যমজ শিশু
দারিদ্র্যে আটকে আছে জয়নব ও উম্মে কুলসুমের নতুন জীবনের স্বপ্ন
কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেওয়া জোড়া লাগা যমজ কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুমের নতুন জীবনের স্বপ্ন এখন দারিদ্র্যের মাঝে আটকে আছে। বুক থেকে পেট পর্যন্ত একসঙ্গে যুক্ত এই দুই শিশুকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার সম্ভাবনা দেখছেন চিকিৎসকেরা। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যয় বহনের সামর্থ্য না থাকায় তাদের ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। অসচ্ছল পরিবারটি এখন সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতার আশায় দিন গুনছেন।
দূর থেকে দেখলে মনে হবে সাধারণ দুই কন্যাশিশু। কিন্তু কাছে গেলেই চোখ আটকে যায়—বুক থেকে পেট পর্যন্ত একসঙ্গে জোড়া লাগানো যমজ বোন জয়নব ও উম্মে কুলসুম। জন্মের পর থেকেই তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি নড়াচড়া যেন একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। একজন কাঁদলে অন্যজনও কেঁদে ওঠে, একজন নড়লে অন্যজনও ব্যথায় কুঁকড়ে যায়।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় এই বিরল যমজ শিশুর।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা আশা দিয়েছেন যে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে তার আগে প্রয়োজন একাধিক পরীক্ষা-নিরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিয়মিত চিকিৎসা। জন্মের তিন মাস পর আবার ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও চরম আর্থিক সংকটের কারণে এখনও পরিবারটির পক্ষ থেকে তা সম্ভব হয়ে ওঠেনি।
শিশুদের বাবা নাহিদ হাসান একসময় রাজধানীতে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত। মাসে মাত্র ৯ থেকে ১০ হাজার টাকা আয়ে কোনোমতে সংসার চালাতে হয় তাকে। এরই মধ্যে শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ঋণের বোঝাও বেড়েছে।
কান্নাজড়িত কণ্ঠে নাহিদ হাসান বলেন, ‘ডাক্তাররা আশা দিয়েছেন, আমার মেয়েদের আলাদা করা সম্ভব, কিন্তু সেই চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার নেই। এখন তাদের দুধ কেনার টাকাই জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে।’
মা সানজিদা আক্তার বলেন, ‘ওদের আলাদাভাবে কোলে নেওয়া যায় না। একজন একটু নড়লেই অন্যজন কষ্ট পায়। চিকিৎসার জন্য নিয়মিত ঢাকায় যেতে হবে, কিন্তু যাতায়াত ও পরীক্ষার খরচ জোগানোর সামর্থ্য আমাদের নেই।’
তাদের স্বজন মাহতাব উদ্দিন বলেন, ‘এই দুই শিশুকে বাঁচাতে হলে সরকার, সমাজের বিত্তবান মানুষ এবং মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা জরুরি। সবার সহযোগিতা পেলে হয়তো ওরা স্বাভাবিক জীবন ফিরে পাবে।’
স্থানীয় চিকিৎসকদের মতে, জোড়া লাগা যমজ শিশু জন্ম নেওয়া অত্যন্ত বিরল একটি জন্মগত অবস্থা। আধুনিক চিকিৎসায় সফল অস্ত্রোপচারের সম্ভাবনা থাকলেও এর জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতি, অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত পরবর্তী চিকিৎসা শুরু করা জরুরি। যথাসময়ে পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকলে শিশু দুটির চিকিৎসার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে।’
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, ‘শিশু দুটির চিকিৎসায় উপজেলা সমাজসেবা দপ্তরের মাধ্যমে দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার বিষয়েও আমরা কাজ করছি।’
দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা এই পরিবারের এখন একটাই স্বপ্ন—জয়নব ও উম্মে কুলসুম একদিন আলাদা দুটি স্বাভাবিক জীবন পাবে। সেই স্বপ্ন বাস্তবায়নে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা হতে পারে নিষ্পাপ এই শিশু দুটির নতুন জীবনের সবচেয়ে বড় আশার আলো।
১৬ দিন আগে
