খসড়া আইন
সরকারি ক্রয়ে স্বচ্ছতা বাড়াতে সংশোধিত আইনের খসড়ায় মন্ত্রিসভার অনুমোদন
সরকারি ক্রয়ে আরও স্বচ্ছতা, জবাবদিহি, সমান আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৬তম বৈঠকে খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের বিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
সরকারি ক্রয়ের প্রধান আইনি কাঠামো হিসেবে ব্যবহৃত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এ পর্যন্ত ছয়বার সংশোধন করা হয়েছে।
সর্বশেষ ২০২৬ সালের ২১ সেপ্টেম্বর জারি করা পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর মাধ্যমে আইনটি সংশোধন করা হয়।
দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা ও ক্রয় কার্যক্রমে আরও বেশি প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী বিধান যুক্ত করতে অধ্যাদেশটি জারি করা হয়েছিল।
প্রস্তাবিত সংশোধনীতে সরকারি ক্রয় কার্যক্রমে নতুন, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র, নারী এবং সুবিধাবঞ্চিত দরপত্রদাতাদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও ন্যায্যভাবে সম্পদের বণ্টন নিশ্চিত করতে উন্মুক্ত দরপত্র পদ্ধতির প্রক্রিয়া আধুনিকায়ন এবং সীমিত দরপত্র পদ্ধতির প্রয়োগ বাড়ানোর প্রস্তাবও রয়েছে এতে।
পেশাগত অসদাচরণ-সংক্রান্ত বিধানগুলো স্পষ্ট করা এবং রাষ্ট্রের জরুরি প্রয়োজন মেটাতে বিকল্প ক্রয়ব্যবস্থা চালুর লক্ষ্যও রয়েছে খসড়া আইনে।
পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬-এর খসড়াটি জনমত যাচাইয়ের জন্য বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।
সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী ৯৩(১) অনুচ্ছেদের আওতায় কোনো অধ্যাদেশ জারির পর অনুষ্ঠিত সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপন করতে হয়।
আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগের যাচাই-বাছাইয়ের শর্তে খসড়া আইনটিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৩ দিন আগে
ইসি গঠনের বিষয়ে খসড়া আইন মন্ত্রিসভায় অনুমোদন
‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ খসড়া আইনের অনুমোদন দেয়া হয়।
সভার পর সচিবালয়ে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার নিয়োগ দেয়ার বিষয়ে খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন আজ দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত আইন অনুযায়ী, নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন করা হবে।
তিনি বলেন,‘সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি রাষ্ট্রপতির কাছে উপযুক্ত প্রার্থীর নাম সুপারিশ করবে।’
আরও পড়ুন: নাসিক নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে: সিইসি
এ অনুসন্ধান কমিটি ছয় সদস্য বিশিষ্ট হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এর প্রধান হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি।
অন্য সদস্যরা হবেন-প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও রাষ্ট্রপতি মনোনীত দু’জন ব্যক্তি।
সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারের যোগ্যতার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাদের ন্যূনতম ৫০ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হতে হবে এবং সরকারি, আধা-সরকারি, বেসরকারি বা বিচারিক পদে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রস্তাবিত আইনটি আইনে পরিণত হতে বেশি সময় লাগবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন আনোয়ারুল ইসলাম।
বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার মাত্র এক মাস আগেই এ ধরনের পদক্ষেপ নেয়া হলো। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পূর্ণ হবে।
আরও পড়ুন: ইসি নিয়ে সংলাপ: ৩ দফা দাবি গণফোরাম ও বিকল্পধারার
ইসি নিয়ে সংলাপ: রাষ্ট্রপতির সঙ্গে ইসলামী ফ্রন্ট ও জমিয়তে উলামায়ের বৈঠক
১৭৬৪ দিন আগে