বাংলাদেশ কোস্ট গার্ড
বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে জীবিত উদ্ধার
বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে তাদের উদ্ধার করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর আটজন জেলে একটি ট্রলার নিয়ে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণ করছিলেন। এ সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে।
পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ট্রলারের এক জেলে ট্রলার মালিককে মোবাইল ফোনে বিষয়টি জানান। এরপর ট্রলার মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের সহায়তা চান।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তথ্য পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড কোকিলমনি স্টেশন উদ্ধার অভিযান শুরু করে। সে সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারসহ আট জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।
পরে উদ্ধার জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। ট্রলারসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১১ দিন আগে
মিয়ানমারে পাচারকালে সীতাকুণ্ড থেকে ৩০ হাজার কেজি সার জব্দ
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকা থেকে সারসহ তাদের আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের ভাটিয়ারী স্টেশন। অভিযানের সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।
অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ ও দুজনকে আটক করা হয়েছে জানিয়ে কোস্ট গার্ড বলেছে, জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১০ সেপ্টেম্বর একই এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। ওই চালানে ৩৫ হাজার কেজি সার ছিল, যার আনুমানিক মূল্য ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা। সে সময়ও তিনটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তারা।
১১ দিন আগে
ভারত থেকে দেশে ফিরেছেন ৯১ মৎস্যজীবী
সরকারের কূটনৈতিক উদ্যোগে ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
শনিবার (৬ জুন) বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্রসীমায় বাংলাদেশ কোস্ট গার্ড, ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার ট্রলারসহ ৯১ জন মৎস্যজীবীকে গ্রহণ করে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুসরণ করা হলে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার সবসময় সহায়তা দিয়ে থাকে।
মৎস্যজীবীদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১২০ দিন আগে
জনসেবা, নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের সেবা করা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং দুর্যোগের সময় সবসময় মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে এ নির্দেশনা দেন তিনি।
এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছাবিনিময় করেন এবং দেশের সামুদ্রিক ও উপকূলীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের দেশপ্রেম, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চল ও নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন এবং দুর্যোগকালীন উদ্ধার তৎপরতায় বাহিনীর অবদানের কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে মহাপরিচালক কোস্ট গার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি ধরে রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
২১৭ দিন আগে
স্থানীয়ভাবে তৈরি কোস্ট গার্ডের অত্যাধুনিক ৫ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বাংলাদেশ কোস্ট গার্ডের স্থানীয়ভাবে তৈরি পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশনিং করেছেন, যা সামুদ্রিক আইন প্রয়োগকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে।
জাহাজগুলো হলো- 'বিসিজিএস অপূর্ব বাংলা' ও 'বিসিজিএস জয় বাংলা' নামে দুটি টহল জাহাজ, 'বিসিজিটি প্রত্যয়' ও 'বিসিজিটি প্রমত্ত' নামে দুটি টাগবোট এবং 'বিসিজিএফসি শক্তি' নামে একটি ভাসমান ক্রেন।
প্রধানমন্ত্রী এখানে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের কোস্ট গার্ড পতেঙ্গা বার্থে জাহাজগুলোর উদ্বোধন করেন।
আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারায়ণগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের তৈরি দুটি টহল জাহাজ এবং খুলনা শিপইয়ার্ড দুটি টাগবোট ও ভাসমান ক্রেনটি তৈরি করেছে।
নতুন জাহাজগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি, সেন্সর এবং নজরদারি রাডার সংযুক্ত রয়েছে। উপকূলীয় টহল জাহাজে তিনটি স্বয়ংক্রিয় কামান রয়েছে, যা আমাদের নিজেদের সুরক্ষা এবং অপারেশনাল কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাহাজগুলোর নজরদারি ক্ষমতা ৯৬ নটিক্যাল মাইল এবং কামানের পরিসীমা চার কিলোমিটার। জাহাজগুলো এই পরিসীমার মধ্যে অন্যান্য জাহাজ, অপরাধী বা শত্রুদের মতো যে কোনো বিষয় শনাক্ত করতে সক্ষম এবং কামানগুলো কোস্ট গার্ডকে অপারেশনাল কার্যক্রম মসৃণভাবে পরিচালনা করতে সহায়তা করবে।
কমিশনিং অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বক্তৃতা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
আরও পড়ুন: ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তির আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড সফর সম্পর্কে বুধবার সাংবাদিকদের ব্রিফ করবেন
১২০৩ দিন আগে
ভোলার চর পাতিলা থেকে ১১০ জনকে আশ্রয়কেন্দ্রে নিয়েছে বিসিজি
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ চর পাতিলা থেকে সোমবার ১১০ জনকে সরিয়ে নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
দুটি অভিযানে বিসিজি সদস্যরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রতিকূল আবহাওয়ার মধ্যে সেখান থেকে তাদের উদ্ধার করে।
কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলা করার জন্য ও এর ক্ষয়ক্ষতি কমানোর জন্য বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনে বিসিজি ফাঁড়ির চর মানিকার উদ্ধারকারী দল দুই ধাপে আটকে পড়াদের উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করে।
আরও পড়ুন: প্রভাব ফেলতে শুরু করেছে সিত্রাং
তাদের সবাইকে দক্ষিণ আইচা গণস্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
বিসিজি পূর্ব জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কাজী আল আমিন জানান, দুর্যোগ পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের উদ্ধারকারী দলও প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে ৯কোটি টাকার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস কোস্টগার্ডের
ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত
১৪৪২ দিন আগে
বঙ্গোপসাগরে আটকা পড়া ৭ জেলে উদ্ধার
বঙ্গোপসাগরে আটকা পড়া সাত জেলেকে উদ্ধার করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।
মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ডের সদরদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘এমভি মায়ের দোয়া’ নামে একটি নৌকা ২১ ডিসেম্বর সাত জেলেসহ মাছ ধরতে কক্সবাজার থেকে ছেড়ে যায়।
২৬ ডিসেম্বর রাত ১০টার দিকে নৌকার ইঞ্জিন বিকল হয়ে এটি সোনাদিয়া দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল পশ্চিমে আটকা পড়ে।
পরের দিন ৬টার দিকে নৌকার মাঝি কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং সহযোগিতা চান।
তাদের ডাকে সাড়া দিয়ে কোস্ট গার্ডের কক্সবাজার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার নৌকা থেকে সাত জেলেকে উদ্ধার করে। উদ্ধার করা জেলেদের কক্সবাজারে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
তিনি জানান, উদ্ধার করা জেলে ও মাছ ধরার নৌকাটি পরে নৌকার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগর থেকে ১৩ জেলে উদ্ধার
সুন্দরবনে বাঘের হামলায় নিহত জেলের মরদেহ উদ্ধার
১৭৪২ দিন আগে