জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
নতুন ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
বাংলাদেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অতীতের মতো এবারও জনগণ এর উপযুক্ত জবাব দেবে।
তিনি বলেন, ‘অতীতে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও রয়েছে। আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায়…ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়।’
শনিবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
ষড়যন্ত্র করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একাত্তরের মতো, নব্বইয়ের মতো, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও দাঁতভাঙা জবাব দিতে চাই।’
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে মানুষ জীবন উৎসর্গ করে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্র রক্ষার দিবস পালনেরও আহ্বান জানান তিনি।
নয়াপল্টনে জড়ো হওয়া হাজারো নেতাকর্মীর সমর্থন চেয়ে তিনি প্রশ্ন করেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা বারবার করতালি দিয়ে সাড়া দেন।
বাংলাদেশের ভেতরে কিংবা বাইরে, যেখানেই ষড়যন্ত্র হোক না কেন, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, বিশেষ করে গণতন্ত্রে বিশ্বাসী মানুষসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, ‘৭ নভেম্বর জাতীয় ঐক্যের দিন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। এটি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার দিন।’
বক্তব্যের শেষে তারেক রহমান উপস্থিত জনতাকে নিয়ে স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধারই করেনি, স্বৈরাচারী শক্তি ও ষড়যন্ত্রকারীদেরও বিতাড়িত করেছে।
তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর পরাজিত শক্তিগুলো ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানেও পরাজিত হয়েছে।
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করা, ১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লব ঘটানো এবং ২০২৪ সালে গণঅভ্যুত্থান সংঘটিত করা এ দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।’
২১ দিন আগে
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রায় হাজারো মানুষ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সার্বভৌমত্ব শোভাযাত্রা’ র উদ্বোধন করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত বিএনপির হাজারো নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড।
অনেকের মাথায় ছিল রঙিন টুপি এবং গায়ে দলীয় প্রতীক ও স্লোগানসংবলিত টি-শার্ট। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আবদুস সালাম, খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান ও হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিউর ইসলাম রুমন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে ব্যানার ও ফেস্টুনসহ শোভাযাত্রায় যোগ দেন। তার সঙ্গে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি।
২১ দিন আগে
অধিকার হরণ ও পরাধীনতা ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া কিংবা বাংলাদেশকে আবারও পরাধীন রাষ্ট্রে পরিণত করার সুযোগ কাউকে না দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘ভবিষ্যতে আর কেউ যাতে দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আমাদের এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্য প্রয়োজন বলেও জানান তিনি।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি সিপাহি-জনতার ৭ নভেম্বরের বিপ্লবকে জাতীয় ঐক্যের বাতিঘর হিসেবে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশের আর্থসামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্য বজায় রাখতে সিপাহি-জনতার ৭ নভেম্বরের বিপ্লবের চেতনা ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, দেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে তরুণসমাজ প্রমাণ করেছে, বাংলাদেশের স্বার্থের প্রশ্নে তারা কখনও আপস করেনি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি সময়েই তরুণ প্রজন্ম দেশের স্বার্থে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জন ঐতিহাসিক গৌরবের বিষয়। তবে এর মর্যাদা রক্ষা করা এবং স্বাধীনতাকে অর্থবহ করে তোলা প্রতিটি প্রজন্মের দায়িত্ব, বিশেষ করে তরুণ প্রজন্মের।
তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মের দায়িত্ব হলো স্বাধীনতার মূল মন্ত্রকে ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে আত্মনিয়োগ করা।’
তরুণদের পূর্ণ সম্ভাবনা বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
২১ দিন আগে
রবিবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯৭৫ সালের ‘সামরিক অভুত্থানের’ স্মরণে রবিবার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করবে।
১৯৭৫ সালের এই দিনে রাজনৈতিক গোলযোগের সময় সিপাহী-জনতা এক হয়ে তৎকালীন বন্দি সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে মুক্ত করে, যার ফলে তার ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হয়।
বিএনপি এই দিবসটিকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছেন। দিবসটি সফলভাবে আয়োজনে করণীয় বিষয়ে আলোচনার জন্য শনিবার রাজধানীর মহানগর নাট্য মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করেছিল দলটি।
আরও পড়ুন:দেশের মানুষ না খেয়ে থাকার অবস্থায় পৌঁছেছে: বিএনপি
কর্মসূচির অংশ হিসাবে রবিবার (৭ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সাথে সকাল ১১টায় নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এছাড়া, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর মতো বিভিন্ন কর্মসূচির আয়োজন করবে।
বিএনপি ও তাদের জোট সঙ্গীরা ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে বিবেচনা করে ‘মুক্তিযোদ্ধা হত্যা’ দিবস হিসেবে। আর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দিনটি সিপাহী-জনতার বিপ্লব হিসেবে পালন করে।
আরও পড়ুন:শুধু নিরপেক্ষ সরকারের অধীনে গণতান্ত্রিক দল নির্বাচনে অংশ নেবে: বিএনপি
ঢাকা এখন বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত হয়েছে: বিএনপি
১৮৪৭ দিন আগে