দুই যমজ শিশুকে হত্যার অভিযোগে শ্রীনগরে বাবা-মা আটক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিবন্দি গ্রামে রাতে পানিতে ডুবিয়ে ৭ মাস বয়সী দুই যজম শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে বিবন্দীর একটি পুকুর থেকে লামিয়া ও সামিহা নামের ওই দুই শিশুকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জন্য শিশুদুটির বাবা-মা একে অপরকে দায়ী করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুজনকেই আটক করে থানায় নিয়েছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা থানা পুলিশের।
স্থানীয়রা জানান, বিবন্দী গ্রামের দিনমজুর সোহাগ শেখের (২৮) সঙ্গে প্রায় দুই বছর আগে উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের শাহ আলমের মেয়ে শান্তার (২৪) বিয়ে হয়। ৫ মাস আগে শান্তা যমজ কন্যা সন্তান প্রসব করেন। সন্তান হওয়ার পর থেকে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। এর জেরে শান্তা সন্তানদের নিয়ে বাবার বাড়িতে গিয়ে থাকতেন। তবে সম্প্রতি তিনি স্বামীর বাড়িতে আসেন।
সবশেষ গতকাল (সোমবার) রাত ৮টার দিকে সোহাগের ঘর থেকে হট্টোগোলের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে জানতে পারেন, বেশ কিছুক্ষণ আগে লামিয়া ও সামিহাকে বাড়ির পাশের পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়ছে। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে শিশুদুটিকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ছুটে যান সোহাগও। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিলেটের টিলাগড়ে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, আটক ২
এ ঘটনায় শান্তা বেগমের অভিযোগ, সোহাগ ঘর থেকে দুই মেয়েকে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে দেন। আর সোহাগের অভিযোগ, তার স্ত্রীই পানিতে ফেলে দিয়ে মেয়েদুটিকে হত্যা করেছে।
শিশুদুটির চাচা সাকিব শেখ বলেন, ‘রাত ৮টার দিকে হঠাৎ সোহাগের ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ শুনে এগিয়ে গেলে শান্তা জানায়, তার স্বামী বাচ্চাদের পুকুরে ফেলে দিয়েছে। সে সময় সোহাগকে আমি ঘরে দেখতে পাইনি। পরে আমি দৌড়ে পুকুরে গিয়ে দেখি উপুড় হয়ে তারা পানিতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে পানিতে নেমে তাদের উঠিয়ে হাসপাতালে নিয়ে যাই।’
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিনথিয়া নূর বলেন, ‘দুই শিশুরই পেটভর্তি পানি ছিল। পানি থেকে তোলার আগেই হয়তো তাদের মত্যু হয়েছে।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমূল হুদা খান জানান, স্থানীয়ভাবে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৪০৪ দিন আগে
খুলনায় মায়ের পাশে ঘুমন্ত যমজ শিশুর লাশ মিলল পুকুরে
খুলনার তেরখাদায় দুই মাস বয়সের জমজ কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুশলা গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনি ও মুক্তা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের মাসুম বিল্লাহর মেয়ে।
আরও পড়ুন: শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাতে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাসুম কাজী জানান, তেরখাদার কুশলা গ্রামে আবদুল খায়ের শেখ মেয়ে কণা খাতুনকে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে বিয়ে হয়। কয়েকদিন আগে দুই মেয়ে শিশুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন কণা খাতুন। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন কণা খাতুন। ঘণ্টাখানেক পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তার চিৎকারে বাড়ির অন্য সবাই জেগে উঠেন এবং শিশু দুটিকে খোঁজাখুঁজির পরে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম জানান, বাচ্চা দু’টি একই সঙ্গে মারা যাওয়ার বিষয়টি বেশ রহস্যজনক। পরিবারের লোকজনের ব্যবহার সন্দেহজনক। বাচ্চা দু’টির বয়স দু’মাস ১১ দিন।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
তিনি বলেন, তারা তো রাতে হেটে পুকুরে যায়নি। তাদের পুকুরে ফেলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। কারও আচরণে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
১৬৪০ দিন আগে