদেষ্টা সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এম. শারফুদ্দিন আহমেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।
আরও পড়ুন: মন্ত্রণালয়ের নথি গায়েব: সিআইডি হেফাজতে রাজশাহীর ঠিকাদার
খালেদার বিদেশ যাত্রা: আইন মন্ত্রণালয়ের মতামতের নথি স্বরাষ্ট মন্ত্রণালয়ে
পাপুলের স্ত্রী-মেয়ের জামিন আবেদনে নথি জালিয়াতি তদন্তের নির্দেশ
১৬৭৭ দিন আগে